হতাশাই প্রাপ্তি কাকার
চার বছর আগের বিশ্বকাপে তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। এবার ছিলেন ব্রাজিলের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে। পেয়েছেন কেবল হতাশা। বিশ্বকাপে কাকার প্রাপ্তি অবশ্য আছে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। কিন্তু সেই বিশ্বকাপ জয়ের পেছনে কাকার অবদান কতটুকু ছিল শুনবেন? সেবার বদলি খেলোয়াড় হিসেবে মাত্র ২০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার!চোট কাটিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিলেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার কাকা। তবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যাঁকে ঘিরে আবর্তিত হচ্ছিল ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন, সেই কাকা ছিলেন নিষ্প্রভ। প্রতি ম্যাচেই একটু একটু করে উন্নতি করেছেন, তবে সেই উন্নতি দলকে ওপরে তুলে ধরার মতো যথেষ্ট ছিল না।ফর্মহীনতাই কেবল নয়, কাকা এবার গায়ে লাগিয়েছেন লাল কার্ডের ‘কলঙ্ক’। আইভরিকোস্টের বিপক্ষে সেই ম্যাচে কাকার লাল কার্ড নিয়ে বিতর্ক থাকলেও যেকোনো ফুটবলপ্রেমীই বলবেন, তাঁর মতো তারকার কাছে মারমুখী আচরণ প্রত্যাশিত নয়। যিনি বছরের পর বছর নিজেকে আদর্শ ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তিনি কেন প্রতিপক্ষের ফুটবলারদের আঘাত করতে যাবেন?ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে স্বীকার করে নিয়েছেন কাকা, ‘আমি বুঝতে পারছি না, কোথায় সমস্যা হচ্ছে। এটা আমার জন্য খুব কঠিন সময়, একইভাবে আমার ক্যারিয়ারের জন্যও।’ গোল করে দলকে বিশ্বকাপ এনে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ভাগ্যদেবতা একবারের জন্যও তাঁর দিকে মুখ তুলে তাকাননি। গতকাল গোল পেতে গিয়েও পাননি। তাঁর অসাধারণ একটি শট ঠেকিয়ে দিয়েছেন হল্যান্ডের গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গ। ব্রাজিলের বিদায়ের পর হতাশায় কাকা বলছেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। দলকে বিশ্বকাপ এনে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি চূড়ান্তভাবে হেরে গেছি!’