হতাশাই সঙ্গী সুইসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানিয়ে দিয়েছিল, প্রথাগত কাউন্টার অ্যাটাক-নির্ভর ফুটবল নয়, এই ম্যাচে তারা গোলের জন্য ঝাঁপিয়ে পড়বে। সুইজারল্যান্ড খেলেছেও তেমন, ১৭টি শট নিয়েছে গোলে। কিন্তু হন্ডুরাসের গোলমুখ খুলতে পারেনি। প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে ফুটবল-বিশ্বকে চমকে দেওয়া সুইজারল্যান্ডকে তাই বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই। আর হতাশাজনক এক বিশ্বকাপের শেষটা করেছে হন্ডুরাস সান্ত্বনার একটি পয়েন্ট পেয়ে।সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফেল্ডের ধারণা, ‘জিততেই হবে’ চাপটাই তাদের জিততে না পারার কারণ, ‘আমরা পারিনি, কারণ, চাপটা খুব বেশি ছিল। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে আমাদের দুই গোলের ব্যবধানে জিততে হতো, এটা গোটা দলকে নার্ভাস করে তুলেছিল। দলের জন্য এই চাপটা ছিল বড় একটি বোঝা এবং ম্যাচের সময় যত গড়িয়েছে, এই বোঝা আরও ভারী হয়েছে।’ গত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল সুইজারল্যান্ড, এবার দারুণ শুরুর পরও ব্যর্থ হলো। সুইজারল্যান্ডের জার্মান কোচ তাই ছিলেন ভীষণ হতাশ, ‘আমি সত্যিই খুব হতাশ, কারণ, দল নিয়ে আমার অনেক বড় লক্ষ্য ছিল। স্পেনকে হারিয়ে অবিশ্বাস্য একটা শুরুর পর দ্বিতীয় রাউন্ডে ওঠাটা অনেক সহজ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা তা পারলাম না।’ এএফপি।