হতাশাতেই শেষ সাঁতার
শেষবেলায় একটু উত্তেজনা। করতালি আর চিত্কারে সুইমিংপুল ফাটিয়ে ফেলা দর্শকেরাই পারলে নেমে যান পানিতে! তবু যদি একটা সোনা আসে। এল না। আশা জাগিয়েও এসএ গেমস সাঁতারের শেষ ইভেন্টে বাংলাদেশ পেল রুপা। পুরুষদের ৪১০০ মিটার মিডলে রিলেতে পাওয়া এই রুপা ছাড়াও শেষ দিনে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুপা পেয়েছেন বাংলাদেশের শাহজাহান আলি রনি।৪১০০ মিটার মিডলে রিলের শুরুতে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। এরপর ভারত, তার পেছনে বাংলাদেশের সাঁতারু। শুরুর এই চিত্র শেষ পর্যন্ত পুরোই বদলে গেছে। ৩ মিনিট ৫৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের সাঁতারুরা। বাংলাদেশের কামাল হোসেন, রুবেল রানা, জুয়েল আহমেদ ও মাহফিজুর রহমানের রুপা এসেছে ৪ মিনিট ০.৩৯ সেকেন্ডে। ৪ মিনিট ৭.০৪ সেকেন্ড সময় নিয়ে শ্রীলঙ্কা পেয়েছে ব্রোঞ্জ।এর আগে অসুস্থ শরীরেও ৩১.০৪ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুপা জিতেছেন রনি। এই ইভেন্টের ব্রোঞ্জও বাংলাদেশের, ৩১.০৫ সেকেন্ডে সেটা পেয়েছেন কামাল। আর ৩০.০৪ সেকেন্ড সময় নিয়ে ভারতের অর্জুন জয় প্রকাশ শুধু সোনাই জেতেননি, গড়েছেন এসএ গেমসের নতুন রেকর্ডও। মেয়েদের ৪১০০ মিটার মিডলে রিলেতে ৪ মিনিট ৫৫.৯৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের সবুরা খাতুন, ডলি আক্তার, মাহফুজা খাতুন ও সোনিয়া আক্তার। ৪ মিনিট ৪১.৫৫ সেকেন্ড সময় নিয়ে সোনা ভারতীয় সাঁতারুদের, ৪ মিনিট ৫৫.২৪ সেকেন্ডে শ্রীলঙ্কা জিতেছে রুপা। মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে বাংলাদেশের সবুরা হয়েছেন পঞ্চম। ভারত সোনা-রুপা দুটোই এবং শ্রীলঙ্কা জিতেছে ব্রোঞ্জ।গেমস শুরুর আগে ৩টি সোনার সম্ভাবনার কথা বলা হলেও সাঁতারে আসেনি একটিও। বাংলাদেশের সর্বোচ্চ সোনা পাওয়ার গেমসে এই হতাশা কোথায় রাখবে সাঁতার ফেডারেশন?