হতাশায় প্রলেপ বিশ্বকাপ-স্বপ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইল মিলস ৩৪ বছর বয়সেও খেলে যাচ্ছেন নিশ্চিতভাবেই দেশের মাটিতে আগামী বিশ্বকাপকে ‘পাখির চোখ’ করে। কিন্তু বিশ্বকাপটা এভাবেই মাথায় ঢুকিয়ে নিয়েছেন যে, তাঁর কাছে সবকিছুর শেষ কথা ওই বিশ্বকাপ!

স্পিনার কম নিয়ে আসার পেছনে ওই বিশ্বকাপকে যুক্তি দেখিয়ে হাসির খোরাক জুগিয়েছেন দ্বিতীয় ম্যাচ শেষে। কাল আবারও তাঁর ঢাল বিশ্বকাপ। কিছুদিন আগেই ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে হারানো নিউজিল্যান্ডের জন্য বাংলাদেশের কাছে ধবলধোলাই নিশ্চিতভাবেই দুই ধাপ সামনে এগিয়ে তিন ধাপ পেছনে যাওয়া। কিন্তু মিলস মানতেই নারাজ। বিশ্বকাপ তো আর বাংলাদেশে হবে না! সেটা মনে করিয়ে দিয়ে বাংলাদেশকে একটা খোঁচাও দিলেন, ‘ওয়ানডেতে আমরা যথেষ্টই ভালো। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানো সহজ নয়। উপমহাদেশে হয়তো খানিকটা সমস্যা আছে। কিন্তু ভুলে গেলে চলবে না পরের বিশ্বকাপটা হবে আমাদের পরিচিত দ্রুতগতির বাউন্সি উইকেটে। বাংলাদেশ দলের চেয়ে ওই কন্ডিশন আমাদেরই বেশি উপযোগী হবে।’

প্রবল হতাশাবোধে লোকে অনেক সময়ই যুক্তি-টুক্তি হারিয়ে ফেলে। আরেক দফা ধবলধোলাইয়ে নিউজিল্যান্ড শিবিরে হতাশাটা যে আসলেই প্রবল, সেটি লুকাননি ম্যাককালামের বদলে নেতৃত্ব দেওয়া মিলস, ‘আমরা খুবই হতাশ, শুধু আজকের হারে নয়, সিরিজের ফলাফলেও। ৩-০-তে হারা প্রচণ্ড হতাশার। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, সত্যিই অসাধারণ খেলেছে তারা।’

তিন বছর আগে ধবলধোলাই হওয়ার ম্যাচে নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন দলকে। কিন্তু শেষ ওভারে রুবেলের ইয়র্কারে বাঁচাতে পারেননি স্টাম্প। এড়াতে পারেননি লজ্জা। এবার ধবলধোলাইয়ের ম্যাচে তাঁর কাঁধে ছিল আরও গুরুভার। দলকে নেতৃত্ব দেওয়া। এবারও তিনি ব্যর্থ। বোলার হিসেবে ব্যর্থ, অধিনায়ক হিসেবে ব্যর্থ। মিলস অবশ্য হতাশাটা ভাগাভাগি করে হালকা হতে চাইলেন, ‘বারবার এই অভিজ্ঞতা অবশ্যই ভালো কিছু নয়। তবে শুধু আমার জন্য নয়, সব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, সবার জন্যই ভীষণ হতাশার।’

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম দুবারের ধবলধোলাই আনন্দের তুলনা করলেন। আর মিলসকে তুলনা করতে হলো দুবারের হতাশার, ‘গতবারের হতাশাটা কাটিয়ে উঠেছিলাম। এবারেরটা তো এখনো তরতাজা। গতবার আমরা ভেবেছিলাম সহজেই জিতে যাব। এবার অনেকটাই চিন্তিত ছিলাম। আখেরে তাতেও লাভ হলো না। তবে এই সিরিজ থেকেও অনেক ইতিবাচক কিছু বয়ে নিয়ে যাচ্ছি আমরা।’

সিরিজ থেকে এটাও বাংলাদেশের আরেকটা প্রাপ্তি! একসময় যেকোনো সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ককে যেমন আঁতিপাঁতি করে ‘পজিটিভ’ খুঁজতে হতো, মিলসও কাল তাই করলেন। কী আশ্চর্য, বেশ কিছু ‘ইতিবাচক’ দিক আবিষ্কারও করে ফেললেন!

বাংলাদেশের ৩০০ পেরিয়ে জয়

স্কোর (ওভার)     লক্ষ্য     বিপক্ষ     ভেন্যু        সাল

৩১৩/৬ (৪৭.৫)         ৩১৩  জিম্বাবুয়ে     বুলাওয়ে        ২০০৯

৩০৯/৬ (৪৯.২)  ৩০৮ নিউজিল্যান্ড  ফতুল্লা       ২০১৩

ধবলধোলাইয়ের আট সিরিজ

ফল     বিপক্ষ     স্বাগতিক  সাল

৪-০   কেনিয়া      বাংলাদেশ    ২০০৬

৩-০   কেনিয়া      কেনিয়া      ২০০৬

৫-০      জিম্বাবুয়ে      বাংলাদেশ    ২০০৬

২-০      স্কটল্যান্ড      বাংলাদেশ    ২০০৬

৩-০      আয়ারল্যান্ড      বাংলাদেশ    ২০০৮

৩-০   ওয়েস্ট ইন্ডিজ      ওয়েস্ট ইন্ডিজ      ২০০৯

৪-০      নিউজিল্যান্ড      বাংলাদেশ    ২০১০

৩-০     নিউজিল্যান্ড     বাংলাদেশ  ২০১৩