হতাশার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
যতই ভালো শুরু হোক না কেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যেন নিয়তিই হয়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া। ২০০৬ ও ২০০৮-এর পর এবারও শেষ আটেই থেমে গেছে বাংলাদেশের অভিযান। খেলাটা অস্ট্রেলিয়ায় বলে ঈদের আনন্দ দেশের মতো উপভোগ্য হওয়ার কথা ছিল না। তবে আনন্দ-উত্সব সেখানে যতটুকুই থাকুক, হতাশার বাষ্প হয়ে সেটিকেও ভারাক্রান্ত করেছে টাউন্সভিলের বাতাস। ঈদের আগের দিন কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫ উইকেটে হার। ঈদের পরদিন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড যুবদলের কাছে হার ৪ উইকেটে। যুব বিশ্বকাপের শেষ ম্যাচগুলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ‘উপহার’ দিচ্ছে শুধু হতাশা।অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯-এর বিপক্ষে হারের একটা কারণ হতে পারে আম্পায়ারের বাজে সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া থেকে দলীয় সূত্র জানিয়েছে, ওই ম্যাচে ৯ রান করা অধিনায়ক আনামুলের কটবিহাইন্ড এবং ওপেনার লিটন দাসের (২২) রানআউটের সিদ্ধান্ত ছিল বিতর্কিত। এ ছাড়া অস্ট্রেলিয়া যুবদলের এক ব্যাটসম্যানের নিশ্চিত রানআউটও নাকি দেননি আম্পায়ার। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়কের দেওয়া রিপোর্টে এসব নিয়ে অভিযোগ রয়েছে বলে জানা গেছে।অথচ লিটন দাস আর সৌম্য সরকারের ৬৪ রানের উদ্বোধনী জুটিতে ভালোই শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। বিপর্যয়ের শুরু লিটনের বিতর্কিত রানআউটে। পরের ৬৪ রানের মধ্যে পড়ে গেছে ৭ উইকেট। ১২০ থেকে ১২৮-এর মধ্যেই ফিরেছেন চার ব্যাটসম্যান। ওপেনার সৌম্য সরকারের ৮০ বলে ৭৩ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ মাত্র ২২, আরেক ওপেনার লিটনের। অতিরিক্ত ২১ রান তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশের ৪৩ ওভারে করা ১৭১ রানের জবাবে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায় ৪৫.৫ ওভারেই। তাসকিন-জায়েদের বোলিংয়ের সামনে ৩৩ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক বসিস্টো (৭১*) ও হেডের (৪৪) পঞ্চম উইকেট জুটির ৫৭ রানে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দলের ১০০ রানে হেড ফিরে যাওয়ার পর টার্নারের (২৭*) সঙ্গে ৭২ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে বাকি কাজটা করে দেন অধিনায়কই। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও আবু জায়েদ।লিটনের সেঞ্চুরির পরও পরশু ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯-এর বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের পুঁজিও বড় ছিল না। ৭ উইকেটে ২১৭ রান ১০ বল বাকি থাকতেই ইংলিশরা ম্যাচ জিতে নেয় ৪ উইকেটে। দলের ৯ রানে ওপেনার সৌম্য আউট হলেও দ্বিতীয় উইকেটে লিটন-আনামুলের ১১৩ রানের জুটি ভালো কিছুর সম্ভাবনা জাগিয়েছিল। তৃতীয় উইকেটে লিটন-সালমান (২৬) জুটিতে যোগ হয় আরও ৫০। কিন্তু ১৮৭ রানের মাথায় সালমানের আউটটাই বিপর্যয় নামায়। ২৫ রানের মধ্যে বিদায় সাত ব্যাটসম্যানের! আরও একটা ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আগামীকাল সপ্তম স্থান নির্ধারণী সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।কোচ সারোয়ার ইমরানের দৃষ্টিতে টুর্নামেন্টে সার্বিকভাবে ব্যাটিং ভালো হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে কোনো কোনো জায়গায় এমন কিছু ভুল হয়েছে, যেটি আর কাটিয়ে ওঠা যায়নি। কাল টেলিফোনে হতাশ শোনাল তাঁর কণ্ঠ, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো অবস্থানে ছিলাম। ২৫০-২৯০ রান হওয়া উচিত ছিল। কিন্তু ৩০ থেকে ৪০ ওভার পর্যন্ত খুব বাজে ব্যাটিং হয়েছে। ওটা আর কাটিয়ে ওঠা যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট আমাদের প্রতিকূলে ছিল। তার পরও শুরুটা খারাপ হয়নি। কিন্তু ওদের দুই অফ স্পিনারের সামনে আমরা কিছু করতে পারিনি। সবাই বাজে শট খেলে আউট হয়েছে।’ কোচের দৃষ্টিতে ব্যাটসম্যানদের মূল সমস্যা অভিজ্ঞতার অভাব, ‘আমাদের দলটা এর আগে দেশের বাইরে খুব বেশি ম্যাচ খেলেনি। বিশেষ করে মিডল-অর্ডারে অভিজ্ঞতার অভাব আছে। বাংলাদেশে ভালো খেলোয়াড় হিসেবে যাদের খ্যাতি আছে তারা এখানকার বাউন্সি উইকেটে এসে পারছে না।’হতাশা আছে বোলিংয়েও। স্পিনারদের ওপর অনেক নির্ভরতা থাকলেও অস্ট্রেলিয়ার কন্ডিশন পক্ষে ছিল না তাঁদের। ‘উপমহাদেশে খেলা হলে আমরা হয়তো সবগুলো ম্যাচই জিততাম। কিন্তু এখানে আমাদের স্পিনারদের বল এক সেন্টিমিটারও টার্ন করছে না। নাসুমের বল দেশে কী চমত্কার স্পিন করে, এখানে কিছু হচ্ছে না’—অস্ট্রেলিয়া থেকে বলেছেন কোচ।