ইরাক থেকে দেশে ফিরে কাল যখন বাফুফে ভবনে ঢুকছিলেন ফুটবলাররা, কথা বলার মতো শক্তি ছিল না তাঁদের। ৩৬ ঘণ্টার বিমান ভ্রমণের ক্লান্তি তাঁদের চোখেমুখে, এমনকি কণ্ঠেও। ইরাক যাওয়ার আগে রেনে কোস্টার বলেছিলেন, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। কিন্তু সেরা ৬ রানার্সআপ দলের একটি হয়েও লক্ষ্যপূরণ করা গেল না। এমন ফলে খুশি হওয়া যায় না। তবে অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট একেবারে হতাশও নন, ‘চূড়ান্ত পর্বে যেতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। কিন্তু কোচ বলেছেন, এখানেই সব শেষ নয়। যেকোনো সময় সবাইকে ডাকবেন অনুশীলনের জন্য। ইরাকে পাকিস্তান দলের ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন তিনি। পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে আমাদের।’
কুয়েতকে হারানো একটা বড় সাফল্য। কিন্তু প্রথম ম্যাচে ইরাকের কাছে ৬ গোল খাওয়াটা দলের সামর্থ্যকেই করেছিল প্রশ্নবিদ্ধ। কেন অমন হলো? হেমন্তের ব্যাখ্যা, ‘যুদ্ধবিধ্বস্ত দেশে গিয়ে প্রথম প্রথম খুব ভয় করছিল। কিন্তু আরবিল শহরটা খুব শান্ত। প্রথম দুই দিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব সমস্যা হয়েছিল। ঠান্ডা বাতাসে কাবু হয়ে যাচ্ছিলাম। স্বাগতিক ইরাকের সঙ্গে তাই ভালো খেলতে পারিনি। আর ওরা লম্বা সময় ক্যাম্প করেছে, সবাই পেশাদার লিগে খেলে। ওদের সঙ্গে এমন ফল তাই অপ্রত্যাশিত ছিল না।’ কিন্তু পাকিস্তানের সঙ্গে ড্র হওয়াটা হেমন্তের চোখে দুর্ভাগ্যজনক, ‘আমাদের প্রথম দুটি ম্যাচ হয়েছিল বিকেল ৫টায়। পাকিস্তানের সঙ্গে খেলতে হয়েছে দুপুর ১টার কড়া রোদে। কার্ড সমস্যার কারণে ওই ম্যাচে মেজবাহ আর আমি খেলতে পারিনি। তা ছাড়া প্রচুর সহজ সুযোগ নষ্ট করেছি আমরা। ভাগ্যও সহায় ছিল না। আর কুয়েতের ম্যাচ দেখে ওরা রুবেল, মালেক আর তকলিচকে কড়া পাহারায় রেখেছিল।’
প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র গোলদাতা রুবেল। চূড়ান্ত পর্বে যাওয়া হলো না তাঁর ভীষণই আফসোস হচ্ছে, ‘কুয়েতের সঙ্গে যেভাবে খেলেছিলাম, পাকিস্তানের সঙ্গে তেমন খেলতেই পারিনি। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেছি। এত উত্তেজিত হয়ে পড়েছিলাম, শট করতে গিয়ে দেখি বল আমার পায়ে নেই!’ রুবেল আশাবাদী যে ভবিষ্যতে তাঁরা ভালো করবেন, ‘কোচ আমাদের খুব প্রশংসা করেছেন। জাতীয় দলের কোচ ডি ক্রুইফও আমাদের খেলায় মুগ্ধ। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে চাই।’