হতাশার দিনলিপি
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ আগের তিনবারের চ্যাম্পিয়ন। নিশ্চয়ই এই ম্যাচে হবে শততম সেঞ্চুরিটা? বিশ্বকাপ সেমিফাইনাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে, সময় তো এটাই! স্বপ্নপূরণের বিশ্বকাপ ফাইনাল, এর চেয়ে আদর্শ উপলক্ষ কি হতে পারে? ইতিহাসের ২০০০তম আর দুই দেশের শততম টেস্ট, সেটাও লর্ডসে, এবার নিশ্চয়ই! টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বাঁচানোর ম্যাচ, এবার হতেই হবে... ঘরের মাঠ মুম্বাই, তাহলে এখানেই! ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট...হবে? তাঁর সবচেয়ে পয়মন্ত মাঠের শততম টেস্ট, না হয়ে পারেই না!এবারও যে হয়নি, সেটা অনেকেই দেখেছেন, সবাই জেনেও গেছেন। ২২১.৩৩ ব্যাটিং-গড়ের মাঠ সিডনিতেও সেঞ্চুরি করতে পারলেন না শচীন টেন্ডুলকার। ৮০ করে ফেলেছিলেন, প্রতীক্ষার শেষ বলে মনে হওয়ার এর চেয়েও বড় কারণ কাল প্রথম সেশনের ব্যাটিং। প্রতিটি শটে বিচ্ছুরিত হচ্ছিল আত্মবিশ্বাস। ঝুঁকিহীন কিন্তু আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনে হচ্ছিল, যেন একটা মিশন নিয়ে নেমেছেন। কিন্তু শততম সেঞ্চুরিটা যথারীতি ‘এত কাছে তবু কত দূরে...!’আরও একবার কাছে গিয়ে সেঞ্চুরিটা না পাওয়ার মতোই সমান আলোচনার জন্ম দিল আউট হওয়ার ধরনটাও। ব্যাটিং-বোলিং দুটোই হচ্ছিল তখন দ্বিতীয় নতুন বলের দিকে তাকিয়ে। বোলিং করছিলেন খণ্ডকালীন দুই বোলার মাইকেল ক্লার্ক ও মাইক হাসি। টেন্ডুলকার-লক্ষ্মণ চাইছিলেন সাবধানে ব্যাট করে উইকেট না খোয়াতে, যাতে নতুন বলের মুখোমুখি হতে পারেন দুজন সেট ব্যাটসম্যান। দিনের সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম সবচেয়ে নিস্পৃহ সময়টাতেই। ক্লার্কের ফ্লাইটেড বলটি সামান্য স্পিন করে টেন্ডুলকারের ব্যাটের কানা নিল। হাডিনের গ্লাভসে লেগে বল স্লিপে দাঁড়ানো হাসির হাতে। ক্ষণিকের জন্য মনে হলো, ক্রিকেট-বিধাতার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা চলছে টেন্ডুলকারের!তবে ক্রিকেট-বিধাতাকে অকারণেই টানা হচ্ছে। সিডনির দ্বিতীয় ইনিংসটির কথাই ভাবুন। তিনটি অধ্যায় দেখতে পাবেন ইনিংসটাতে। পরশু বিকেলে ৪২ বলে ৮, অতিরিক্ত সাবধানী ব্যাটিং। শেষ বিকেলে দিনের খেলা শেষের অপেক্ষায় খেলেছেন, সেটা না বোঝা গেল। কাল সকালে চোখ ধাঁধানো সব শট, প্রথম সেশনে ৬২ রান করে ফেললেন মাত্র ৬৭ বলে। মধ্যাহ্নবিরতিতে সেঞ্চুরির ভাবনাটা মাথায় চেপে বসল কি না, কে জানে। আবার খোলসে ঢুকে গেলেন, পরের ৩২ বলে ১০ এবং আউট!তাহলে শততম সেঞ্চুরির সম্ভাবনাটাই কাল হয়ে দাঁড়াচ্ছে বারবার? সেটির সুবাস নাকে এসে লাগতেই নিজের সহজাত খেলা ভুলে যাচ্ছেন টেন্ডুলকার! ক্যারিয়ারে এর চেয়েও বেশি ইনিংস সেঞ্চুরি-খরা কেটেছে। কিন্তু এতটা আলোচনা, গবেষণা কখনোই হয়নি। শততম সেঞ্চুরি বলে কথা! মুখে যতই বলুন ‘ওটা স্রেফ একটা সংখ্যা, ও নিয়ে ভাবছি না’—ভাবনাটা মনে হয় টেন্ডুলকারকে ভালোই পেয়ে বসেছে। ৯৯তম সেঞ্চুরিটার (গত ১২ মার্চ, বিশ্বকাপে) পর ওয়ানডেতে চার ও টেস্টে ১৭—মোট ২১ ইনিংসে আটবার ৫০ পেরিয়েছেন, ৮০ ছুঁয়েছেন চারবার, দুবার নব্বই। আউট হওয়ার হাজারও ক্রিকেটীয় কারণ খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু মনস্তাত্ত্বিক কারণটাকেই এখন সবচেয়ে বড় মনে হচ্ছে। ৫০ ছোঁয়ার পর কখনো অতি-আক্রমণাত্মক, কখনো অতিসাবধানী ব্যাটিংয়ের ব্যাখ্যাও হয়তো এটাই।সৌরভ গাঙ্গুলীর ধারণা, আক্রমণই হতে পারে এই মানসিক বাধা দূর করার সবচেয়ে বড় উপায়। কাল ধারাভাষ্যে বললেন, ‘আমি ওকে অবশ্যই বলব, রক্ষণাত্মক খেলার কথা ভাবলে অন্য খেলা খেলো, ক্রিকেট নয়।’ উপায় নিশ্চয়ই টেন্ডুলকার নিজেই বের করে ফেলবেন। সেঞ্চুরি কীভাবে করতে হয়, ক্রিকেট ইতিহাসে তাঁর চেয়ে ভালো আর কে জানে! আর আলোচনা, চাপ? সে তো থাকবেই। চিরদিনই তা টেন্ডুলকারের ছায়াসঙ্গী। যখন হয়ে যাবে, তখন যেমন হইচই হবে, হতে থাকবে যত দিন না হচ্ছে তত দিনও। এই অর্জনের মাহাত্ম্যটাই যে এমন!