হতাশার ভিড়ে পতাকাবিভ্রাটও
দিল্লি কমনওয়েলথ গেমসের আর্চারি মাঠে আর সব দেশের পতাকা থাকলেও দুই দিন বাংলাদেশের পতাকা ছিল না। যেটিকে বাংলাদেশ দলের সাংগঠনিক ব্যর্থতা হিসেবেই দেখতে চান অনেকে।এ ব্যাপারে আর্চারি দলের কর্মকর্তা রাজীব উদ্দিন আহমেদের ব্যাখাটা এ রকম, ‘আয়োজকেরা যে পতাকা উড়িয়েছিলেন, সেটির মাপ ঠিকমতো না হওয়ায় এবং পতাকার মধ্যে সাদা একটা বর্ডার দেওয়ায় আপত্তি করেছিলাম আমরা। পরে নতুন পতাকা বানিয়ে লাগানো হয়েছে। এ জন্য একটু সময় তো লাগবেই। তবে দুই দিন নয়, আমার জানামতে একদিন পতাকা ছিল না।’সে যা-ই হোক, কাল দলগত দুই বিভাগেই বাংলাদেশ আর্চারি দলের দৌড় থেমে গেছে কোয়ার্টার ফাইনালে। কম্পাউন্ডে হার দক্ষিণ আফ্রিকার কাছে, রিকার্ভ বোতে প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। পদকের স্বপ্ন দেখে দিল্লি আসা বাংলাদেশ আর্চারি দল ১৯তম কমনওয়েলথ গেমস থেকে ফিরছে ‘অভিজ্ঞতা’ অর্জন করে।১০০ মিটার স্প্রিন্টের হিটে কাল বাংলাদেশের দ্রুততম মানবী শামসুন্নাহার চুমকী সময় নিয়েছেন ১২.৬৯ সেকেন্ড। গত এসএ গেমসের (১২.১৬ সেকেন্ড) চেয়েও খারাপ সময় করে আটজনে সপ্তম হয়েছেন। ভারোত্তোলনে ৫৮ কেজিতে ১৩ জনে নবম হয়েছেন ফাহিমা আক্তার, তবে আগের তুলনায় ৭-৮ কেজি ওজন বেশি তুলেছেন বলে দাবি কর্মকর্তাদের। ৫৬ কেজিতে ১৪ জনে দশম ফিরোজা পারভীন, তাঁরও উন্নতির কথা বলা হচ্ছে। বক্সিংয়ে শ্রীলঙ্কার কামাল সামেরার কাছে ২-৬ পয়েন্টে হেরেছেন এসএ গেমসে সোনাজয়ী জুয়েল আহমেদ।