
ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই স্টেডিয়ামের ফটকে বিশাল দর্শকসারি। এটা এখন বাংলাদেশে ভাবা যায়? দুই ঘণ্টা আগে তো দশরথের টইটম্বুর গ্যালারিতে কোরাস। ‘নেপাল’, ‘নেপাল’। উফ্, কান ঝালাপালা!প্রেসবক্সে বসে পাশের জনের কথা শোনা যাচ্ছে না। ফিসফিস করেও কেউ কাউকে কিছু বোঝাতে অক্ষম। কী আর করা। বাংলাদেশিদের তো এটা হজম করতেই হবে। নেপালে ফুটবল মানেই দর্শক উন্মাদনা। ৪০০ আর ৭০০ রুপিতে টিকিট কিনেও ২০ হাজার দর্শকের গ্যালারিতে তিল পড়ার জায়গা নেই। এরা আসলে ফুটবলকে দ্বিতীয় ধর্ম মানে।ফুটবলের এই নবতীর্থ কেন্দ্রেই ‘পাহাড়ি কন্যার’ ফুটবলে নতুন ফুল ফুটল। বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে তুলে নিয়েছে ২-০ জয়। গোলের সংখ্যা আসলে তুলে ধরতে পারছে না নেপালের দাপট। ক্রিকেটের স্কোরকার্ডের মতো ওটাকে ‘আস্ত গাধা’ই মনে হচ্ছে!রেফারির বাঁশি বাজতেই গোটা স্টেডিয়ামে আবার সেই ‘নেপাল’, ‘নেপাল’ স্লোগান। সেটির সঙ্গে তাল মিলিয়ে লম্বা বলে বাংলাদেশের বক্সে ঝোড়ো আক্রমণ চালাতে লাগল স্বাগতিকেরা। কোনো ‘বিল্ডআপ’ নেই, তিন গোলে পিছিয়ে পড়া দল যেমন তেড়েফুঁড়ে শেষ চেষ্টা করে, তেমনি নেপাল প্রথম মিনিট থেকেই খ্যাপা বাঘ।এই ‘বাঘ’ মুখের গ্রাস ঠিকই কেড়ে নিল অল্প সময়ের মধ্যেই। ১৬ মিনিটে বিরাজ মহাজনের বক্সে তোলা ক্রসে নেপালের অরক্ষিত ‘নাম্বার টেন’ অনীল গুরংয়ের হেড জালে। খেই হারানো বাংলাদেশ রক্ষণ গোলের রাস্তা নিজেরাই খুলে দিয়েছে। গোলরক্ষক মামুন খানের পাশ দিয়ে বল পোস্ট চুমু খেয়ে বাংলাদেশের হূদয়ে প্রথম আঘাত হানল (১-০)। তবে পরিকল্পিত নয়, হাস্যকর গোলের তালিকা করলে এটিকে স্থান দিতেই হবে।তার পরও খেলাটা ধরতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ বলে কিছু খুঁজে পাওয়া গেল না। হাঁটুর ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় অধিনায়ক মামুনুল ছিলেন না একাদশে। মাঝমাঠে তাঁর না থাকা মানে বাংলাদেশ দলে বিরাট শূন্যতার উদয়। খেলাটা তো তৈরি করবে মাঝমাঠ। সেই মাঝমাঠে মিশুর সঙ্গে অভিষিক্ত জামাল ভূঁইয়া। মূলত ডিফেন্ডার মিশু ওই জায়গায় খেলতে অভ্যস্ত নন। আর জামাল এত দর্শকের চাপের ম্যাচ কখনো খেলেছেন? মাঝমাঠে তাঁদের ওপর গুরুদায়িত্ব দিয়ে নামিয়ে দেওয়া মানে মহাসমুদ্রে হাবুডুবু খাওয়াই। বেশির ভাগ সময়ই এলোমেলো দৌড়ানো আর বুদ্ধিহীন পাস সাফের মঞ্চে অচল মুদ্রা। তার পরও জামাল ভূঁইয়াই বাংলাদেশের হয়ে একটু চেষ্টা করেছেন, ম্যাচে নেপালের পোস্টে বাংলাদেশের নেওয়া একমাত্র শটটি তাঁরই। জামাল ও গোলরক্ষক মামুন খান পেতে পারেন পাস নম্বর, বাকি সবাই শূন্য।দুই পাশে জাহিদ ও তকলিচ। এমিলিকে একটু পেছনে রেখে একক স্ট্রাইকার আরেক অভিষিক্ত ওয়াহেদ। ওই তরুণ তো দর্শক চাপেই চিড়েচ্যাপ্টা। মিশুকে তুলে স্ট্রাইকার শাখাওয়াত রনিকে নামানো হলো শেষ পনেরো মিনিট আগে। ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে।বাংলাদেশ দল যে এতটা খাবি খাবে নেপালের কাছে, তা ছিল কল্পনাতীত। গত মার্চে এই মাঠেই এফসি চ্যালেঞ্জ কাপে নেপালকে এমন ফুটবলীয় উত্তেজনার পরিবেশেই বাংলাদেশ হারিয়েছিল ২-০ গোলে। তবে এবার কাঠমান্ডু এসে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ সংবাদ সম্মেলনে পর্যন্ত বলে দিয়েছেন, ‘ওই ম্যাচে আমরা ৪-২ গোলে হারতেও পারতাম। নেপালের দুর্ভাগ্য, ওরা জেতেনি।’যেভাবেই আসুক, জয় জয়ই। কিন্তু ডি ক্রুইফ সেটিকে এত খাটো করে কেন দেখলেন বোঝা কঠিন। তিনি তো এখানে এসে বলেই যাচ্ছিলেন, ‘আমরা ফেবারিট নই, আন্ডারডগ।’ অনেকে ধরে নিতে চাইলেন, এটা হয়তো কোচের একটা কৌশল। মাঠেই প্রমাণিত হবে। তা মাঠে কী প্রমাণ হলো? দুই মাস নিবিড় অনুশীলন আর এই প্রথম সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েও প্রথমার্থে নেপালের পোস্টে বাংলাদেশের কোনো শট নেই। দলটাকে পুরোপুরি বিভ্রান্ত লাগল। কী করবে বুঝে উঠতে পারছে না। প্রতিপক্ষকে আগেই মাথায় চড়িয়ে রেখে নিজেরা রক্ষণাত্মক খেলতে নামলে এমনই তো হওয়ার কথা!
৩১ মিনিটে ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় পুরে ফেলল নেপাল। কর্নার থেকে ভারত খাওয়াজের নিচু ডাইভিং হেডে ২-০। দুই গোলে পিছিয়ে থাকা দল দ্বিতীয়ার্ধে তো অন্তত খেলাটা ধরার কথা। কিন্তু কোথায় কী? বিচ্ছিন্ন বল দেওয়া-নেওয়া ছাড়া ডি ক্রুইফের ‘বিল্ডআপ’ ফুটবল, ‘প্রেসিং ফুটবল’ সবই হাওয়া। চ্যালেঞ্জ কাপের সেই প্রেসিং নেই, সেই মানসিক শক্তি নেই। এমন বাংলাদেশ সত্যিই অকল্পনীয়।
৬৬ মিনিটে তো ৩-০-ই হতে যাচ্ছিল। গোলরক্ষক মামুন ভালো সেভ করেছেন। তারপর আরও তিন-চারবার গোল পেতে পেতেও ব্যবধান আর বাড়াতে পারেনি নেপাল। বাংলাদেশের রক্ষণ আর গোলরক্ষকের কৃতিত্ব নিশ্চয়ই আছে। তবে নেপালিরা শেষ দিকে গোল নষ্ট করার মহড়াই দিয়েছে বলা উচিত। নইলে ব্যবধানটা ৫-০, ৬-০-ও হতে পারত!
সাফে টিকে থাকার জন্য এটিকেই ‘ফাইনাল’ বলছিল বাংলাদেশ। তা ফাইনাল হয়ে গেল বটে। ভারত, পাকিস্তানকে হারিয়ে এই দল সেমিফাইনালে উঠবে, এটা আশা করা চরম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাজে ফুটবল খেলে আসলে বিদায়ঘণ্টা শুনতে শুনতেই কাল রাতে হোটেলে ফিরেছে বিষণ্ন ডি ক্রুইফের দল।
সাফে চ্যাম্পিয়ন হতে পারলে প্রত্যেক খেলোয়াড়কে ফ্ল্যাট এবং আজীবন প্রতি মাসে ১০ হাজার রুপি করে দেবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। পুরস্কারের ঘোষণার জন্য নয়, এমনিতেই বাংলাদেশকে হারাতে তেতে ছিল নেপাল দল। অধিনায়ক সাগর থাপা যতই বলুন, ‘প্রতিশোধ নয়’, কিন্তু বাংলাদেশকে গুঁড়িয়ে নেপাল সত্যি মধুর প্রতিশোধই নিল!
বাংলাদেশ: মামুন খান, আরিফুল, নাসিরউদ্দিন, লিংকন (রায়হান), ওয়ালি, মিশু (শাখাওয়াত), জামাল, তকলিচ, জাহিদ (মোবারক), এমিলি, ওয়াহেদ।