হতাশায় মুষড়ে পড়া দেশ, তবুও আশায় বুক বাঁধা
৫১ রানে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ দল তখন ধুঁকছে। ঠিক সে সময়ই, ক্রিকেটপাগল এক দর্শক বলে উঠলেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা যদি গত দুই দিন মাঠে প্র্যাকটিসে ঘাম না ঝরিয়ে, শুধু ঘরে বসে আয়ারল্যান্ডের বিপক্ষে জেতার পার মানুষের বাঁধ-ভাঙা উল্লাসের ভিডিওটা দেখত, তাহলে তাঁরা অন্তত ১৫০ রান করত।’ বাংলাদেশের ইনিংসের সে সময়টা চরম আশাবাদীরা বুক বেঁধেছিলেন দেড় শ না হোক, অন্তত তিন অঙ্কের কোটা টাইগাররা অবশ্যই পার করবেন। নদীটি পুরোপুরি পার না হতে পারলেও নাঈম, আশরাফুল, রাজ্জাক, শফিউল, রুবেলরা তরীটা তীরের কিছুটা কাছাকাছি নিয়ে আসতে পারবেন। আর তখনো তো উইকেটে আশরাফুল ছিলেন। তিনি যে আমাদের অনেক ভরসার প্রতীক! কিন্তু শেষরক্ষা হলো না। তরীটা ডুবল। খুব বাজেভাবেই ডুবল। আমাদের আশা-ভরসা, মান-সম্মান, আস্থা, গর্ব-অহংকার সবকিছুই চাপা পড়ে গেল বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে। ধীরে ধীরে ঘনিয়ে এল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম দিন। ক্ষুব্ধ-বাকহীন বাংলাদেশের সমর্থকেরা হয়ে গেল দিশেহারা। অব্যক্ত হতাশা পরিণত হলো বাড়াবাড়ি ধরনের ক্ষুব্ধতায়। পোস্টার, প্ল্যাকার্ডে আগুন ধরানো, জুতো মিছিল তো ছিলই। উচ্ছৃঙ্খল কয়েকজন দর্শক অভাবনীয় এক কাণ্ড করে ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জার চেয়েও বড় লজ্জায় রাঙিয়ে দিল গোটা জাতির মুখ। ওয়েস্ট ইন্ডিজের টিম বাসে ঢিল ছুড়ে বাংলাদেশকে পরিণত করল বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে। সমর্থকদের হতাশা, ক্ষুব্ধতা থাকতেই পারে। তাই বলে অতিথি দলের বাসে পাথর ছোড়া অবশ্যই মেনে নেওয়া যায় না।গুটিকয়েক দর্শকের হঠকারিতা না হয় বাদ দেওয়া গেল কিন্তু সাকিবদের সমর্থনে নিজেদের উজাড় করে দেওয়া ক্রিকেটপাগল এ জাতির জন্য কালকের দিনটা যে ছিল কৃষ্ণতম, তা আর বলে দিতে হয় না। দিবা-রাত্রির ম্যাচ শেষ হয়ে গেল সূর্যাস্তের আগেই। নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের রেকর্ড সবকিছুই ক্রিকেটামোদীদের শোকস্তদ্ধ করে দিয়েছিল। কাল অনেক আয়োজন করে মাঠে খেলা দেখতে গিয়েছিল, তাদের কথাটা একবার ভাবুন! এমনই একজন দর্শকের সঙ্গে দেখা হলো কারওয়ান বাজারে। অনেক কাঠখড় পুড়িয়ে দুটো টিকিট জোগাড় করেছিলেন একটি নিজের জন্য, আরেকটি তাঁর স্ত্রীর জন্য। তার ওপর তাঁর স্ত্রী নাকি জীবনে প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়েছিলেন কাল খেলা দেখতে। ভদ্রলোক বললেন, মাঠে যেতে একটু দেরিই হয়ে গিয়েছিল। গ্যালারিতে বসতে বসতে দেখি বাংলাদেশের চার উইকেট নেই। তার পরও আশা ছিল এই দল অন্তত ২০০ রান করতে পারবে। কিন্তু কী হলো? তাঁর স্ত্রীও আফসোস করছিলেন স্টেডিয়ামে গিয়ে অন্তত ফ্লাডলাইটের আলোর মুখ দেখতে না পারার কারণে।কেবল এ ব্যক্তিই নন, গতকাল সন্ধ্যায় ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে যারা ঘরের বাইরে গিয়েছিল, তারা সবাই দেখেছে এ পরাজয় সাধারণ মানুষকে কীভাবে আঘাত করেছে। কারওয়ান বাজারের চায়ের আড্ডায় এক ভদ্রলোক বললেন, ‘বিশ্বাস করেন ভাই, এত নীরব-নিথর, ফার্মগেট, কারওয়ান বাজার আমি আগে কখনো দেখিনি।’আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জয়ের পেছনে সাকিব-শফিউলদের ক্রীড়ানৈপুণ্যের সঙ্গে সঙ্গে মিরপুরের গ্যালারিভর্তি দশকেরও যে একটা বিশাল ভূমিকা ছিল, এটা নিশ্চয়ই সবাই সমর্থন করবেন। এমনকি অধিনায়ক সাকিব আল হাসানও তো ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সে কথা স্বীকার করেছিলেন। ও’ব্রায়েনদের একেকটা উইকেট পতনের পর যেন সাকিবদের পক্ষ থেকে সত্যিই হুংকার দিয়ে উঠেছিল বাংলাদেশের মানুষ। সে ম্যাচেও কিন্তু বাংলাদেশের ব্যাটিং শেষে হার নিশ্চিত ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু তবুও শেষ পর্যন্ত তাঁরা সাহস ধরে রেখেছিলেন। চিত্কার করে, প্রার্থনা করে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের। কিন্তু গতকাল তো মানুষ টাইগারদের পেছনে দাঁড়ানোর কোনো সময়ই পেল না। ক্রিকেটারদের যেকোনো ব্যর্থতায় এ জাতি হতাশ হয়, ভেঙে পড়ে, কিন্তু কাল সেই হতাশার এক বর্ণনাতীত রূপ দেখেছে গোটা দেশ। যে দৃশ্যপটের সঙ্গে তুলনা মেলানো যায়, কেবল দেশ ও জাতির কোনো ক্রান্তিকালীন পরিস্থিতির।সাকিবদের বিশ্বকাপ কাগজে-কলমে এখনো শেষ হয়ে যায়নি। পরের ম্যাচগুলোতে মাঠে নামার আগে মানুষের গতকালের হতাশা, বিষণ্ন্নতাগুলো বাংলাদেশের ক্রিকেটাররা যদি একটু মনে রাখেন, একটু অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়তা দিয়ে বলা যায়, তাঁরা যথেষ্টই সাহস আর উদ্যম পেয়ে যাবেন তাতে। আর সর্বনিম্ন রানে অলআউট হয়ে যাওয়ার এত লজ্জা, এত কলঙ্ক, হতাশার পরও তো একজনকে কোথায় যেন বলতে শোনা গেল, ‘সাকিব তোমরা এগিয়ে যাও। তোমরা তো আমাদেরই প্রতিনিধি। তোমাদের হার আমাদেরও হার। তোমাদের সঙ্গে আমরা জয়েও আছি, পরাজয়েও আছি।’ সাকিব, তামিম, মুশফিকুর, আশরাফুল, শুনতে পাচ্ছেন কি?