হতাশায় শেষ মিরপুর টেস্ট
৭৮ ওভারে প্রয়োজন ২৪৫ রান। টেস্টের শেষ দিনে লক্ষ্যটা কঠিন হলেও অসম্ভব ছিল না মোটেই। আশা জাগিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত হলো না। টিনো বেস্টের কাছে অসহায় আত্মসমর্পণ করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। মিরপুর টেস্টে শেষ দিনের হতাশায় মুশফিকুর রহিমদের হার ৭৭ রানে।অথচ দিনের শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল! ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে আজ ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এক ঘণ্টাও খেলতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের অবশিষ্ট চার উইকেটের সব কটিই তুলে নেন সোহাগ গাজী। এই ইনিংসে ছয়টি, আর আগের ইনিংসে তিনটি—সব মিলিয়ে অভিষেক টেস্টে তাঁর শিকার নয়টি উইকেট।গতকালের শেষ ১৩.১ ওভারে মাত্র ৩৫ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি উইকেটের পতন ঘটলে জমে ওঠে টেস্ট। ক্যারিবীয়দের হাতে ছিল চারটি উইকেট। ওই চার উইকেট আজ সকালে উড়ে যায় নিমিষেই। কে ভেবেছিল, বাংলাদেশের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে!দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই মাথা তুলে দাঁড়াতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মাহমুদউল্লাহ। এ ছাড়া নাঈম ইসলাম ২৬, শাহরিয়ার নাফীস ২৩, নাসির হোসেন ২১ ও জুনায়েদ সিদ্দিকী ২০ রান করেন। বাংলাদেশের ইনিংসে ধস নামিয়ে পাঁচটি উইকেট তুলে নেন টিনো বেস্ট। এ ছাড়া পেরমল তিনটি ও রামপল দুটি উইকেট নেন।৪ উইকেটে ৫২৭ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের চমকে দেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। এক সেঞ্চুরি আর চার হাফ সেঞ্চুরিতে ৫৫৬ রান তোলে বাংলাদেশ। দুই দলের প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল, ড্র হতে চলেছে মিরপুর টেস্ট। তবে গতকালের খেলার শেষের দিকের নাটকীয়তায় বদলে যায় দৃশ্যপট।সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫২৭/৪ (ঘোষণা)চন্দরপল ২০৩*, রামদিন ১২৬*, পাওয়েল ১১৭সোহাগ ৩/১৪৫বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৫৬/১০নাঈম ১০৮, নাসির ৯৬, সাকিব ৮৯, তামিম ৭২রামপল ৩/১১৮, নারাইন ৩/১৪৮ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২৭৩/১০পাওয়েল ১১০, ব্রাভো ৭৬সোহাগ ৬/৭৪বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৬৭/১০মাহমুদউল্লাহ ২৯, নাঈম ২৬, নাফীস ২৩বেস্ট ৫/২৪ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রানে জয়ী।