হতে হতে হলো না মুরালির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি, মুরালির প্রাপ্তির দিন, আক্ষেপের দিনও!
৫ জানুয়ারি, মুরালির প্রাপ্তির দিন, আক্ষেপের দিনও!

‘তুমি বিশ্বকাপটাই হাত থেকে ফেলে দিলে, বাছা।’
১৯৯৯ সালের বিশ্বকাপের সুপার সিক্সের শেষ ম্যাচটিতে সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার পর গিবসকে উদ্দেশ করে নাকি এমনই বলেছিলেন স্টিভ ওয়াহ। ৫৬ রানে ‘নতুন জীবন’ পাওয়া ওয়াহর ১১০ বলে ১২০ রানের ওপর ভর করেই অস্ট্রেলিয়া ২ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায় এবং শেষ পর্যন্ত জিতে নেয় নিজেদের দ্বিতীয় বিশ্বকাপটিও।

২০০২ সালের আজকের এই দিনে মুত্তিয়া মুরালিধরনও হয়তো এ রকমই কিছু একটা বলতে চেয়েছিলেন রাসেল আরনল্ডকে। আরনল্ডের কারণেই যে উইকেটের বর্ষণময় একটি ক্যারিয়ার শেষ করলেও মুরালির মনে থেকে গেছে আক্ষেপ। টেস্ট ও ওয়ানডের সর্বকালের সর্বোচ্চ উইকেটের মালিকের নামের পাশে লেখা হতে পারত টেস্টের সেরা বোলিংয়ের রেকর্ডটিও। হয়নি, আরনল্ডের কারণেই!

২০০২ সালে ক্যান্ডি টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের প্রথম ৯ ব্যাটসম্যানের সবাই মুরালি-জাদুতে সাজঘরে ফিরে যান। ৫১ রানে ৯ উইকেট নিয়ে মুরালি তখন ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং ফিগারের সামনে দাঁড়িয়ে। প্রয়োজন আর মাত্র ১টি উইকেট। মুরালিধরন তো বটেই, শ্রীলঙ্কা ক্রিকেট দল এমনকি সমগ্র লঙ্কাবাসীই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন মুরালির নামের পাশেই শেষ উইকেটটি যেন লেখা হয়, তার জন্য। আর ১টা মাত্র উইকেট পেলেই ইংল্যান্ডের জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলের সঙ্গে মুরালিধরনও যোগ দেবেন এক ইনিংসে ১০ উইকেটের সব কটি তুলে নেওয়া কীর্তিমানদের অতিসংক্ষিপ্ত এক তালিকায়।

কিন্তু মুরালির শেষ উইকেটটির মাঝে বাধা হয়ে দাঁড়ায় জিম্বাবুয়ের শেষ দুই ব্যাটসম্যান ট্রাভিস ফ্রেন্ড এবং হেনরি ওলোঙ্গা। ১২ ওভারে ৩৫ রান করে এ দুজন গড়ে তোলেন রান এবং বল মোকাবিলায় দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটিও। নবম ব্যাটসম্যান আউট হওয়ার পরও মুরালি আরও ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন। অন্যপ্রান্ত থেকে বাকিরাও এমনভাবে বল করে যাচ্ছিলেন, যাতে করে উইকেট পাওয়ার কোনো ‘দায়’ তাঁদের ওপর না বর্তায়। তাঁরাও চাইছিলেন, উইকেটটা মুরালিই পাক।

তবে ৯টি উইকেট দিয়ে দেওয়ার পরই বোধ হয় ভাগ্যবিধাতা মনোযোগ দিয়েছিলেন অন্য কোনো কাজে। নইলে শর্টলেগে দাঁড়ানো আরনল্ড ট্রাভিস ফ্রেন্ডের দেওয়া সহজ ব্যাট-প্যাড ক্যাচটি ওভাবে ফেলে দেবেন কেন? বা পরের বলেই এলবিডব্লিওর আবেদনটিই বা বিফলে যাবে কেন? কিংবা উইকেট ‘না পাওয়ার’ প্রাণান্ত চেষ্টায় ব্যস্ত চামিন্ডা ভাসের অফ স্টাম্পের বেশ বাইরে করা বলেই ‘সেট ব্যাটসম্যান’ ওলোঙ্গা ওভাবে খোঁচা মারতে যাবেন কেন? আর সেই খোঁচা এতটাই সহজ একটা ক্যাচ হয়ে সাঙ্গাকারার কাছে গেল যে, সেটা ছেড়ে দেওয়া আর তাঁর সাধ্যে কুলোয়নি। বিপক্ষ দলের কোনো উইকেট পতনের পর দল, দেশ ও জাতি কখনো এতটা হতাশ হয়েছে কি না, কে জানে!

আরনল্ড যখন ফ্রেন্ডের সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারলেন না, মুরালির তখন নিশ্চয়ই মনে পড়েছিল বছর তিনেক আগে করা স্টিভ ওয়াহর সেই বিচক্ষণ বাণী। বিশ্বকাপের মতো দলীয় অর্জন না হলেও ব্যক্তিগত অর্জন হিসেবে ইনিংসে ১০ উইকেট কিন্তু একদম ফেলনা নয়। বিশ্বকাপ ছুঁয়ে দেখা ক্রিকেটারের সংখ্যা শতাধিক হলেও আন্তর্জাতিক অঙ্গনে ইনিংসে ১০ উইকেট অর্জন আছে কেবল দুজন ক্রিকেটারের।

এর বছর চারেক আগে ইংল্যান্ডের সঙ্গেও একবার ৯ উইকেট নিয়েছিলেন মুরালি। সেবারও ভাগ্যবিধাতা ক্ষণিকের জন্য হয়তো একটু অন্য মনস্ক হয়ে থাকবেন। অ্যালেক স্টুয়ার্ট হন রানআউটের শিকার। দুই-দুইবার হতে হতেও হলো না। বর্ণাঢ্য ক্যারিয়ারে নেই কোনো হ্যাটট্রিকও। আজকের এই দিনে সেই ক্যান্ডি টেস্টে এই ঘটনা ঘটেছিল বলে, কে জানে ৪ জানুয়ারি তারিখটা ব্যক্তিগত শোক দিবস হিসেবেও পালন করেন কিনা মুরালি!

অবশ্য এটাও তো ঠিক, এক-আধটু আক্ষেপ না থাকলে কোনো মহাকাব্যই ঠিক যেন পূর্ণতা পায় না।