কমেন্ট্রি বক্সে তখন আলোচনা পরের ম্যাচ নিয়ে। শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন দরকার কি না, কোন ভুলগুলো শোধরানো প্রয়োজন। গ্যালারিতে বাড়ির পথে থাকা দর্শকের সারি। শ্রীলঙ্কার তখন জয়ের জন্য প্রয়োজন ৫২ বলে ১০২, হাতে ৩ উইকেট। নেই কোনো স্বীকৃত ব্যাটসম্যান। এই ম্যাচ নিয়ে কি আর আগ্রহ থাকে!
যাঁরা বাড়ি ফিরে গিয়েছেন, তাঁরা আক্ষেপে পুড়েছেন। টিভির সুইচ বন্ধ করে দিয়েছিলেন যাঁরা বা রিমোট চেপে চলে গিয়েছিলেন অন্য চ্যানেলে, তাঁরাও আফসোস করেছেন। ক্রিকেটীয় অনিশ্চয়তার আরেকটি গৌরবগাথা যে প্রায় রচিত হয়েই গিয়েছিল! শেষ পর্যন্ত জিততে পারেনি শ্রীলঙ্কা, কিন্তু এই হারও গৌরবের। পাকিস্তান ১১ রানে জয়ী।
শ্রীলঙ্কার এক অলরাউন্ডার আর এক অফস্পিনার মিলে অসম্ভবকে প্রায় সম্ভব করেই ছেড়েছিলেন। অষ্টম উইকেটে ৪৫ বলে ৮৭ রানের অসাধারণ এক জুটিতে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছেন সিকুগে প্রসন্ন আর সাচিত্রা সেনানায়েকে। লক্ষ্যটা একসময় হাতছোঁয়া দূরত্বেও চলে এসেছিল, ৮ বলে প্রয়োজন ছিল ১৫। কিন্তু সোহেল তানভিরকে গ্যালারিতে পাঠাতে গিয়ে এক্সট্রা কভারে ধরা পড়েন সেনানায়েকে (২৪ বলে ৪২)। শেষ ওভারের প্রথম বলে রানআউট মালিঙ্গা, চতুর্থ বলে জুনাইদকে ওড়াতে গিয়ে শেষ প্রসন্নর ঝড় (২৫ বলে ৪২)। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন মিসবাহ। ম্যাচ শেষে বললেন, ‘অনেক কষ্টে জিততে হলো। পরের ম্যাচে বোলিং-ফিল্ডিংয়ে অনেক উন্নতি করতে হবে আমাদের। অনেক বাজে বল করা হয়েছে, হাত থেকে বল ফসকে গেছে বহুবার।’
এমনিতে পাকিস্তানের সব সময়ের দুশ্চিন্তা যা, সেই ব্যাটিং জ্বলে উঠেছে এ ম্যাচে। দুঃসময়কে পেছনে ফেরার ইঙ্গিত দিয়ে মোহাম্মদ হাফিজ করেছেন সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। তবে মিসবাহকে বাড়তি তৃপ্তি দিয়েছে নিশ্চয়ই অভিষিক্ত শারজিল খান (৬১ বলে ৬১) ও আরেক তরুণ সোহেব মাকসুদের (৬৮ বলে ৭৩) ইনিংস দুটি। শেষ দিকে আফ্রিদির ব্যাট ছিল উত্তাল (১২ বলে ৩৪)। তাঁর ইনিংসটিই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ব্যবধান।
শেষ পর্যন্ত পেরে না উঠলেও অ্যাঞ্জেলো ম্যাথুস অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন দুই তরুণের লড়াই থেকে, ‘অসাধারণ একটি ম্যাচ দেখলাম আমরা। সিকুগে ও সাচিত্রার জুটিটি ছিল দুর্দান্ত, ওদের লড়াই পরের ম্যাচে সবাইকে অনুপ্রাণিত করবে।’
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজই, দুবাইয়ে। ওয়েবসাইট।