হতে হতেও হলো না...
দীর্ঘশ্বাস নিশ্চয়ই পড়েছে, কিন্তু টিভিপর্দা সেটি কীভাবে ধরবে? হেলমেটের ভেতর হতাশায় বিকৃত মুখটা অবশ্য বোঝা গেল। গ্যালারির দিকে একবার তাকালেন, একবার ব্যাটের দিকে। এরপর ড্রেসিংরুমের দিকে সেই পরিচিত হাঁটা। শততম সেঞ্চুরিটা অবশ্যই ধরা দেবে, এক শ ছাড়িয়ে সেঞ্চুরিসংখ্যা নিয়ে যাবেন আরও অনেক দূর। কিন্তু ঘরের মাঠে তো আর হলো না! শচীন টেন্ডুলকার পারলেন না নিজ শহরের দর্শকদের ইতিহাসের সাক্ষী করতে।এই মাঠেই স্বীকৃত ক্রিকেটে খেলা শুরু টেন্ডুলকারের। জীবনের সবচেয়ে বড় আক্ষেপও ঘুচেছিল এই মাঠে, গত এপ্রিলে বিশ্বকাপ জয়ের পর তাঁকে কাঁধে নিয়ে পুরো মাঠে চক্কর দিয়েছিলেন সতীর্থরা। মনে হচ্ছিল, তাঁর ‘অতিপ্রাকৃত’ ক্যারিয়ারের সবচেয়ে বড় কীর্তিটাও ধরা দেবে এখানে। সেদিকে এগিয়ে যাচ্ছিলেনও দারুণভাবে। দারুণ দুটি স্ট্রেট ড্রাইভ, ফ্লিক, আপার কাটে ছয়—সিরিজের সেরা ব্যাটিংটা কাল সকালেই করছিলেন। ১৬ বলেই করেছিলেন ২৬ রান। হয়তো চাইছিলেন দ্রুত তিন অঙ্ক ছুঁয়ে ঝামেলাটা সেরে ফেলতে। সব শেষ হয়ে গেল মুহূর্তের ভুলে। খানিক আগেও যে গ্যালারি ছিল উচ্ছল, সেখানেই তখন পিনপতন নীরবতা।রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় দিন শেষে বলেছিলেন, ‘বোলার হিসেবে এই উইকেটে নিজেকে প্রতারিত মনে হচ্ছে।’ এই মাঠে বহু ম্যাচ খেলা এবং ধারাভাষ্যকার হিসেবে দেখা সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, ‘এমনিতে মুম্বাইয়ের উইকেটে পাঁচ দিনই কিছু না-কিছু থাকে। কিন্তু এবারের মতো এমন নিষ্প্রাণ উইকেট কখনোই দেখিনি।’ জোর গুঞ্জন, এসবই নাকি ঘরের ছেলেকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ‘উপহার’। এমন উইকেটে টেন্ডুলকার অবশ্যই সেঞ্চুরি করবেন ধরে নিয়েই নাকি ১০০ স্বর্ণমুদ্রার সেই ঘোষণাটা এসেছিল। ভেস্তে গেল সব আয়োজন!অনেকে দায় দিতে পারেন রেকর্ডের সঙ্গে টেন্ডুলকারের অতি সখ্যের। ক্রিকেটের ব্যাটিং রেকর্ডের প্রায় সবই তাঁর মুঠোয়, অনাকাঙ্ক্ষিত রেকর্ডগুলোও বাদ থাকবে কেন? টেস্ট ক্রিকেটে নড়বড়ে নব্বইয়ে সবচেয়ে বেশিবার বাঁধা পড়ার রেকর্ডে তিনি এখন তাই এখন রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহর সঙ্গী (১০ বার করে)। দ্রাবিড় ও ‘বড়’ ওয়াহ আবার একটি করে ইনিংসে অপরাজিত ছিলেন, নড়বড়ে নব্বইয়ে সবচেয়ে বেশিবার আউট হওয়ার রেকর্ডটি তাই এখন এককভাবেই টেন্ডুলকারের। কিন্তু সান্ত্বনা তো নয়-ই, এই রেকর্ড বরং যন্ত্রণাই আরও বাড়াবে। মুম্বাইয়ের শহরতলি থেকে প্রতিদিন লাখ লাখ লোক শহরে আসে নানা প্রয়োজনে। খরচ ও সময় বাঁচানোর জন্য বেশির ভাগই বেছে নেন ট্রেনকে। শেষ স্টেশন চার্চগেট পর্যন্ত যেতে অবশ্য ট্রেন প্রায় ফাঁকা হয়ে যায়, প্রায় সাড়ে চার হাজার যাত্রীর বেশির ভাগই নেমে যায় শহরে। তবে নিশ্চিত থাকতে পারেন, কাল চার্চগেটেও নেমেছে প্রচুর লোক। এই স্টেশনের গাঘেঁষা ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটা ইতিহাসের থমকে দাঁড়ানোর কথা ছিল! দুপুর গড়াতেই এই দর্শকেরা যন্ত্রণাবিদ্ধ।টিভি ক্যামেরায় ধরা পড়ল, আউট হওয়ার বেশ কিছুক্ষণ পরও ড্রেসিংরুমে দাঁড়িয়ে আছেন টেন্ডুলকার। হয়ত যন্ত্রণা আর হতাশায়। তবে এর চেয়েও বেশি হওয়ার কথা বিরক্তি। শততম সেঞ্চুরি নিয়ে এত আলোচনা যে পছন্দ নয়, এটা কদিন আগে সরাসরিই বলেছেন। এই ‘আলোচনার যন্ত্রণা’ সহ্য করতে হবে আরও কিছুদিন!