হত্যার হুমকি পাচ্ছেন জুনিগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা পাচ্ছেন হত্যার হুমকি! ছবি: এএফপি
কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা পাচ্ছেন হত্যার হুমকি! ছবি: এএফপি

তাঁর হাঁটু নেইমারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ব্রাজিলের প্রাণভোমরার বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দেওয়ার নেপথ্য ব্যক্তিই তিনি। নেইমারকে হারিয়ে কিছুটা বেসামাল সেলেসাওদের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন। কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার ওপর ব্রাজিলীয়রা বেশ চটে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভ-রাগ যে রূপ নিচ্ছে হত্যার হুমকিতে!
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বিক্ষুব্ধ জুনিগার কাণ্ডে। হত্যার হুমকি, বর্ণবাদী গালি—সবই দেওয়া হচ্ছে এই কলম্বিয়ান ফুটবলারকে। কে জানে, নেইমারকে বিশ্বকাপের বাইরে পাঠিয়ে দেওয়া জুনিগার জন্য হয়তো আলাদা নিরাপত্তারই ব্যবস্থা করতে হচ্ছে কলম্বিয়ান কর্তৃপক্ষকে। এসকোবারকে নিয়ে দুঃসহ অভিজ্ঞতা ২০ বছর আগের হলেও—ব্যাপারটা যে এখনো তাড়িয়ে বেড়ায় সবাইকে।
যাঁকে হত্যা করা হবে বলে বলা হচ্ছে, সেই জুনিগা কিন্তু দুঃখই প্রকাশ করেছেন এ ঘটনায়। করেছেন নেইমারের জন্য প্রার্থনাও, ‘নেইমার দারুণ খেলোয়াড়। সে ব্রাজিল শুধু নয় গোটা ফুটবল বিশ্বেরই অন্যতম সেরা প্রতিভা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওর যেন খারাপ কিছু না হয়। সে যেন দ্রুত ফিরে আসে।’ এএফপি।