হন্ডুরাসকে ফুটবল শেখাল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার কালও ছিলেন তাঁর মতোই। ছবি: রয়টার্স
নেইমার কালও ছিলেন তাঁর মতোই। ছবি: রয়টার্স

বিশ্বকাপের প্রস্তুতিটা আরও একবার ভালোভাবেই ঝালিয়ে নিল ব্রাজিল। আরও এক বড় জয়ে নিজেদের আত্মবিশ্বাসকে আরও ওপরে নিয়ে গেল তারা। গতকাল মিয়ামিতে লুই ফিলিপে স্কলারির দল ৫-০ গোলে হারিয়েছে হন্ডুরাসকে।
গত আগস্টে সুইজারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর কালকের জয় ছিল ব্রাজিলের টানা পঞ্চম জয়। ওই হারের পর অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচগুলোয় স্কলারি বাহিনীর ১৮টি গোল নিশ্চয়ই আগামী বছর বিশ্বকাপে তাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় রকমের বার্তাবাহী।
ম্যাচের ২২ মিনিটেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। পলিনহোর ক্রস থেকে বার্নাডের শট জাল খুঁজে নেয় খুব সহজেই।
দানতে ব্রাজিলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন খেলার ৫৫ মিনিটে। বামপ্রান্তে ডি-বক্সের বাইরে পাওয়া নেইমারের একটি ফ্রি-কিকে মাথা ছুঁয়ে গোলটি করেন দানতে।
তৃতীয় গোলটি আসে মাইকনের পা থেকে। পলিনহোর শট হন্ডুলরাসের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ফাঁকা পোস্টে ঠেলে দেন মাইকন।
উইলিয়ামের করা চতুর্থ গোলটি আসে হালকের ক্রস থেকে। ৭৪ মিনিটে হালক নিজেই র্যামিরেস আর রবিনহোর দুটি দারুণ ব্যাকহিল থেকে বল পেয়ে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন।
খেলার প্রথম মিনিটেই চোট পেয়ে কাল স্কলারিকে দারুণ চিন্তায় ফেলেছিলেন নেইমার। কিন্তু চোট কাটিয়ে তিনি কাল মাতিয়েছেন মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের।

৩৭ মিনিটে তিনি নিজেই গোল পেয়ে যেতে পারতেন। কিন্তু তাঁর শট ফিরিয়ে দেন হন্ডুরাসের গোলরক্ষক ভালদারেস। চার মিনিট পর দারুণ এক ড্রিবলিংয়ে হন্ডুরাসের রক্ষণব্যূহ ভেদের চেষ্টা করলেও বাধা পেয়ে পড়ে যান। কিন্তু পেনাল্টির দাবিতে নিশ্চুপ থাকেন রেফারি।

সব মিলিয়ে স্কলারির যুক্তরাষ্ট্র অভিযানটা তৃপ্তিরই হলো। বিশ্বকাপের সাত মাস বাকি থাকতে তিনি ঝালিয়ে নিলেন তাঁর সবগুলো অস্ত্রকেই। অস্ত্রগুলোকে ভয়ংকরই মনে হলো মিয়ামিতে। সূত্র: রয়টার্স।