হন্ডুরাসকে বাংলাদেশের তরুণদের বিস্ময় উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুয়ারে বিশ্বকাপ। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে এ দেশের মানুষের আবেগের উত্তাপটাও টের পাওয়া যাচ্ছে
দুয়ারে বিশ্বকাপ। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে এ দেশের মানুষের আবেগের উত্তাপটাও টের পাওয়া যাচ্ছে

অদ্ভুত! অবিশ্বাস্য! অকল্পনীয়! এ যেন হার মানাবে যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও। তাঁরা পদ্মা সেতু বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেননি, কিংবা দেননি কোনো শুল্কমুক্ত পণ্যের অবাধ প্রবেশের সুযোগ। তবুও হন্ডুরাসের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এ দেশের অসংখ্য মানুষ। কীভাবে? বিশ্বকাপ ফুটবল নিয়ে খোলা একটি ফেসবুক ইভেন্টের মাধ্যমে!

বিশ্বকাপ দুয়ারে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে এ দেশের মানুষের আবেগের উত্তাপটাও টের পাওয়া যাচ্ছে। এই দুদলকে সমর্থন করা নিয়ে কত তুঘলকি কাণ্ডই না ঘটেছে। কখনো কখনো সেটা বাড়াবাড়ি পর্যায়েও পৌঁছে গেছে।

এবারও ফেসবুকে দুই দলের সমর্থকদের পাল্টাপাল্টি কথার লড়াইটা কদর্য দিকে রূপ নিচ্ছে দেখে ফেসবুকের কয়েকজন তরুণ ভাবলেন, অন্য কিছু করা যায় কি না। তাঁরা একটি ফেসবুক ইভেন্ট খুললেন: ‘আর্জেন্টিনা-ব্রাজিল গোনার টাইম নাই, আমরা হন্ডুরাসের সাপোর্টার!’

ইভেন্টটির মূল উদ্দেশ্য হন্ডুরাস দলকে বিদ্রূপ করা ছিল না; বরং বিশ্বকাপের সময় আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থন করা নিয়ে প্রায়ই আমরা অনেকে সীমা ছাড়িয়ে যাই, সেই বিষয়টিই চোখে আঙুল তুলে দেখিয়ে দেওয়া। মজার ব্যাপার হলো, এই ইভেন্টে অভূতপূর্ব সাড়া পড়েছে। শুধু তা-ই নয়, এই ইভেন্ট নিয়ে খবর প্রকাশিত হয়েছে হন্ডুরাসের একটি শীর্ষ পত্রিকায়। সেই সুদূরের বাংলাদেশের মানুষ বিশ্বকাপের রাঘববোয়ালদের ভিড়ে পুঁচকে দল হন্ডুরাসকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেখে দেশটির মানুষও আবেগাপ্লুত। হন্ডুরাসের বেশ কয়েকজন মানুষ সেই ইভেন্টের পেজে এসে ধন্যবাদ আর কৃতজ্ঞতাও জানিয়েছেন।

সেই গ্রুপে দেওয়া এক হন্ডুরানের পোস্ট
সেই গ্রুপে দেওয়া এক হন্ডুরানের পোস্ট



ক্রিকেট নিয়ে এ দেশের যেমন উপচে পড়া আবেগ, ফুটবল নিয়ে ঠিক তেমনটাই হন্ডুরাসের মানুষদের। হন্ডুরাসের অসংখ্য মানুষ ইভেন্টটিতে যোগ দিয়ে তাঁদের ভালোবাসার কথা জানাচ্ছেন, জানাচ্ছেন বাংলাদেশের প্রতি তাঁদের মুগ্ধতার কথা। দারিও কানো নোলাসকো নামের একজন যেমন লিখেছেন, ‘খবরটা মাত্র আমাদের পত্রিকায় পড়লাম। বিশ্বাসই করতে পারছি না আপনারা পৃথিবীর ঠিক অন্য প্রান্তের একটা দেশ থেকে আমাদের দলকে সমর্থন দিচ্ছেন। আশা করি হন্ডুরাসের প্রত্যেক মানুষ এই ইভেন্টটার কথা জানবে। আশা করি একদিন আপনাদের দেশে বেড়াতেও যাব।’

হোসে রেয়েস নামে একজন লিখেছেন, ‘এই ইভেন্টটা দুই দেশের মানুষদের মধ্যে বন্ধুত্ব তৈরি করছে। এরপর থেকে আমি বাংলাদেশের প্রতিটি মানুষকে বন্ধু হিসেবেই জানব।’ কেভিন গ্যাবিয়েল ক্রুজ নামের একজন গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে ভাঙা বাংলায় লিখেছেন, ‘বাংলাদেশের জয় হোক।’
ইভেন্টটির নাম পরিবর্তন করে ইংরেজিতে দেওয়া হয়েছে যেন হন্ডুরাসের সবাই বুঝতে পারে।

এ এক অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য, দুদিন আগেও দুই মহাদেশের দুই দেশের মাঝে ছিল না কোন জানাশোনা, সেখানে আজ তারা একে অপরের ভালোবাসায় সিক্ত! সেই সুদূর মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের জন্য বাংলাদেশের তরুণদের এ রকম অপ্রত্যাশিত সমর্থন পেয়ে হয়তো ঘরে বসে খুশিতে কাঁদছে কোনো হন্ডুরিয়ানও। ফুটবল শুধু একটি খেলাই নয়; দুটি দেশ, দুটি সংস্কৃতির মাঝে সেতুবন্ধনও।

ইভেন্টটির লিংক: (https://www.facebook.com/events/326137370870354/)

এল হেরাল্ডো পত্রিকায় প্রকাশিত খবরের লিংক: