হবস-হ্যামন্ডদের পাশে নাম লেখালেন বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bell_Image
bell_Image

গতবারের অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে ইয়ান বেল যখন ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন তখনো সেটার কোনো বিশেষত্ব ছিল না। দুই বছর আগের সেই ইনিংসটি যে রেকর্ড গড়ার প্রথম ধাপ ছিল, সেটা বোঝা গেল এবারের অ্যাশেজে। ট্রেন্ট ব্রিজের পর লর্ডস টেস্টেও সেঞ্চুরি করে মাত্র তিনজনের অভিজাত ক্লাবে নিজেকে অন্তর্ভুক্ত করে ফেললেন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান। বেলের আগে অ্যাশেজ সিরিজের টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করার এই বিরল কৃতিত্বটি ইংলিশদের মধ্যে আছে আর কেবল তিনজনের—জ্যাক হবস, ওয়ালি হ্যামন্ড এবং ক্রিস ব্রডের। এঁদের মধ্যে হবস এই কৃতিত্ব করে দেখিয়েছিলেন দুবার। পাহাড়সম চাপ নিয়েই গতকাল উইকেটে এসেছিলেন ইয়ান বেল। মাত্র ২৮ রানেই ৩ উইকেট হারানোয় বড়সড় ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কাই হয়তো ভর করেছিল ইংলিশ শিবিরে। কিন্তু দারুণ ব্যাটিং করে ইংল্যান্ডকে খাদের কিনার থেকে তুলে আনেন বেল। প্রথমে জোনাথন ট্রট আর পরে জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে দলকে নিয়ে যান ভালো অবস্থানে। ট্রেন্ট ব্রিজের মতো লর্ডসেও ঠিক ১০৯ রান করে আউট হন। ততক্ষণে একটি সম্মানজনক রেকর্ডের পাশে লেখা হয়ে গেছে বেলের নাম। ক্যারিয়ারের ১৯তম টেস্ট সেঞ্চুরিটি তুলে নিতে বেল খেলেছেন ২১১টি বল। উইকেটে ছিলেন পুরো পাঁচ ঘণ্টা। দিনের একেবারে শেষভাগে যখন স্টিভেন স্মিথের শিকার হন, তখন ইংল্যান্ড স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৭১ রান। প্রথম দিনের খেলা শেষ হতে বাকি ছিল মাত্র ১২ ওভার।

দিন শেষে অবশ্য নিজের এই ব্যক্তিগত অর্জনটি নিয়ে কোনো মন্তব্য করেননি বেল। তাঁর ভাবনায় ছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর রণকৌশল, ‘দেখা যাক প্রথম ইনিংসের জন্য ভালো স্কোরটা কেমন হতে পারে। যদি উইকেট এ রকম শুষ্ক অবস্থায় থাকে, তাহলে আমরা জানি যে আমাদের কিছু ভালো বোলার আছে। তাঁরা রিভার্স সুইং করাতে পারে আর পরে স্পিনও কার্যকরী ভূমিকা রাখতে পারবে।’ সূত্র: রয়টার্স।