হবস-হ্যামন্ডদের পাশে বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন ধুঁকছে। এ অবস্থায় উইকেটে নেমে ইয়ান বেল খেললেন আরও একটি সময়োপযোগী ইনিংস। পেলেন আরও একটি সেঞ্চুরি। পরশু লর্ডসে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি করে চতুর্থ ইংলিশ হিসেবে বেল গড়লেন অ্যাশেজে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি। যেটি জ্যাক হবস, ওয়ালি হ্যামন্ড ও স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রডের ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটসম্যানের নেই। হবস টানা তিন সেঞ্চুরি করেছেন দুবার।একই কীর্তির মধ্যেও প্রথম তিনজনের সঙ্গে বেলের একটা পার্থক্য আছে। হবস, হ্যামন্ড, ব্রড—তিনজনই কীর্তিটা গড়েছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে। বেল করলেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুই দেশ মিলিয়ে। ২০১০-১১ মৌসুমের অ্যাশেজে সিডনির শেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন। আড়াই বছর পর আরেকটি অ্যাশেজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করলেন বেল। ট্রেন্ট ব্রিজে ম্যাচজয়ী ১০৯ রানের ইনিংসের পর লডর্সেও সেই ১০৯। শুধু রান সমান বলেই নয়, গুরুত্ব বিচারেও দুটি ইনিংসই থাকছে একই পাল্লায়। ট্রেন্ট ব্রিজে তাঁর সেঞ্চুরিতে চড়েই ইংল্যান্ড প্রথম ইনিংসের ৬৫ রানের ঘাটতি পুষিয়েও পায় ৩১০ রানের লিড। যা শেষ পর্যন্ত এনে দিয়েছে ১৪ রানের জয়।লডর্সের সেঞ্চুরিটা প্রথম ইনিংসেই। তার পরও তাঁর ইনিংসটাই যেন গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য! শুরুতে কাঁপতে থাকা ইংল্যান্ড প্রথম ইনিংস শেষ করেছে ৩৬১ রানে। প্রথমে জোনাথন ট্রটের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ৯৯ রান ও পরে জনি বেয়ারস্টোর সঙ্গে গড়েন ১৪৪ রানের জুটি। পরে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১২৮ রানে গুটিয়ে দিয়ে ইংল্যান্ড পেয়েছে ২৩৩ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের জয়ের আশাটা যেন একটু একটু করে বড় হচ্ছে। শেষ পর্যন্ত যদি লর্ডসেও জিতে যায় ইংল্যান্ড, বেল ছুঁয়ে ফেলবেন হবস-হ্যামন্ডের ওই তিন সেঞ্চুরির ম্যাচেই জয় পাওয়ার কীর্তি। অবশ্য হবস দ্বিতীয়বার একই কীর্তি গড়ার পথে তাঁর দল ইংল্যান্ড হেরেছিল তিন ম্যাচেই।বেলের সামনে হ্যামন্ডের আরেকটি কীর্তিও ছোঁয়ার হাতছানিও। সিডনি ও মেলবোর্নে ডাবল সেঞ্চুরি করা হ্যামন্ড অ্যাডিলেডে সেঞ্চুরি করেছিলেন দুই ইনিংসেই। সিডনি, ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরির পর লডর্সের প্রথম ইনিংসেই সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের দেখা পেলে বেল নাম লেখাবেন কিংবদন্তি হ্যামন্ডের পাশে। ফর্মের তুঙ্গে থাকা বেল পারবেন? ওয়েবসাইট।