হবু বাবা ফেল্পস্কে সাবেক বান্ধবীর খোঁচা

আগামী বছর রিও অলিম্পিকে সোনা জিততে পারেন কি না বলবে সময়। তবে জিতলে মাইকেল ফেল্পসের উদ্যাপনের ভঙ্গিটা যে বদলে যাবে সেটি মোটামুটি নিশ্চিত। শুধু মুষ্ঠিবদ্ধ হাত কিংবা দুহাত ছড়িয়ে উন্মত্ত ভঙ্গি নয়, উদ্যাপনে ছোট বাচ্চার জন্য কোনো ইঙ্গিত যুক্ত হচ্ছে ধরেই নিতে পারেন। মার্কিন সাঁতারু যে বাবা হচ্ছেন! বাগদত্তা নিকোল জনসনের গর্ভে ‘বড়’ হচ্ছে ফেল্পস জুনিয়র, আর ২৪ সপ্তাহ পর তার পৃথিবীর আলোয় আসার কথা।
তবে এই খুশির সময়েও একটা বিতর্ক ছুঁয়ে যাচ্ছে ফেল্পসকে। ১৮টি সোনাসহ ২২টি অলিম্পিক পদকজয়ী এই সাঁতারুকে নিয়ে একের পর এক বেঁফাস মন্তব্য করে যাচ্ছেন তাঁর সাবেক বান্ধবী ও প্রাপ্ত বয়স্ক চলচ্চিত্রের অভিনেত্রী টেলর শ্যান্ডলার। বাবা হওয়ার সংবাদে ফেল্পসকে অভিনন্দন জানিয়েছেন বটে, তবে নিজেদের যৌন সম্পর্কের কথা টেনে এনে শ্যান্ডলার বলেছেন, ‘প্রার্থনা করি ওর ছেলে যেন যৌনবাহিত রোগ মুক্ত হয়ে জন্ম নেয়।’
‘ফেল্পস বাবা হচ্ছেন’—এমন সংবাদ জানার পরই ফেসবুকে নিজের যত রাগ-ক্ষোভ ঝাড়তে শুরু করেন শ্যান্ডলার। ফেল্পসে্র বিরুদ্ধে অনিরাপদ যৌনসম্পর্কের অভিযোগ তো তুলেছেনই, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা সাঁতারুকে তুলনা করলেন ইংরেজি সিরিয়াল ‘টু অ্যান্ড এ হাফ ম্যান’ খ্যাত তারকা চার্লি শিনের সঙ্গে। কিছুদিন আগেই নিজেকে ‘এইচআইভি পজিটিভ’ স্বীকার করেছেন শিন। এই অভিনেতার সঙ্গে ফেল্পসের যৌনাচারের তুলনা করে শ্যান্ডলার বলেছিলেন, ‘ওর কাছে চার্লি শিনও একটা বাচ্চা।’
ফেল্পসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় কেমন মুষড়ে পড়েছিলেন, কিংবা অন্য কারও গর্ভে ফেল্পসের সন্তান আগমনের খবর শোনা কতটুকু কঠিন ছিল, ফেসবুক পোস্টে ৪২ বছর বয়সী শ্যান্ডলার জানিয়েছেন সেটিও। ফেল্পস অবশ্য কখনোই শ্যান্ডলারের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি জনসম্মুখে আনেননি।
এর আগে গত বুধবার ফেল্পস জানিয়ে দেন, তাঁর ও বান্ধবী নিকোলের ঘরে নতুন অতিথি আসছে। গত বছর ফেব্রুয়ারিতে বান্ধবীর অনামিকায় আংটি পরিয়েছেন ৩০ বছর বয়সী সাঁতারু। তথ্যসূত্র: ডেইলি মেইল।