হরতালে উদ্বিগ্ন নিউজিল্যান্ড দল

সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন ছিল। সেটা সেরে হোটেলে ফেরার পর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামসহ নিউজিল্যান্ড দলের কয়েকজন কফি খেতে গেলেন উল্টো দিকের কফি শপে। কাল সারা দিন নিউজিল্যান্ড দলের গতিবিধি ছিল এ পর্যন্তই। বিকেলে কফির আড্ডাটাও হোটেলের লবিতেই সেরে নিতে হয়েছে খেলোয়াড়দের।
সন্ত্রাসী হামলার ভয়ে সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে যাওয়ার নজির আছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। কখনো পাকিস্তান থেকে, কখনো বা শ্রীলঙ্কা থেকে সিরিজ শেষ না করে ফিরে গেছে দেশে। উপমহাদেশের দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা নিয়ে তাদের ভয়টা পুরোনো। এবার বাংলাদেশে এসে আবারও যেন ফিরে এসেছে সেই ভয়। পত্রপত্রিকা, টেলিভিশনের খবর আর ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দলের সবারই জানা। কাল হোটেল লবিতে স্থানীয় সাংবাদিক পেয়ে তাই কৌতূহল দমিয়ে রাখতে পারলেন না মিডিয়া ম্যানেজার রিচার্ড আরভিন। বারবার জানতে চাচ্ছিলেন, দেশের পরিস্থিতি কী? হরতালে খেলায় কোনো ঝামেলা হবে না তো?
ক্রিকেটের জনপ্রিয়তা এ দেশে রাজনীতিরও ঊর্ধ্বে জানিয়ে আশ্বস্ত করা হলো তাঁকে। আরভিন আশ্বস্তই হলেন মনে হলো, ‘এখন পর্যন্ত পাওয়া নিরাপত্তাব্যবস্থায় আমরা সন্তুষ্ট। আমাদেরও আশা এসব ব্যাপার খেলায় কোনো প্রভাব ফেলবে না।’ তার পরও দুপুরের পর আর হোটেলের বাইরে পা দেয়নি কেউ। ঢাকায় আসার পর হোটেলের বাইরে বলতে রাস্তার ওপারের যে কফি শপটাতে যেতেন খেলোয়াড়েরা, নিরাপত্তাকর্মীদের পরামর্শে কেউ যায়নি সেখানেও। বাতিল করা হয়েছে আজ সকালের পূর্বনির্ধারিত অনুশীলনও।
চলমান পরিস্থিতিতে নিউজিল্যান্ড দলকে নিরাপদ রাখতে বিসিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছে সব রকম ব্যবস্থাই। হোটেল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাওয়া-আসা হচ্ছে সেনানিবাসের ভেতর দিয়ে। হরতালের দিনগুলোয় দলের সঙ্গে দেওয়ার কথা বাড়তি নিরাপত্তাও। এ ছাড়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজকে হরতালের আওতামুক্ত রাখতে কাল প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব বরাবর একটা চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মতো বৃষ্টিও এবার কম ভোগাচ্ছে না নিউজিল্যান্ড দলকে। ওয়ানডে সিরিজের আগে এটাকে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করলেন দলের মিডিয়াম পেসার টিম সাউদি। টেস্ট সিরিজ ড্র হওয়াটাও তাঁর কাছে হতাশার। তবে ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই তাঁর, ‘উপমহাদেশের কন্ডিশনে অনেক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আমাদের। টেস্ট দলের সঙ্গে আমরা অনেক দিন ধরেই এখানে আছি। দলের কয়েকজন তো ‘এ’ দলের সঙ্গে ভারত, শ্রীলঙ্কাও সফর করে এসেছে।’
বাংলাদেশে সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজটা এখনো দগদগে ঘা হয়ে থাকার কথা নিউজিল্যান্ড দলের কাছে। ৪-০-এর সে অভিজ্ঞতা মনে করিয়ে দিতেই সাউদি বললেন, ‘৪-০-তে হারাটা হতাশাজনক তো অবশ্যই। তবে সময় অনেক বদলে গেছে। গত কয়েকটা ওয়ানডেতে আমরা ভালো খেলেছি। তা ছাড়া ওই সিরিজটা হয়েছে অনেক আগে। এখনকার দলটাও নতুন। কাজেই তিন ম্যাচের সিরিজটার জন্য আমরা মুখিয়েই আছি বলতে পারেন।’ ওয়ানডে সিরিজ জেতার আশা করলেও সাউদি স্বীকার করেছেন, অতীতের যেকোনো বারের তুলনায় এবার সে কাজটা কঠিন হবে, ‘গত কয়েক বছরে ওয়ানডেতে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। বিশেষ করে নিজেদের মাটিতে খুবই ভালো খেলে তারা।’