হরতালের মধ্যেই চলবে জাতীয় লিগ
হরতালের কারণে কাল বন্ধ ছিল জাতীয় লিগের খেলা। তবে আজ হরতালের মধ্যেও খেলা চলবে। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন কাল নিশ্চিত করেছেন সেটি।মিরপুর ও ফতুল্লায় জাতীয় লিগের দ্বিতীয় পর্বের দুটি ম্যাচেরই হয়ে গেছে দুই দিন করে খেলা। গতকাল তৃতীয় দিনের খেলা থাকলেও হরতালের কারণে স্থগিত ছিল সেটি। কালকের হরতালের পর বিএনপি আজ আবারও হরতাল ডাকলেও এবার আর বন্ধ হচ্ছে না জাতীয় লিগ। গাজী আশরাফ হোসেন কাল টেলিফোনে বলেছেন, ‘এটা আগেরই সিদ্ধান্ত, লাগাতার হরতাল হলে খেলা চলবে। আমরা হরতালের মধ্যেই জাতীয় লিগ শেষ করব ইনশাআল্লাহ।’ আজকের পর আবার হরতাল পড়লেও খেলা চলবে বলে জানিয়েছেন তিনি।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে সিলেট-রাজশাহীর ম্যাচ। খেলোয়াড়দের হোটেল মাঠের কাছেই বলে এই ম্যাচে হরতাল বড় বাধা নয়। বাধা ফতুল্লায় অনুষ্ঠানরত খুলনা-ঢাকা মহানগর ম্যাচটিতেই, এখানে যোগাযোগ একটু সমস্যা। টুর্নামেন্ট কমিটির প্রধান জানিয়েছেন, ভোর পাঁচটার সময়ই ভেন্যুর উদ্দেশে রওনা হয়ে যাবে দুই দল। ফিরবে সন্ধ্যায় হরতাল শেষে। তা ছাড়া খেলাধুলায় হরতাল বাধা হবে না বলেও বিশ্বাস তাঁর, ‘ক্রিকেটের প্রতি দলমত-নির্বিশেষে সবার সমর্থন আছে। আশা করি, খেলা চালাতে সমস্যা হবে না।’