হরভজনকে অলরাউন্ডার হিসেবেই বিবেচনা ধোনির
ভারতের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হিসেবেই হরভজন সিংকে বিবেচনা করা হতো এত দিন। তাঁর অফ স্পিনের ঘূর্ণিতে প্রায় নিয়মিতই নাকাল হতে হয় ব্যাটসম্যানদের। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই নিজের অন্য একটা পরিচয়ও দাঁড় করিয়েছেন ভাজ্জি। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পরপরই তাঁকে ‘অলরাউন্ডার’ হিসেবে ডাকা শুরু করে দিয়েছিলেন অনেকেই। এবার তার আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলল ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে। ভারতের বিশ্বকাপ মিশনে হরভজনকে অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করবেন বলে জানিয়েছেন ধোনি।নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট দুটিতে দলের খুবই দুর্যোগপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে প্রতিরোধ গড়েছিলেন হরভজন। তাঁর ব্যাটিং সক্ষমতার পরিচয় আরও ভালোমতো পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেটিতে। ২২১ রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই পাঁচ উইকেট হারিয়েছিল ভারত। ষষ্ঠ উইকেট জুটিতে ৭৫ রান যোগ করে ভারতীয় শিবিরে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন ইউসুফ পাঠান ও সুরেশ রায়না। কিন্তু ১৮২ রানের মধ্যেই এ দুজনই সাজঘরে ফিরে গেলে আবারও ম্যাচ চলে যায় দক্ষিণ আফ্রিকার হাতে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তখন দরকার ছিল ৪০ রান। হাতে আছে মাত্র তিন উইকেট। ভারতের জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু সে সময়ই আবার ভারতকে রক্ষা করলেন অলরাউন্ডার হরভজন। স্পেশালিস্ট ব্যাটসম্যানের মতো ২৫ বলে ২৩ রানের হার না মানা ইনিংসটি খেলে দলকে নিয়ে গেলেন জয়ের দ্বারপ্রান্তে।এর পরও হরভজনকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা না করে কি কোনো উপায় আছে ধোনির? তবে এতে যেন হরভজনের ওপর কোনো প্রত্যাশার চাপ তৈরি না হয়, সে ব্যাপারে তিনি আবারও সাবধান করে দিয়েছেন সবাইকে। তিনি বলেছেন, ‘আমরা হরভজনকে অলরাউন্ডার ডেকে তার ওপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তবে তাকে আমরা অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করছি। সে বল হাতে খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। সেই সঙ্গে ব্যাটসম্যান হিসেবেও বিস্ময়কর প্রকাশ ঘটছে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে খুবই সংকটপূর্ণ মুহূর্তে সে টানা দুটি সেঞ্চুরি করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তার শেষ মুহূর্তের অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণেই আমরা জয় পেয়েছি।’ টাইমস অব ইন্ডিয়া।