হরভজনের ব্যাটে এগিয়ে ভারত
নিজেকে যেন পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবেই তুলে ধরতে চাইছেন হরভজন! আহমেদাবাদে গত টেস্টে অভিষেক সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে নিশ্চিত হার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। হায়দরাবাদে চলতি দ্বিতীয় টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগিয়ে ভাজ্জি। তাঁর অপরাজিত ৮৫ রানের সুবাদে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ নয় উইকেটে ৪৩৬ রান। হরভজনের ব্যাটে প্রথম ইনিংসে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের চেয়ে ৮৬ রানে এগিয়ে স্বাগতিকেরা, হাতে রয়েছে একটি উইকেট।দুই উইকেট, ১৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারতীয় দল। আগের দিন শচীন টেন্ডুলকার ১১ ও দ্রাবিড় সাত রানে অপরাজিত ছিলেন। আজ ব্যক্তিগত সংগ্রহে মাত্র দুই রান যোগ করতেই ভেট্টোরির শিকার টেন্ডুলকার। সাজঘরে ফেরার আগে দ্রাবিড় করেন ৪৫ রান। এরপর লক্ষণ খেলেন ৭৪ রানের এক অসাধারণ ইনিংস। দিনের খেলা শেষ হওয়ার সময় ৮৫ রানে অপরাজিত ছিলেন হরভজন। নিউজিল্যান্ডের হয়ে ভেট্টোরি চারটি ও সাউদি তিনটি উইকেট শিকার করেছেন। ক্রিকইনফো।