সিরিজ শুরুর আগে দরকার ছিল সাতটি উইকেট। আগের দুই টেস্টে নিয়েছিলেন পাঁচটি। কাল ড্যারেন স্যামি ও কার্লটন বাফকে আউট করে ছুঁয়ে ফেললেন মাইলফলক—টেস্টে ৪০০ উইকেটের মালিক এখন হরভজন সিং। ভারতীয় হিসেবে কপিল দেব ও অনিল কুম্বলের পরই। সব মিলিয়ে টেস্টে ৪০০ উইকেট পাওয়া ১১তম বোলার।হরভজনের পাশাপাশি ইশান্ত শর্মাও গড়লেন আরেক কৃতিত্ব। টেস্টে তৃতীয়বারের মতো পেলেন পাঁচ উইকেট। এই দুজনের সঙ্গে প্রাভিন কুমারের ২টি মিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০৪ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।আগের দিনের হারানো সময়ের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে খেলা শুরু হওয়ার কথা ছিল আধঘণ্টা আগে। বৃষ্টির কারণে শুরু হলো ৪৫ মিনিট পর। রানের গতি এমনিতেই ছিল মন্থর, ভারতীয় পেসারদের নিখুঁত লাইন-লেংথের সামনে কাল যেন থমকেই দাঁড়ায়। ইশান্ত-মুনাফের বল বেশ কয়েকবার অভিজ্ঞ চন্দরপলের ব্যাটের কানা নেয়নি অল্পের জন্য। শেষ পর্যন্ত মুনাফের অফ স্টাম্প ঘেঁষা এক বলেই ধরা পড়লেন উইকেটের পেছনে। এর আগে ২০০৯ সালের এপ্রিলে মুনাফ সর্বশেষ টেস্ট উইকেটটিও পেয়েছিলেন ধোনির হাতে ক্যাচ বানিয়ে! এই টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার মাইলফলক ছুঁলেন চন্দরপল। কিন্তু সিরিজটা মোটেও ভালো কাটছে না। পাঁচ ইনিংসে সর্বোচ্চ ৩৭! ওয়েবসাইট।কাল ওয়েস্ট ইন্ডিজ আসলে ২০০ রান টপকেছে ড্যারেন ব্রাভো (৫০) আর কার্লটন বাফের (৬০) হাফ সেঞ্চুরিতে। ষষ্ঠ উইকেটে ব্রাভোকে নিয়ে সর্বোচ্চ ৫৯ রানের জুটি গড়েন বাফ। এই দুজন ছাড়া বাকি সময়টা ছিল ভারতেরই।