হরিজের জায়গায় ডোহার্টি
অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন নাথান হরিজ। ১৭টি টেস্ট খেলা এই অফ স্পিনারের জায়গায় দলে এসেছেন বাঁহাতি আনঅর্থোডক্স স্পিনার জেভিয়ার ডোহার্টি। ২৫ নভেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টের ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে ডোহার্টি ছাড়াও জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার স্টিভেন স্মিথ।বলতে গেলে ভারত সফরেই দলে টলমল হয়ে পড়েছিল নাথান হরিজের আসন। ২ টেস্টের সিরিজে ৬ উইকেট নিয়েছিলেন ৬৫.০০ গড়ে! তার পরও একটা সুযোগ দেওয়ার জন্য ব্রিসবেন টেস্টের প্রাথমিক দলে তাঁকে রেখেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে ভালো করতে পারলে হয়তো ১৩ সদস্যের দলে থাকতে পারতেন। কিন্তু সর্বশেষ ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে বলার মতো কিছুই করতে পারেননি হরিজ। দুই ইনিংসে করেছেন ০ ও ৬ রান। ফিল্ডিংয়ে ক্যাচ মিস করেছেন প্রতিপক্ষ অধিনায়ক রিকি পন্টিংয়ের, দল যার মূল্য দিয়েছে ১ উইকেটে ম্যাচ হেরে। হরিজের জায়গায় দলে ডাক পাওয়া ডোহার্টির রেকর্ড অবশ্য আহামরি কিছু নয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮৪ উইকেট নিয়েছেন ৪৮ গড়ে। তার পরও একটা পরিকল্পনা মাথায় রেখেই নির্বাচকেরা দলে নিয়েছেন তাঁকে। আর সে পরিকল্পনা হলো বাঁহাতি ডোহার্টির স্পিন বড় ঝামেলায় ফেলবে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যানদের। তাই অ্যান্ড্রু হিলড্রিচ আভাস দিয়েছেন ব্রিসবেনেই টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ডোহার্টির, ‘আমরা যদি কোনো স্পেশালিস্ট স্পিনারকে খেলাই, আমি পুরোপুরি নিশ্চিত সে হবে জেভিয়ার।’আসলে দলে একজন শেন ওয়ার্নের উত্তরসূরি খুঁজছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তেমন কাউকে পাওয়া যাচ্ছে না বলেই দলে নতুন নতুন স্পিনারের আবির্ভাব। ২০০৭ সালে ওয়ার্নের অবসরের পর স্টুয়ার্ট ম্যাকগিল, ব্র্যাড হগ, জেসন ক্রেজা, বিউ ক্যাসন, ক্যামেরুন হোয়াইট, ব্রাইস ম্যাকগেইনরা খেলেছেন। বলতে গেলে দলে সেভাবে পাকাপোক্ত জায়গা করে নিতে পারেননি কেউই। ডোহার্টি কি পারবেন?সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারায় দলে ঠাঁই হয়নি ব্যাটসম্যান উসমান খাজা, ক্যালাম ফার্গুসন এবং ফাস্ট বোলার রায়ান হ্যারিসের। গত সপ্তাহে ঘোষিত ১৭ সদস্যের দলে ছিলেন তাঁরা। প্রস্তুতি ম্যাচে ১০ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া ‘এ’। এএফপি, ওয়েবসাইট।ব্রিসবেন টেস্টের অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, ডগ বলিঞ্জার, জেভিয়ার ডোহার্টি, ব্র্যাড হাডিন, মাইক হাসি, বেন হিলফেনহস, মিচেল জনসন, সাইমন ক্যাটিচ, মার্কাস নর্থ, পিটার সিডল, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন।