হল অব ফেমে টাইসন বরণ
মাইক টাইসনের প্রসঙ্গ উঠলে প্রথমে মনে পড়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার কুখ্যাত সেই ঘটনা, ১৯৯২ সালে ডিজিরি ওয়াশিংটন নামের যুক্তরাষ্ট্রের এক সুন্দরী প্রতিযোগিনীকে ধর্ষণের দায়ে জেল খাটার কথা। সামনে চলে আসে তাঁর যত কুকীর্তি। এসব মনে পড়ারই কথা, কারণ তিনি যে ছিলেন একসময়ের স্বঘোষিত ‘এই গ্রহের সবচেয়ে খারাপ মানুষ।’কিন্তু সারা দুনিয়া কি টাইসনকে শুধু এসব কারণেই চিনেছে? এর আগে তো তিনি ছিলেন চ্যাম্পিয়ন বক্সার। বক্সিং-দুনিয়া রিংয়ে তাঁর উজ্জ্বল কীর্তিগুলোকে ভোলেনি। বিশ্বের সর্বকনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসন তাই স্থান পেলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে। পরশু নিউইয়র্কের বৃষ্টিভেজা এক মেঘাচ্ছন্ন দিনে আরও কয়েকজনের সঙ্গে হল অব ফেমে বরণ করে নেওয়া হলো তাঁকে।১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে ট্রেভর বারবিককে নকআউট করে জিতেন বিশ্ব বক্সিং কাউন্সিল শিরোপা। এরপরের ২০ বছরের ক্যারিয়ারে ৫৬টি লড়াইয়ে অংশ নিয়ে ৫০টিতেই জিতেছেন টাইসন। এর মধ্যে ৪৪টিতে নকআউট করেছেন প্রতিদ্বন্দ্বীকে। আর তিনিই পরশু ‘নকআউট’ হয়ে গেলেন বক্তৃতা দিতে গিয়ে। ওই সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কথাই শেষ করতে পারেননি টাইসন। ‘এটা অভিভূত হওয়ার মতোই ঘটনা। আপনি হয়তো বোঝাতে চাইবেন এটা তেমন কিছু নয়। কিন্তু আসলে তেমন কিছুই। আমার বিশ্বাস হচ্ছে না এখানে আমার নাম আছে। সব সময়ই আমি এটা চেয়ে এসেছি’—বলেছেন আবেগাপ্লুত টাইসন।আগামী ৩০ জুন পঁয়তাল্লিশে পা দিতে যাওয়া টাইসন তাঁর প্রথম প্রশিক্ষক প্রয়াত কাস ডি’আমাতোকে স্মরণ করতে গিয়ে বাষ্পরুদ্ধ হয়ে যান। কিশোর সংশোধনী কেন্দ্র থেকে তাঁকে উদ্ধার করে বক্সার বানিয়েছিলেন ডি’আমাতো। সংশোধনী কেন্দ্রে যাওয়ার কারণও বলেছেন তিনি, ‘সব সময়ই মানুষ আমার ছিনতাইয়ের শিকার হতো।’মঞ্চে এসব কথা বলার পর কিছু সময়ের জন্য থেমেছেন। কিন্তু আবেগ সামলাতে না পেরে বক্তৃতা সংক্ষেপ করেই নেমে পড়েন শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে।টাইসনের সঙ্গে হল অব ফেমে আর যাঁরা স্থান পেয়েছেন তাঁরা হলেন হলিউডের চলচ্চিত্র তারকা সিলভেস্টার স্ট্যালোন (রকি ছবির জন্য), মেক্সিকোর হুলিও সিজার শাভেজ, রুশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোস্তায়া সিজয়ু, মেক্সিকান প্রশিক্ষক ইগনাসিও ‘নাচো’ বেরিস্তেইন ও রেফারি জো করটেজ। ওয়েবসাইট।