হলই আবাহনীর নতুন কোচ
প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল আগেই। কাল রাতে চূড়ান্ত হয়েছে নাথান হলের নিয়োগ। ২৯ বছরের এই তরুণই হচ্ছেন আবাহনী ফুটবল দলের নতুন কোচ। কোরবানির ঈদের পরপরই ২০ অক্টোবর ঢাকা এসে তাঁর দায়িত্ব নেওয়ার কথা।
আবাহনীর কোচ হওয়ার দৌড়ে নাথান হল পেছনে ফেলেছেন হল্যান্ড, ইংল্যান্ডের জনা পাঁচেক কোচকে। সর্বশেষ গত রাতেও একজন ফরাসি কোচের জীবনবৃত্তান্ত এসেছিল আবাহনী নীতিনির্ধারকদের হাতে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকেও বিবেচনা করা হয়নি।
হলকে বেছে নেওয়ার অন্যতম বড় কারণ, এই অঞ্চলে তাঁর কাজ করার অভিজ্ঞতা। ভারতের আই লিগে সিকিম ইউনাইটেডের কোচ ছিলেন গত মৌসুমে। এ ছাড়া থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় দুটি বড় ক্লাবের সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা আছে। থাই মেয়েকে বিয়ে করে ব্যাংককে বসত গড়া হলের সঙ্গে এক মৌসুমের জন্যই আপাতত চুক্তি হচ্ছে আবাহনীর।
গত তিন মৌসুমে আবাহনীতে কাজ করে গেছেন দুজন ইরানি কোচ। গত মৌসুমে যিনি ছিলেন, সেই আরদেশির পোরনেমাতের অধীনে আবাহনী কোনো ট্রফি জিততে পারেনি। এই ব্যর্থতা ঘোচাতেই এবার তরুণ কোচে আস্থা আকাশি-নীল দলের।