হলিডে ইনেই থাকছে বাংলাদেশ
পানি থেকে পেট্রলের গন্ধ পুরোপুরি যায়নি। তবে কমে এসেছে অনেকটাই। হারারেতে হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত তাই আপাতত বাদ দিয়েছে বাংলাদেশ দল।পরশু খেলা চলাকালে বাংলাদেশ দলের লিয়াজোঁ কর্মকর্তা এবং জিম্বাবুয়ে ক্রিকেটের ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক ক্রিস চিকেটা গিয়েছিলেন হলিডে ইন হোটেলে। সেখানে সবকিছু দেখে তাঁরা টেলিফোনে বাংলাদেশ দলের ম্যানেজার তানজীব আহসানকে জানান, পানির দুর্গন্ধ অনেকটাই কমে গেছে। রাতে হোটেলে ফিরেও তাই দেখেছেন দলের খেলোয়াড়-কর্মকর্তারা। ‘বেসিনের পানিতে এখনো একটু বাজে গন্ধ আছে। তবে বাথটাবের পানি ঠিক আছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন দু-এক দিনের মধ্যে সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে। এখন আর তাই হোটেল বদলাচ্ছি না’—জানিয়েছেন তানজীব আহসান।তবে কাল সকালে নাশতার সময়ও দু-একজন ক্রিকেটারকে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে হোটেলের পানি নিয়ে। ঘুম থেকে উঠে হাত-মুখটা যে বেসিনেই ধুতে হয়!