হলুদ ব্রাজিলের সামনে আজ কমলা হল্যান্ড
কয়েক পা এগোলেই আটলান্টিকের অতল জলরাশি। তার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে ফ্যালকনের দঙ্গল। আমরা যাকে বলি বাজপাখি। খয়েরি ডানা, পায়ে সাদা সাদা ফিতার মতো দাগ। মায়াবী চেহারা। অথচ ওরা মোটেই মায়াবী নয়, বরং নিষ্ঠুর ঘাতক। পোর্ট এলিজাবেথের এই ফ্যালকন আরও বেশি। পায়রা কিংবা অন্য প্রাণীদের রক্ষা নেই এদের হাত থেকে। এখানকার নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে শেষ আটের উদ্বোধনী ম্যাচে হল্যান্ডের সামনে কি ফ্যালকনের চেহারা নিয়েই আবির্ভাব ঘটবে ব্রাজিলের?সেটি কী করে বলা যায়! কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের লড়াই অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামুখর। আর তিন পা এগোলেই শিরোপার মঞ্চ। এখানে কোনো দলকে ফ্যালকন আর অন্য দলকে সেটির খাদ্য হিসেবে কল্পনা করা কঠিন। আজ জোহানেসবার্গ সকার সিটির দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে ঘানাও তা চাইবে না। তবে হ্যাঁ, ফ্যালকনের মতো প্রতিপক্ষের স্বপ্নকে ছোঁ মারার প্রতিজ্ঞা তো থাকবেই সব দলের।আর নকআউট পর্বে ব্রাজিল-হল্যান্ডের ‘হানাহানি’ তো পুরোনো গল্প। ফিরে ফিরে আসছে ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনাল। রোনালদো ও প্যাট্রিক ক্লাইভার্টের গোলে অমীমাংসিত থাকা ম্যাচটা গিয়েছিল টাইব্রেকারে। সেখানেই ৪-২ গোলে আত্মসমর্পণ হল্যান্ডের। বিখ্যাত কমলা জার্সি ডাচ পরিভাষায় যাদের নাম ‘অরাঞ্জে’।এর আগের বার, ১৯৯৪ বিশ্বকাপেও ব্রাজিলের হাতেই খুন হয় ডাচ-স্বপ্ন। মুহূর্তে মুহূর্তে রং পাল্টানো ম্যাচটি ব্রাজিল জিতেছিল ৩-২ গোলে, ৮১ মিনিটে ব্রাঙ্কোর ফ্রি-কিকে। এর আগে ১৯৭৪ সালে বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাতে জিতেছিল হল্যান্ড। ইতিহাসই সাক্ষ্য দিচ্ছে, হল্যান্ডের সামনে মোটেই ফ্যালকন হতে পারেনি ব্রাজিল।ও গ্লোবোর আলেক্সান্দ্রিও রেনাতোর ল্যাপটপের কি-বোর্ড ঝড় তুলছিল, কিন্তু তাঁর মনে নাকি তখন অদ্ভুত নির্জনতা। ঝড়ের আগে যেমন শান্ত থাকে আকাশ। ‘এই ডাচ দল ব্রাজিলকে অবশ্যই ঝড়ের মুখে ঠেলে দিতে পারে। এদের দিকে কেউ তেমন করে তাকায়নি, কিন্তু তারা দুর্দান্ত’—বলছিলেন রেনাতো। ব্রাজিলের সব সাংবাদিক আর বেশির ভাগ সমর্থকই ডাচদের দিকে সমীহের চোখে তাকাচ্ছে।চারটি ম্যাচই জিতে শেষ আটে হল্যান্ড। জয়ের দিক দিয়ে আর্জেন্টিনার সঙ্গে তারা একই বিন্দুতে। সাতটি গোল দিয়ে খেয়েছে মাত্র দুটি, দুটিই পেনাল্টি থেকে। স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম শুরু থেকেই খেলে আরিয়েন রোবেন দেখিয়ে দিলেন তাঁর জাদু। ডান প্রান্ত দিয়ে গতির ঝড় তুলে কাট করে ভেতরে ঢুকতে থাকলেন, কাঁপিয়ে দিতে লাগলেন স্লোভাক রক্ষণ। প্রথম গোলটাও করলেন। ওয়েসলি স্নাইডার, রবিন ফন পার্সি, ফন ডার ভার্টের সঙ্গে রোবেন যোগ হওয়া মানে দুর্ধর্ষ আক্রমণভাগ। লুসিও, হুয়ান, বাস্তোস ও মাইকনের দুর্ভেদ্য রক্ষণদুর্গকেও পরীক্ষায় তারা ফেলতেই পারে। কে বলতে পারে কাকা, রবিনহো ও লুইস ফ্যাবিয়ানো—ব্রাজিলের এই ত্রিফলাকেও তাঁরা ছাড়িয়ে যাবেন না?লড়াইটা তাই হাড্ডাহাড্ডিই হতে যাচ্ছে, স্নায়ুক্ষয়ী তো বটেই। নিরপেক্ষ ফুটবলপ্রেমীরা অবশ্য সবার আগে দেখবে আনন্দদায়ী এক ম্যাচের সম্ভাবনা। সেলেসাওদের হেক্সা (ষষ্ঠ শিরোপা) বনাম অরাঞ্জেদের অধরা শিরোপা জয়ের এই মিশনে কে যে শেষ হাসিটা হাসবে!নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের খুব কাছের এনডব্লুএম স্টেডিয়ামে কাল অনুশীলন করল ব্রাজিল। হল্যান্ড গেলভানডেল স্টেডিয়ামে। মহারণের জন্য প্রস্তুত দুই দলই।পরপর দুটি ফাইনালে উঠেও ট্রফির দেখা না পাওয়ার অভিশাপ ঘোচাতে চায় হল্যান্ড। কিন্তু দুঙ্গার ব্রাজিলই কেন শিরোপার তিন পা দূর থেকে ফিরে যাবে? রবিনহো জাদু দেখাচ্ছেন। কাকা নিজেকে ফিরে পাচ্ছেন। দুঙ্গাই বলেছেন, একটা করে ম্যাচ যাচ্ছে, আর তাঁর দল খোলতাই হচ্ছে চ্যাম্পিয়নের চেহারায়। যেকোনো বাধা পেরোতে তারা প্রস্তুত। খেলার ধরন নিয়ে কে কী বলল, তাতে তাঁর কিছু আসে-যায় না।তবে এই সমালোচকদের একজন যদি হন পেলে, মনঃসংযোগে একটু হলেও চিড় ধরবে না তাঁর? পেলে আবারও আক্রমণ করেছেন দুঙ্গার ব্রাজিলকে। দ্বিতীয় রাউন্ডের বিধ্বংসী জয়ের পরও বলেছেন, ‘ব্রাজিলের এই দল শুধু প্রতি-আক্রমণে ভরসা করে খেলে। এরা বলের নিয়ন্ত্রণ নিতে পারে না। দুর্দমনীয় ইচ্ছাশক্তি এবং প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার সামর্থ্য এদের নেই।’ব্রাজিল সমর্থকেরা পেলের বক্তব্যকে একদিক দিয়ে নিচ্ছে অনুপ্রেরণা হিসেবে। পেলে কিংবা সাবেক কোনো গ্রেট দুঙ্গার সমালোচনা করলেই নাকি তাঁর চুল আরও খাড়া হয়ে যায়। আজও তিনি দেখিয়ে দেবেন!নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামটা খুব সুন্দর। ওপরের চারপাশ ঘিরে একটা নকশা করা হয়েছে, কী একটা মুড়িয়ে মুড়িয়ে। কে জানে, এই মোড়কের নিচে আজ অপেক্ষা করছে কোনো নাটক!