হলুদ-স্বপ্নের ফেরিওয়ালা

জন্ম ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি। আজ তাঁর বয়স ২২ বছর চার মাস আট দিন। কচি এই কাঁধটাতেই ব্রাজিলের ২০ কোটি মানুষের প্রত্যাশার বোঝা। নেইমার পারবেন সেই বোঝা বহন করে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে?
নেইমারই ব্রাজিলিয়ানদের স্বপ্নসারথি। বিশ্বকাপের বাঁশি বাজার আগ মুহূর্তে স্বয়ং পেলেও বললেন, নেইমারই বহন করবেন ব্রাজিলিয়ানদের প্রত্যাশা। এত কম বয়সে এত বেশি প্রত্যাশা, বার্সেলোনা তারকার ওপর চাপটা বেশি হয়ে যাবে না তো? পেলের উদ্বেগও সেটাই। বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’তে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারকে দেওয়া সাক্ষাৎকারে তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মহানায়ক বলেছেন, ‘নেইমার তরুণ। সবটুকু দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার চাপ ওর জন্য একটু বেশিই।’
চাপটা যাতে দলের অন্য সতীর্থরা ভাগ করে নেন, সে জন্যই হয়তো পেলের এই উদ্বেগ। নয়তো পেলেও জানেন, বয়স কম হলেও তাঁর উত্তরসূরির কচি কাঁধটা প্রত্যাশার ঝান্ডা বইতে যথেষ্টই পরিণত৷ সেটার প্রমাণ নেইমার গত বছর কনফেডারেশনস কাপেই দিয়েছেন। পেলের বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সি পরেই বিশ্বকাপের ওই ‘মহড়া’ টুর্নামেন্টে দলকে জিতিয়েছিলেন শিরোপা। ফাইনালের ম্যাচ সেরার পুরস্কারসহ জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।
এবারের মঞ্চটা অবশ্য আরও বড়। সেটা একদিক দিয়ে নেইমারের জন্য অনুপ্রেরণারও। নিজের প্রথম বিশ্বকাপেই দেশবাসীর প্রত্যাশার ‘মধ্যমণি’ হওয়ার সৌভাগ্য ইতিহাসে কজন ফুটবলারেরই বা হয়েছে! নেইমার সৌভাগ্যবান, প্রথম বিশ্বকাপটা তিনি খেলছেন ঘরের মাঠে। আজ যখন ব্রাজিলিয়ানদের স্বপ্নের ফেরিওয়ালা হয়ে মাঠে নামবেন, সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারি থাকবে তাঁর পেছনে। কোচ লুইস ফেলিপে স্কলারি, এমনকি সতীর্থরাও বলছেন, নেইমারই তাদের কান্ডারি। স্ট্রাইকার ফ্রেড যেমন দিন দুই আগেই বলেছেন, ‘মাঠে আমরা যখন কিছু বুঝে উঠতে পারি না, বল দিয়ে দিই নেইমারকে৷ ও ঠিকই একটা উপায় বের করে ফেলে৷’ ফ্রেড-সিলভারা আশাবাদী, নেইমার ঠিকই তাদের পেঁৗছে দেবেন লক্ষ্যে৷
নেইমারের নিজের প্রত্যাশা কী, সেটা তো তিনি ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন গত ফেব্রুয়ারিতেই। ‘২০১৪ বিশ্বকাপে নেইমার হবেন...’ এমন এক প্রশ্নের জবাবে নেইমারের উত্তর ছিল, ‘একজন বিশ্বকাপ বিজয়ী।’ ওয়েবসাইট৷