হলো না আফগান রূপকথা

ইশ, একটুর জন্য হলো না! খুব কাছে গিয়েও হলো না আরও একটি আফগানিস্তান রূপকথার গল্প। বোলিং এত অসাধারণ হলো, শেষ দিকে দুর্দান্ত ব্যাটিংও প্রতিশ্রুতি দেখাচ্ছিল। কিন্তু প্রতিশ্রুতিটা আর বাস্তবতায় রূপ নিতে পারল না। রোমাঞ্চ ছড়িয়েও আক্ষেপের গল্পই হয়ে রইল। লড়াই করেও ইংল্যান্ডের কাছে ১৫ রানে হেরে গেল আফগানরা।
হারটা হয়তো অনেক আগেই ভাগ্যে লেখা হয়ে গিয়েছিল। ইংল্যান্ডকে ১৪২ রানে বেঁধে রেখেও যে ব্যাটিংয়ের শুরুটা ভালো হলো না। প্রথম ১০ ওভারে মাত্র ৪৫ রান তুলতে পেরেছিলেন শেহজাদ-স্টানিকজাইরা। সেটিরই হয়তো মূল্য দিতে হলো ম্যাচ হেরে। শেষ দিকে শফিকুল্লাহ-সামিউল্লাহদের লড়াইটাও তাই কম পড়ে গেল। ক্রিকেট রোমান্টিকদের আক্ষেপটাও হয়তো এ কারণেই বেড়ে যাচ্ছে।
অথচ আফগান রূপকথায় আরও একটি নতুন অধ্যায় যোগ হওয়ার স্বপ্ন দেখাচ্ছিল আগের দুই ম্যাচের ব্যাটিং। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি ম্যাচেই যে ১৫০-পেরোনো স্কোর করেছিল আফগানিস্তান। ১৪২- সেখানে আর এমন কী! কিন্তু দিল্লিতে আজ ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিং সেটিকেই ‘দিল্লি ১৫ রান দূর’ বানিয়ে দিল! বিশ্বকাপের আগে বেশ কজন বিশ্লেষক যে মন্তব্য করেছিলেন, সেই বার্তাও হয়তো দিয়ে দিল এউইন মরগানের দল, ‘আমরা আসলেই এই বিশ্বকাপের ডার্ক হর্স!’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৯-রান তাড়া করে জয়।
আফগানিস্তানের অন্তত এক-দুজন ব্যাটসম্যানের বড় রানের ইনিংস খেলার দরকার ছিল। কিন্তু পুরো টপ অর্ডারই সে কাজে ব্যর্থ। প্রথম ১০ ওভারে ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এত ধীর গতিতে ব্যাটিং করছিলেন, শেষ দিকে শফিকুল্লাহর ২০ বলে ৩৫ রানের ইনিংসটিও আর কাজে এল না। ব্যর্থ হয়ে গেল সামিউল্লাহ শেনওয়ারির ২২, রশিদ খানের ১৫, নজীবুল্লাহর জাদরানের ১৪ আর মোহাম্মদ নবীর ১২ রানের ছোট্ট ইনিংসগুলোও।
এর আগে বোলিংয়ের সময় একটা প্রশ্নই বারবার সামনে চলে আসছিল—ম্যাচটা কি আফগানিস্তানের সঙ্গে খেলছে ইংল্যান্ড, নাকি মোহাম্মদ নবীর সঙ্গে? আফগান অলরাউন্ডারই যে ইংলিশদের আসল ধাক্কাটা দিয়েছিলেন। ষষ্ঠ ওভারে দুই উইকেট নিলেন, একটি রানআউট করলেন। কিছুক্ষণ পরই দুর্দান্ত এক ক্যাচ! মূলত নবীর ধাক্কায়ই প্রথম ১৫ ওভারে মাত্র ৮৭ রান তুলতে পেরেছিল ইংল্যান্ড, টি-টোয়েন্টিতে প্রথম ১৫ ওভারে দলটির তৃতীয় সর্বনিম্ন।
বোলিং ফিগার অবশ্য বলবে, নবীর সঙ্গে আরও একজন ছিলেন—রশিদ খান। দুজনই ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন। তবে ম্যাচের এই প্রথম ইনিংস দেখে থাকলে বোঝার কথা, এটা আসলে ‘মোহাম্মদ নবী ফিচারিং আফগান বোলিং’।
দুজনের স্পিন বিষে ১৫ ওভারে ৮৭ রান তো করেছিলই, সঙ্গে ৭ উইকেটও হারিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে যে শেষ পর্যন্ত ১৫০-ছোঁয়া স্কোর গড়তে পেরেছে ইংলিশরা, তার কৃতিত্ব আজ আরও একবার ‘ব্যাটসম্যান’ হয়ে ওঠা মঈন আলীর। ৩৩ বলে অপরাজিত ছিলেন ৪১ রানে, যাতে চার চারটি, ছক্কা একটি। তাঁকে সঙ্গ দিয়েছেন আটে নামা ডেভিড উইলিও। ১৭ বলে ২০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
ব্যাটিংয়ে যেমন, বোলিংয়েও এই দুজনই ইংল্যান্ডের অস্বস্তি কাটিয়ে দিলেন। দুই উইকেট করে নিয়েছেন দুজনই। সঙ্গে আরেকজনের কথাও বলতে হবে, লিয়াম প্লাঙ্কেট। উইকেট পাননি, কিন্তু ৪ ওভারে মাত্র ১২টি রানই দিয়েছেন ইংলিশ পেসার। ছোট স্কোরের ম্যাচে এর কৃতিত্বই যে অনেক বেশি।