হলো না কক্সবাজার

সমুদ্রশহর বলে পর্যটকদের কাছে কক্সবাজার শহরটা একটু বেশিই আকর্ষণীয়। কক্সবাজারের আর সব আকর্ষণের সঙ্গে যোগ হওয়ার কথা ছিল ক্রিকেটেরও। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ হবে না নির্মীয়মাণ কক্সবাজার স্টেডিয়ামে।
কাল টুর্নামেন্টের সূচি ও টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণায় টি-টোয়েন্টি বিশ্বকাপের যে তিনটি ভেন্যুর কথা বলা হলো, তাতে নেই কক্সবাজার স্টেডিয়াম। কক্সবাজারের পরিবর্তে মেয়েদের বিশ্বকাপ হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। কক্সবাজারে কেন হবে না মেয়েদের বিশ্বকাপ, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘কক্সবাজার স্টেডিয়াম এখন পুরোপুরি হলেও ওখানে উইকেট একদমই নতুন। কোনো খেলা হয়নি ওখানে। এ রকম নতুন উইকেটে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট হওয়া একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়।’ তবে বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন, বিশ্বকাপের কিছু প্রস্তুতি ম্যাচ হলেও হতে পারে কক্সবাজার স্টেডিয়ামে, ‘বিশ্বকাপে অনেক ম্যাচ আছে। মূল টুর্নামেন্টের বাইরেও ছেলেদের-মেয়েদের অনুশীলন ম্যাচসহ অনেক ম্যাচ হবে।’
স্টেডিয়াম এখনো ম্যাচ খেলার জন্য প্রস্তুত কেন হলো না সেই ব্যাখ্যা দিতে গিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘কক্সবাজারের জন্য টেন্ডার হওয়ার কথা ছিল দেড় বছর আগে। কিন্তু আমাদের অ্যাডহক কমিটি যখন দায়িত্ব নিল, আমরা দেখলাম কক্সবাজার স্টেডিয়ামের কোনো কাজই হয়নি। এমনকি জমি অধিগ্রহণও হয়নি।’ বিশ্বকাপের ভেন্যু তালিকায় থাকলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় সিলেট স্টেডিয়ামও। তবে এই স্টেডিয়ামের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন সভাপতি, ‘আমি নিশ্চিত করছি, সিলেটের সংস্কারকাজ ২০ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। সত্যি বলতে কি ১০ নভেম্বরের মধ্যেই শেষ হবে।’ এর আগে ৩০ অক্টোবরের মধ্যে এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিসিবির অনুরোধে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় সময় বাড়ানো হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।
কক্সবাজার স্টেডিয়ামের জায়গা নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবির দড়ি টানাটানি কম হয়নি। স্টেডিয়ামের জন্য নির্দিষ্ট করা জায়গাটি মূলত পর্যটন মন্ত্রণালয়ের এবং তারা এ জায়গায় পাঁচ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপের পর জায়গা ছেড়ে দেওয়া হবে, এই শর্তে বিসিবিকে অস্থায়ী ভিত্তিতে মাঠ নির্মাণের সুযোগ দেয় পর্যটন মন্ত্রণালয়। এখন যেহেতু বিশ্বকাপের ম্যাচই সেখানে হবে না, মাঠের জায়গা নিয়ে দড়ি টানাটানিটা শুরু হতে পারে আবারও। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠলে নাজমুল হাসান আবারও বললেন, ‘স্টেডিয়াম বানানো শেষ। এখন আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি ওখানে কিছু খেলা দিতে। তাহলে পিচের আচরণটা বোঝা যাবে। আর আগেই বলেছি অনুশীলন ম্যাচসহ বিশ্বকাপে অনেক ম্যাচ আছে। অনুশীলন ম্যাচ ওখানেও হতে পারে।’
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেই অবশ্য খেলা শুরু হয়ে গেছে কক্সবাজার স্টেডিয়ামে। মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের চলতি সিরিজের ম্যাচ হচ্ছে ওখানেও।