হলো না লি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশোধ নেওয়া হলো না লি নার। কিম ক্লাইস্টার্সকে বাগে পেয়েও গতবারের ফাইনালের শোধটা তুলতে পারলেন না লি। প্রথম সেট জিতে দ্বিতীয় সেটের টাইব্রেকে ৬-২-এ এগিয়ে থাকার পরও হারলেন এশিয়ার প্রথম একক গ্র্যান্ড স্লামজয়ী তারকা। আর টানা ৬ পয়েন্ট পেয়ে ওই সেটটি তো জিতলেনই, বাঁ গোড়ালির ব্যথা নিয়েও প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে তিন সেটের ম্যাচে অবিশ্বাস্য জয় পেলেন বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স।গতবার ফাইনালেও প্রথম সেট হারার পর ম্যাচ জিতেছিলেন ক্লাইস্টার্স। কাল চতুর্থ রাউন্ডে জিতেছেন ৪-৬, ৭-৬ (৮-৬), ৬-৪ গেমে। শেষ অস্ট্রেলিয়ান ওপেন খেলা ২৮ বছর বয়সী বেলজিয়ান তারকার মন্ত্র ছিল, ‘লড়াই চালিয়ে যাও। কোর্টের অন্য পাশে কখন কী হয়, কে বলতে পারে!’ আর সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছেন লি না, ‘আমি কিছুটা নার্ভাসও ছিলাম।’কোয়ার্টার ফাইনালে ক্লাইস্টার্স সামনে পেয়েছেন বিশ্বের ১ নম্বর মহিলা খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিকে। ওজনিয়াকি কাল ৬-০, ৭-৫ গেমে হারিয়েছেন ইয়েলেনা জাঙ্কোভিচকে। ডেনিশ তারকার প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পথে মস্ত এক বাধা এই ক্লাইস্টার্স।লি না-ক্লাইস্টার্স ম্যাচের আগে-পরে জিতে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পথে আরেক ধাপ এগিয়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। ২০০৬ সাল থেকে কোনো টিনএজারের কাছে না হারার ধারা অক্ষুণ্ন রেখে ফেদেরার সরাসরি জিতেছেন অস্ট্রেলিয়ার বার্নাড টমিচের বিপক্ষে। একই ব্যবধানে নাদাল হারিয়েছেন স্বদেশি ফেলিসিয়ানো লোপেজকে।শেষ আটে ফেদেরারের প্রতিপক্ষ হুয়ান মার্টিন ডেল পোত্রো। নাদালের সামনে টমাস বারডিচ। ৪-৬, ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৩), ৭-৬ (৭/২) গেমে জিতেছেন স্পেনের নিকোলাস আলমাগ্রোর বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। অষ্টম বাছাই আগ্নিয়েস্কা রাদাওয়ানাস্কা শেষ আটে তাঁর প্রতিদ্বন্দ্বী। ওয়েবসাইট।