হলো না হেনিন-রূপকথা
জাস্টিন হেনিন অসম্ভব এক রূপকথার জন্ম দিতে পারলেন না। দুর্দান্ত লড়াই করেও হেরে গেলেন সেরেনা উইলিয়ামসের কাছে। চৌকস, বুদ্ধিদীপ্ত নান্দনিক টেনিস আসলে হারল সেরেনার ‘পাওয়ার গেমের’ কাছে। স্কোরলাইন বলছে হেনিন হেরেছেন ৪-৬, ৬-৩, ২-৬ গেমে। কিন্তু বাস্তবতা হলো, সর্বমোট পয়েন্টের ব্যবধান মাত্র ৫। সেরেনা জিতেছেন ৯০ পয়েন্ট, হেনিন ৮৫।মাত্র ৫ পয়েন্টের এই ব্যবধান ইতিহাস গড়তে দিল না ১৮ মাস স্বেচ্ছা নির্বাসন শেষে কোর্টে ফেরা বেলজিয়ান তারকাকে। যেমন দাপটের সঙ্গে দ্বিতীয় সেটটা জিতেছিলেন, তৃতীয় সেটের প্রথম গেমটাও জেতার পর দ্বিতীয় গেমে এগিয়ে ছিলেন ৪০-১৫ ব্যবধানে। আর একটা পয়েন্ট জিতলেই তৃতীয় সেটে ২-০-তে এগিয়ে যেতেন হেনিন। কিন্তু সেরেনাকে কেন ‘চ্যাম্পিয়ন ফাইটার’ বলা হয়, সেটি বোঝা গেল এর পর থেকেই। হেনিনকে আর কোনো সুযোগই দিলেন না ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেই শিরোপা জেতার কৃতিত্ব গড়ার।বরং সেরেনা নিজে গড়লেন ইতিহাস। ওপেন যুগের পর সর্বোচ্চ ৫টি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন। এর সঙ্গে আছে একটি ফ্রেঞ্চ ওপেন, তিনটি উইম্বলডন আর তিনটি ইউএস ওপেন শিরোপা। সব মিলে ১২টি শিরোপা জিতে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ীর তালিকায় যৌথভাবে ছয় নম্বরে উঠে গেলেন সেরেনা। যাঁর সঙ্গে স্থানটি ভাগাভাগি করছেন, সেই বিলি জিন কিং, সেরেনার আদর্শ, কাল রড লেভার এরেনার গ্যালারিতে বসে দেখেছেন উত্তরসূরির শিরোপা জয়।ম্যাচ শেষে জানানো প্রতিক্রিয়ায় ২৮ বছর বয়সী সেরেনা বিলি জিন কিংয়ের মতো কিংবদন্তির পাশে ঠাঁই পাওয়ার রোমাঞ্চের কথাই বলছেন, ‘বিলি, আমি এখন তোমার পাশে। এটাই ছিল আমার জীবনের লক্ষ্য। যদিও আমি আগে কখনো তা বলতে চাইনি। ভাবতেই শিহরিত হচ্ছি—একই নিঃশ্বাসে উচ্চারিত হবে তোমার-আমার নাম!’সেটি না-ও হতে পারত। চকচকে ট্রফিটার বদলে রানারআপের থালাটাই উঠতে পারত সেরেনার হাতে। সেটাও নির্দ্বিধায় স্বীকার করে নিলেন, ‘জাস্টিন দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটিয়েছে। আজকে ও তো আমাকে খাটিয়ে মারল। ফলাফল অন্যরকমও হতে পারত।’ এমনও আভাস দিলেন, আর বেশি দিন হয়তো কোর্টে দেখা যাবে না তাঁকে, ‘এখন আমি তাঁর (বিলি জিন কিং) মতো কোর্টের বাইরের কাজগুলোতেও মনোযোগ দিতে পারব।’অবসর থেকে মাত্রই ফেরা হেনিন কিন্তু জানালেন, আগামী বছরও অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে তাঁকে। শুধু তা-ই নয়, প্রত্যাশার চেয়ে ভালো খেলার পর নতুন করে লড়াইয়ে ঝাঁপানোর প্রেরণাও পাচ্ছেন বলে জানালেন, ‘আমার জন্য খুব আবেগময় দুটো সপ্তাহ কাটল। কখনোই ভাবিনি আমি এত দূর আসব। তবে এটা বলতে পারি, আগামী বছরও আমাদের দেখা হবে।’এ সময় দর্শকেরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানায় তাঁকে। সিংহভাগ সমর্থকই ছিল তাঁর সমর্থনে। সেরেনা ম্যাচ পয়েন্ট জেতার পরও তা-ই করতালির বৃষ্টি হয়নি সেভাবে। হেনিনের রূপকথা দেখার জন্যই যে অপেক্ষা করছিল সবাই। এএফপি।