হলো না ‘রাফা স্লাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাদাল বনাম ফেদেরার’ হচ্ছে না। ফেরারের হাতে শেষ হয়ে গেল সেই সম্ভাবনা। কাল কোয়ার্টার ফাইনালে স্বদেশি ডেভিড ফেরারের কাছে হেরে গেলেন রাফায়েল নাদাল। হচ্ছে না তাই ‘রাফা স্লাম’ও। যে ফেরারকে আগের ১৫ ম্যাচের ১২টিতেই হারিয়েছিলেন, তাঁরই কাছে নাদাল কাল আত্মসমর্পণ করলেন ৬-৪, ৬-২, ৬-৩ গেমে।শুধু ফলের দিকে তাকালে আপনার মনে প্রশ্ন ওঠারই কথা। স্পেনের এই এক নম্বর দুর্দান্ত ফর্মে ছিলেন। আগের তিনটি গ্র্যান্ড স্লামের প্রতিটাই জিতেছেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনকে তাই বলা হচ্ছিল ‘রাফা স্লাম’। সেই রাফায়েল নাদালের কী হলো হঠাৎ?হঠাৎই বলতে হবে, কারণ এবার অস্ট্রেলিয়ান ওপেনেও আগের চারটি ম্যাচ নাদাল জিতেছেন সরাসরি সেটে। তবে ফেরার নন, নাদালকে হারাল আসলে ইনজুরি। কাল দ্বিতীয় গেমের পরই হ্যামস্ট্রিংয়ে শুশ্রূষা নিতে হয়েছে তাঁকে। বাঁ ঊরুতে পট্টি বেঁধে খেলেছেন। শেষ পর্যন্ত ওই চোট নিয়েই লড়েছেন আড়াই ঘণ্টা। কিন্তু পারেননি। রড লেভার অ্যারেনার দর্শকদের হতবিহ্বল করে, ঘামে ভেজা লাল শার্টের ওপর কিট-ব্যাগ চাপিয়ে ছেড়েছেন কোর্ট। লাল তখন যেন আর দ্রোহ নয়, শোকের রং!ফেরারও যেন জয়ের আনন্দে বাঁধ দিয়ে রাখলেন। গ্যালারির উল্লাসরত ক্ষুদ্র সমর্থকগোষ্ঠীর দিকে ব্যান্ডানা-বল ছুড়ে দেওয়ার পর পারলে তক্ষুনি কোর্ট ছাড়েন। মাইক্রোফোনের সামনে অপ্রস্তুত ফেরার স্বীকার করে নিলেন, এই জয়টা তাঁর জন্য একই সঙ্গে স্মরণীয় এবং অস্বস্তির, ‘আসলে আমার জন্য পরিস্থিতিটা কঠিন। রাফায়েল তো খুবই ভালো মানুষ, তা ছাড়া ও চোট নিয়ে খেলেছে। আমরা ভালো বন্ধুও।’ফেরারকে নিঃসঙ্কোচে এই জয় উদ্যাপনের উৎসাহ নাদালই দিলেন সংবাদ সম্মেলনে। যদিও ফেরারের জয়ের চেয়ে সাংবাদিকদের কাছে বড় খবর ছিল তাঁর চোট। নাদাল অবশ্য চোটের প্রকৃতি, কারণ কিছুই খুলে বলেননি, ‘এই চোট নিয়ে আমি কিছুই বলতে পারব না। আমি আসলে এটা নিয়ে কথাই বলতে চাই না। এর চেয়ে ম্যাচের জয়ী, আমার বন্ধুর সম্মানে শুধু ম্যাচ নিয়েই কথা হোক।’এই ম্যাচে ফেরার অসাধারণ খেলেই জিতেছেন বলে দাবি নাদালের, ‘এভাবে খেলতে থাকলে শিরোপা জেতার ভালো সুযোগ আছে ওর।’আদৌ আছে কি না, সেটি সময়ই বলবে। আগামী পরশু সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ অ্যান্ডি মারে। আজ হয়ে যাবে প্রথম সেমিফাইনাল। যেখানে মুখোমুখি ফেদেরার-জোকোভিচ। মেয়েদের দুটো সেমিফাইনালই আজ। নাদাল যেখানে শুধুই দর্শক। সব দোষ আসলে ২৬ জানুয়ারির। গত বছরও ঠিক এই দিনে অ্যান্ডি মারের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট নিয়ে কোর্ট ছেড়েছিলেন নাদাল! এএফপি, রয়টার্স।