জার্মানি ও সার্বিয়ার খেলার দিন, ওই খেলা পরিচালনায় নিয়োজিত রেফারি (নাম-পরিচয় মনে নেই) যখন খেলার শুরু থেকেই হলুদ কার্ড নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখনই আমার মনে হয়েছিল, এই রেফারির নিশ্চয়ই একটা গোপন এজেন্ডা আছে। ফিফা নিয়োজিত ভাষ্যকার একপর্যায়ে ওই রেফারিকে ‘সিনিক’ বলেছিলেন। কিন্তু আমার তা মনে হয়নি। তাঁর হলুদ কার্ডের বাণ তুলনামূলকভাবে জার্মানদের ওপরই বেশি বর্ষিত হচ্ছিল দেখে আমার মনে হয়েছিল, এই রেফারি জার্মানদের ঠেকাবেন। হলুদ কার্ড নিয়ে তাঁর পাগলামিটা ছিল তাঁর অভিনয়েরই অংশ। পাগল প্রমাণিত হলে অপরাধীর শাস্তি লঘু হয়— অপরাধশাস্ত্রের এই বিশেষ ছাড়টির কথা ওই রেফারি বিলক্ষণ জানতেন। তার প্রমাণও পাওয়া গেল কিছুক্ষণ পর। বিশ্বকাপে ব্রাজিল-তারকা রোনালদোর করা ১৫ গোলের বিশ্বরেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে আসা জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে দুই-হলুদের চিপায় ফেলে পাঠিয়ে দেওয়া হলো মাঠের বাইরে। বিশ্বরেকর্ড ভাঙবা? যাও, এবার মাঠের বাইরে বসে খেলা দেখো! পরের খেলাটিও খেলতে পারল না গত বিশ্বকাপের সোনার-বুট পাওয়া জার্মান স্ট্রাইকার বেচারা ক্লোসা। দশ সদস্যের দলে পরিণত হওয়ার কিছুক্ষণের মধ্যেই জার্মানি পরাজিত হলো সার্বিয়ার কাছে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায়, আমিও তেমনি বিশ্বকাপের ফাইনাল খেলা পরিচালনার জন্য ফিফা-মনোনীত ব্রিটিশ রেফারির কোজাক-মার্কা চেহারা দেখে, সত্যি বলতে কি, কিছুটা ভয়ই পেয়েছিলাম। ব্রিটিশ রেফারি সম্পর্কে পত্রিকায় সদর্থক প্রচারণা পাঠ করার পরও আমার সন্দেহ কাটেনি। আমার কাছে ওই রেফারি সম্পর্কে তাঁর স্ত্রীর মন্তব্যটি অত্যন্ত প্রণিধানযোগ্য বলেই মনে হয়েছিল। ১১ জুনের বিকেলে প্রচারিত চ্যানেল আই-এর একটি লাইভ অনুষ্ঠানে ওই রেফারি সম্পর্কে আমি আমার সন্দেহের কথাটি বলেও ছিলাম। রেফারি সম্পর্কে তাঁর স্ত্রীর মন্তব্যটি ছিল এ রকম : ‘ও তো ওর ছেলেপুলেদেরই সামলাতে পারে না, বিশ্বকাপ ফাইনালের ২২ জন খেলোয়াড়কে ও সামলাবে কীভাবে?’ বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় ওই ব্রিটিশ রেফারি সম্পর্কে তাঁর বিদুষী স্ত্রীর নির্ভুল ভাষ্যটি আমার বারবার মনে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই, সম্ভবত প্রথম পনেরো মিনিটের মধ্যেই, তাঁর হলুদবাণে বিদ্ধ হলেন হল্যান্ডের তিন আর স্পেনের দুই খেলোয়াড়। স্পেনের চেয়ে ডাচদের বিরুদ্ধে হলুদের প্রয়োগ যখন ক্রমশ বাড়তেই থাকল, তখন আমি স্মরণ করলাম সার্বিয়া বনাম জার্মানির খেলা পরিচালনাকারী রেফারির কথা। তাঁরা দুজন কি একই ব্যক্তি? আমি তো পেশাদার ক্রীড়ালেখক নই, তাই ওদের ঠিকুজি স্মরণে রাখি না। দেহে এক না-ও যদি হন, অন্তরে যে তাঁরা এক, তাঁদের মাঠের আচরণ দেখে আমি তা বেশ বুঝতে পেরেছি। এই দুই রেফারিকে নিয়ে গবেষণা করলে ভালো ফল পাওয়া যাবে বলেই আমি বিশ্বাস করি। ক্রীড়াসাংবাদিকতায় যাঁরা নিয়োজিত আছেন, আমি তাঁদের ওপর এ ব্যাপারে অনুসন্ধান চালানোর দায়িত্ব দিতে চাই। ইউরোপের দুটি দেশের মধ্যকার ফাইনালে ইউরোপিয়ান রেফারি কেন দেওয়া হলো, সেটিও অনুসন্ধানের বিষয় হতে পারে। অন্য কোনো মহাদেশের রেফারি হলে ফাইনালটা আরও বৈশ্বিক রূপ পেত। এ ছাড়া আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে আফ্রিকান কোনো রেফারিকে ফাইনাল পরিচালনার দায়িত্ব দিলে আফ্রিকার প্রতিও সম্মান দেখানো হতো।স্পেনের ডিফেন্ডার (দূর থেকে বুনো শূকরের মতো ছুটে এসে জার্মানির জালে বল পাঠিয়ে যিনি বিখ্যাত হয়েছেন) পুয়োল যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি করা রোবেনের কমলা জার্সি টেনে ধরেছিলেন, রহস্যজনকভাবে রেফারির কাছে তা অশোভন বা অসংগত বলে মনে হয়নি। বরং প্রতিবাদ করতে গিয়ে রেফারির রক্তচক্ষু দেখলেন রোবেন। কিন্তু কিছুক্ষণের ব্যবধানে তার চেয়েও কম অপরাধের দণ্ড মাথায় নিয়ে জার্মানির ক্লোসার মতোই দুই হলুদের চিপায় (২ হলুদ = ১ লাল) পড়ে নেদারল্যান্ডের একজন ডিফেন্ডারকে মাঠের বাইরে চলে যেতে হয়। ১২০ মিনিটের খুব কাছাকাছি পৌঁছেও টুর্নামেন্টে অপরাজিত থেকে যাওয়া নেদারল্যান্ড পরিণত হয় দশজনের দলে। তার পরই পাল্টে যায় দৃশ্যপট। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতোই স্পেনের ইনিয়েস্তাও খুঁজে পান নেদারল্যান্ডের গোলের জাল। তার আগে নয়। স্পেনের বিজয়গাথা যারা রচনা করবেন, তাঁরা হল্যান্ডের কথা ভুলে গেলেও, ওই ব্রিটিশ রেফারির কথা যেন কখনো ভুলে না যান। রবীন্দ্রনাথের একটি গানের কথা সামান্য বদল করে স্পেনকে স্মরণ রাখতে বলি:তোমায় ঘরে হয়নি আনা বীরের বেশে,যেন দিনের শেষে সেই কথা রয় মনে—যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে, স্বপনে।জার্মানির মুলার এবং উরুগুয়ের ফোরলান উনিশতম বিশ্বকাপের গোল্ডেন বল ও গোল্ডেন বুট—এই বহুকাঙ্ক্ষিত পুরস্কার দুটো পেয়েছেন। তার মানে, এবারের বিশ্বকাপের দুজন শ্রেষ্ঠ খেলোয়াড়ই ফাইনালে ওঠা দল দুটোর বাইরে রয়ে গেলেন। তারও একটা মানে আছে নিশ্চয়ই। হল্যান্ড, আমি তোমার পাশে আছি। তোমার চোখের জল আমার চোখে দাও। মধ্যমাঠে কোনো এক অদৃশ্যলোকের দিকে তাকিয়ে থাকা হল্যান্ডের স্নাইডারের চোখের জল আমরা দেখেছি, কিন্তু তাঁরা কেউ মাথা নিচু করে জোহানেসবার্গের সকার সিটির মাঠ ছাড়েননি। কামরাঙ্গীর চর / ১২ জুলাই ২০১০