হল্যান্ড-উরুগুয়ের দুশ্চিন্তা
এক দল ব্রাজিলকে হারিয়ে এসেছে, আরেক দল নাটকের পর নাটকে সাজানো ম্যাচে শেষ পর্যন্ত উতরেছে টাইব্রেকারের জয়ে। দুই দলেরই সেমিফাইনালে ওঠার আনন্দে টগবগ করে ফোটার কথা। কিন্তু প্রাথমিক উচ্ছ্বাসটা একটু স্তিমিত হয়ে যাওয়ার পর দুই দলের কর্মকর্তাদের হা-হুতাশ করার কথা।চিন্তার কারণ ইনজুরি আর নিষেধাজ্ঞা। এই দুই ঝামেলায় মিলিয়ে ৬ তারিখের সেমিফাইনালে উরুগুয়ে ও হল্যান্ড দুই দলকেই মাঠে নামতে হতে পারে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ছাড়াই।নিশ্চিত করেই সেমিফাইনালে খেলতে পারছেন না উরুগুয়ের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ঘানার বিপক্ষে হাত দিয়ে বল আটকে লাল কার্ড দেখেছেন। ন্যূনতম এক ম্যাচের নিষেধাজ্ঞা দেখতে হবে সুয়ারেজকে। ফলে তাঁর সেমিফাইনাল খেলা হচ্ছে না। খেলা হচ্ছে না লেফটব্যাক হোর্সে ফুসিলোরও। ঘানার বিপক্ষে নাটকীয় ম্যাচে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন ফুসিলো।এ ছাড়া ইনজুরিও উরুগুয়ের কোচের জন্য কম দুশ্চিন্তার বিষয় না। ইনজুরির কারণেই কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি রক্ষণভাগের বড় ভরসা ডিয়েগো গডিন। ম্যাচের প্রথমার্ধেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক ডিয়েগো লুগানোকে। এই দুজনই অনিশ্চিত সেমিফাইনালে।অনিশ্চিত হল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার জরিস মাথিসেনও। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র মিনিট পাঁচেক আগে গা গরম করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাথিসেন। তাঁর বদলি হিসেবে নামতে হয়েছিল আন্দ্রে উইয়েরকে।এ ছাড়া সেমিফাইনাল নিশ্চিতভাবেই মিস করছেন হল্যান্ডের গ্রেগরি ফন ডার উইয়েল ও নাইজেল ডে জং। রাইটব্যাক উইয়েল ও মিডফিল্ডার ডে জং কোয়ার্টার ফাইনালেই যাঁর যাঁর দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন।ডে জংয়ের জায়গায় আয়াক্সের ডেমি ডে জিউ মাঠে নামতে পারেন। স্টুটগার্টের খালিদ বেলারুজ নিতে পারেন উইয়েলের জায়গা। উইয়েল ও ডে জং আবার ফিরতে পারবেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বা ফাইনালে। কিন্তু জং ফিরতে চান ফাইনালেই, ‘ম্যাচের প্রথম ফাউলেই টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে গেলাম। এটা একটু হতাশাজনক, কিন্তু আমি জানি, আমাদের দলের এমনিতেই ফাইনালে যাওয়ার যথেষ্ট যোগ্যতা আছে। আমি ওদের বলেছি, ‘‘আমি তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে খেলতে আসতে চাই না।” ওরাও বলেছে, “সমস্যা নেই। আমরা তোমার আর গ্রেগরির জন্য ফাইনালে চলে যাব।’ ওয়েবসাইট।