হল্যান্ড-জার্মানি ম্যাচের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বড় টুর্নামেন্টে আগে মুখোমুখি হওয়া সাত ম্যাচের প্রতিটিতেই গোল করেছে দুই দল! ফুটবল বিশ্বকে দুই দল উপহার দিয়েছে ধ্রুপদি কিছু লড়াই। ১৯৭৪ বিশ্বকাপে টোটাল ফুটবলে সবাইকে চমকে দেওয়া ইয়োহান ক্রুইফের দল ফাইনালে এগিয়ে গিয়েছিল শুরুতেই। কিন্তু মিউনিখের ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জার্মানি; হামবুর্গে ১৯৮৮ ইউরোর সেমিফাইনালে মার্কো ফন বাস্তেনের শেষ মুহূর্তের গোলে স্বাগতিকদের হারিয়েছিল হল্যান্ড; ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে দুই দলের দুই ফরোয়ার্ড রুডি ফোলার ও ফ্রাঙ্ক রাইকার্ড লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার পর জার্মানি জিতেছিল ২-১ গোলে। এবারের আগে ইউরোর গ্রুপ পর্বে হল্যান্ড হেরেছিল একবারই, ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নের কাছে (১-০)। মজার ব্যাপার হলো, হল্যান্ডের একমাত্র ইউরো শিরোপাটাও এসেছে ওই আসরেই। ফাইনালে সেই সোভিয়েত ইউনিয়নকেই ২-০ গোলে হারিয়ে।  প্রতিযোগিতামূলক ফুটবলে গত পাঁচ বছরে ও সর্বশেষ ৩৮ ম্যাচে ড্র করেনি হল্যান্ড। সর্বশেষ ড্র ২০০৭ সালের মার্চে, রোমানিয়ার বিপক্ষে গোলশূন্য। এই সময় ৩১টি ম্যাচ জিতেছে ডাচরা, হেরেছে সাতটিতে। বাছাপর্বে ১০ ম্যাচের সব কটি জিতেছে জার্মানি। গোল করেছে সর্বশেষ ১৭ ম্যাচেই। এর নয়টিতেই আবার করেছে কমপক্ষে তিন গোল। সর্বশেষ গোল করতে না পারার ঘটনা ২০১০ সালের নভেম্বরে, সুইডেনের বিপক্ষে (০-০)। এবার প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে জার্মানির জয়ের নায়ক মারিও গোমেজ গোল করেছিলেন বাছাইপর্বের সর্বশেষ পাঁচ ম্যাচেও।