আপনারা নিশ্চয়ই হল্যান্ড-উরুগুয়ে উপভোগ্য একটা লড়াই চাইছেন। আমিও চাই। কিন্তু চাইলেই তো হবে না। আমার তো মনে হয়, খুবই নীরস একটা ম্যাচ হবে!কেন নীরস হবে? সোজা উত্তর: ইয়োহান ক্রুইফদের সেই হল্যান্ড আর এই হল্যান্ড এক নয়। আমি সেই সত্তরের দশক থেকে ডাচ ফুটবলের অনুরাগী। আক্রমণাত্মক ফুটবলই ছিল যাদের শেষ কথা। কিন্তু এই হল্যান্ড খেলে অনেক অঙ্ক কষে। দর্শকদের নয়, তারা আগে খুশি করতে চায় নিজেদেরই। এখনকার ফুটবলই যে বড্ড সাফল্য-আকাঙ্ক্ষী।এবারের কথাই ধরুন। ডাচদের খেলা দেখে আপনি হয়তো খুশি হননি। ওরা কিন্তু প্রতিটি ম্যাচেই খুশিমনে মাঠ ছেড়েছে। মাখনে ছুরি চালিয়ে নিজের ভাগটা নিয়ে চলে যাওয়ার অভ্যাস এই দলটার। আজকের ম্যাচেও ব্যতিক্রম হবে না।ফুটবলে অনেক কিছুই ঘটতে পারে। আমার অনুমান ভুল হবে না এমন নিশ্চয়তা নেই। তবে ধারণা করছি, হল্যান্ড দ্রুত একটা গোলটা বের করে রক্ষণে তালা মেরে বসে থাকবে। কোনো ঝুঁকিতে যাবে না। তবে এগিয়ে যাওয়ার আগ পর্যন্ত চাপ দেবে। রানিংয়ে থাকবে দল, রক্ষণে জোন টু জোন মার্কিং করবে। এটা হবে ‘কম্বিনেশন অব মার্কিং’। হল্যান্ড এগিয়ে থাকলে ৬০ মিনিট পর চোখে লাগার মতো কিছু হয়তো নাও দেখা যেতে পারে।সবকিছু তো আর অঙ্ক মেনে হয় না। হল্যান্ড যদি শুরুতেই গোল খেয়ে যায়? হ্যাঁ, তখন খেলায় একটা আকর্ষণ আসবে। তবে যত যা-ই হোক, আমার ধারণা, জিতবে হল্যান্ডই। পরিষ্কার ফেবারিট হয়েও এই ম্যাচ জিততে না পারলে তারা নিজেদের ক্ষমা করতে পারবে না। নির্ধারিত সময়ে, নাকি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে জয় আসবে, সেটিই দেখার।ডাচ কোচ তাঁর কৌশলে পরিবর্তন আনবেন বলে মনে হয় না। যেভাবে এ পর্যন্ত খেলে এসেছে, সেভাবেই খেলবে। শারীরিকভাবে উরুগুয়ের চেয়ে হল্যান্ড শক্তিশালী। উরুগুয়ের রক্ষণ ভাঙা হল্যান্ডের জন্য কষ্টকর হবে না। কারণ, ইউরোপিয়ানদের মতো শক্তিশালী নয় উরুগুয়ের রক্ষণ।হল্যান্ডের স্নাইডার একাই খেলার গতিপথ বদলাতে পারে। সে ব্রাজিলের বিপক্ষে তার দলকে অনুপ্রাণিত করেছে। এর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টারের হয়ে বার্সেলোনার বিপক্ষে দারুণ খেলেছে। দলে আছে রোবেনের মতো ব্যক্তিগত নৈপুণ্যধারী খেলোয়াড়। আমি তো হল্যন্ডের জয়টা শতকরা হিসাবে ৮০ ভাগই দেখছি।হ্যাঁ, বলতে পারেন উরুগুয়েরও তো ফোরলানের মতো বিপজ্জনক স্ট্রাইকার আছে। একাই দলকে জেতাতে পারে ফোরলান। কিন্তু তাকে অবশ্যই পাহারায় রেখে অকার্যকর করে রাখবে হল্যান্ড। ব্রাজিলিয়ানদেরই বোতলবন্দী করে রেখেছিল, ফোরলানকেও রোখা কঠিন কি? ফোরলানকে বলই ধরতে দেবে না ডাচ ডিফেন্ডাররা। ওর পায়ে বল পড়লেই ২-৩ জন ঝাঁপিয়ে পড়বে।তবে এর পরও খাঁচা থেকে বেরোতে চাইবে ফোরলান। সে ডাচদের সমস্যায় ফেলতে পারে। তবে সেটি ম্যাচে তেমন প্রভাব রাখবে না। আগের ম্যাচে লাল কার্ড দেখায় উরুগুয়ে এই ম্যাচে পাচ্ছে না তাদের মূল স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। হয়তো পাচ্ছে না অধিনায়ক ডিয়েগো লুগানোকেও। সাসপেনশন-চোট মিলিয়ে কোচ দলে রাখতে পারবেন না আরও দু-তিনজনকে। দলের স্থিতিশীলতা নষ্ট হবে। তাদের জয় আমি অন্তত আশা করতে পারছি না।হল্যান্ড ভারসাম্যপূর্ণ একটা দল। মেসির মতো কেউ ড্রিবলিং করবে না। একটা দল হয়ে খেলবে মারউইকের দল। বেশি কারিকুরি কেউই করবে না। ব্যাকরণ মেনে খেলবে। বেশি ইম্প্রোভাইজেশন থাকবে না। ব্যাপারটাকে এভাবে বলতে পারি: হল্যান্ডে পিএইচডি ডিগ্রিধারী কেউ নেই। কিন্তু সবাই স্নাতক। এই দল সবকিছুই করবে সম্মিলিতভাবে। আজ এটাই আলাদা করে লক্ষ রাখুন।