হল্যান্ড-পর্তুগাল ফিরিয়ে আনছে সেই স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন যাবে আজকের হল্যান্ড-পর্তুগাল ম্যাচটি? দুই দলের দর্শন আক্রমণাত্মক ফুটবল। দুই দলেই আছেন নামীদামি সব খেলোয়াড়। সেই হিসেবে আজ ইউক্রেনের খারকভে একটি আক্রমণাত্মক ফুটবলেরই প্রদর্শনী হওয়ার কথা।কিন্তু ভয়টা অন্যখানে। হল্যান্ড-পর্তুগালের ফুটবল দ্বৈরথ যতটা আকর্ষণীয় হয়, তার চেয়েও বেশি ছড়ায় তিক্ততা। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দুই দলের সর্বশেষ সাক্ষাৎটি তো ফুটবল ইতিহাসেরই অন্যতম বাজে ম্যাচের বিজ্ঞাপন হয়ে আছে। কী ঘটেনি ছয় বছর আগে বিশ্বকাপের সেই ম্যাচে?মানুষ এখনো ভোলেনি ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালটিকে। সেদিন নুরেমবার্গে দুই দলের খেলোয়াড়েরা অহেতুক ট্যাকল, ধাক্কাধাক্কি ও মারামারির দিকেই ঝুঁকে পড়েছিলেন বেশি। পরিস্থিতি সামাল দিতে রেফারিকে দেখাতে হয় ১৬টি হলুদ কার্ড, ৪টি লাল কার্ড! বল দখলের লড়াইয়ে তো বটেই, বল ছাড়াও অহেতুক ভয়াবহ ট্যাকল, ধাক্কাধাক্কি, ধাক্কাধাক্কি থেকে মারামারি, মাঠের উত্তাপ রিজার্ভ খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়া—বাদ ছিল না কিছুই! নুরেমবার্গের সেই আগুনের তাপ আজ খারকভের মেটালিস্ট স্টেডিয়ামেও সঞ্চালিত হবে না তো? সমীকরণের জটিল হিসাব-নিকাশ পরিবেশটাকে আগুনতপ্তই করে রেখেছে। প্রথম দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য ডাচরা পড়ে আছে খাদের কিনারায়। দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জিতে পর্তুগালের হাতে জমেছে ৩ পয়েন্ট। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে হলে জিততে হবে দুই দলকেই। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে জার্মানির কাছে ডেনমার্ক হারলে বা ড্র করলে ড্র করেও শেষ আটের টিকিট পেয়ে যাবে পর্তুগাল। কিন্তু পাওলো বেন্তোর দল নিজেরাই গড়ে নিতে চায় নিজেদের ভাগ্য।অন্যদিকে ডাচদের অর্ধেক অন্যের হাতে, অর্ধেক নিজেদের হাতে। পর্তুগালের সঙ্গে নিজেদের শুধু জিতলেই হবে না, ডেনমার্ককেও হারতে হবে জার্মানির কাছে। পর্তুগালকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখতে চায় বার্ট ফন মারউইকের দল। কিন্তু জিততে হবে বড় ব্যবধানে।এক ঝাঁক ‘গোলমেশিন’ থাকা সত্ত্বেও পোল্যান্ড-ইউক্রেনে এসে ডাচরা যেন গোল করাটাই ভুলে গেছে! দুই ম্যাচ মিলিয়ে তাদের গোল মাত্র ১টি। আশা বাঁচিয়ে রাখতে সেই হল্যান্ডকেই আজ জিততে হবে অন্তত ২ গোলের ব্যবধানে। কিন্তু ডাচরা ২ গোলে যে জিততে পারবে, পর্তুগালের বিপক্ষে তাদের ইতিহাস কিন্তু সেই সাক্ষ্য দেয় না। দুই দলের ১০টি সাক্ষাতে পর্তুগাল জিতেছে ছয়বার। হল্যান্ড জিতেছে মাত্র একবার। সেটাও প্রায় ২১ বছর আগের ঘটনা। ১৯৯১ সালে ইউরোর বাছাইপর্বে ঘরের মাঠে হল্যান্ড জিতেছিল ১-০ গোলে। প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বশেষ দুই ম্যাচেই জয়ী পর্তুগাল। ২০০৬ বিশ্বকাপের আগে ২০০৪ ইউরোর সেমিফাইনালে পর্তুগাল হল্যান্ডকে হারিয়েছিল ২-১ গোলে। সব মিলিয়ে শিরোপার দাবি নিয়ে আসা হল্যান্ড শিবিরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা বাজছে বেশি। শঙ্কাটা সত্যি হলে ১৯৮০ সালের পর ইউরোর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে হল্যান্ড। তবে ডাচ প্লে-মেকার ওয়েসলি স্নাইডার আশায় আছেন উড়ে যাবে এই শঙ্কার মেঘ, ‘আমি সমর্থকদের বলব সমর্থন অব্যাহত রাখবে।’ রয়টার্স।