হল্যান্ড পারবে, বিশ্বাস হিডিঙ্কের

অভিজ্ঞতার ঝুলিটা ষোলোকলাই পূর্ণ গাস হিডিঙ্কের। হল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়ার মতো দলগুলোকে কোচিং করিয়েছেন। রিয়াল মাদ্রিদ, চেলসির মতো ক্লাবগুলোরও দায়িত্ব সামলেছেন। বিশ্বকাপের পর হল্যান্ড কোচ লুই ফন গালের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার আগেই হবু শিষ্যদের জন্য পাঠিয়েছেন অনুপ্রেরণা-বার্তা। অভিজ্ঞতার ঝুলি থেকেই বলছেন, ‘আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের অবশ্যই আত্মবিশ্বাসী হওয়া উচিত।’ কোয়ার্টার ফাইনালটি নিয়ে স্তুতিও গেয়েছেন, ‘টেকনিক্যাল দিক থেকে দলটির দারুণ প্রস্তুতি নিয়েছিল সেদিন। ওটা ছিল দলীয় সংহতির দারুণ উদাহরণ।’
আর্জেন্টিনার মেসি আছেন, যিনি একাই ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। কিন্তু হিডিঙ্ক তাতে উদ্বিগ্ন নন, ‘অবশ্যই আর্জেন্টিনার আছে মেসি, যে পাগলাটে কিছু করে দেখাতে পারে। তবে আমাদেরও কিন্তু রোবেন আছে!’ গোলডটকম।