হল্যান্ড ‘নোংরা’ ফুটবল খেলেছে: ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দর ফুটবল’ কথাটি উচ্চারিত হলে বিশ্বফুটবলে যে অল্পসংখ্যক ফুটবল তারকার কথা স্মরণ করা হয়, তাঁদের মধ্যে ইয়োহান ক্রুইফ অন্যতম। চুয়াত্তরে তিনি আর তাঁর গুরু রাইনাস মিশেল মিলেই ফুটবলের এক নতুন ‘বিপ্লবে’র জন্ম দিয়েছিলেন, যা ‘টোটাল ফুটবল’ নামে পরিচিত। ক্রুইফ-নিকেলসেনদের সেই ‘টোটাল ফুটবল’ হল্যান্ডকে বিশ্বজয়ী করতে না পারলেও বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের মনে হল্যান্ড দলের জন্য একটি চিরস্থায়ী জায়গা তৈরি করে দিয়েছিল। আজ সেই টোটাল ফুটবলের ধারণা থেকে অনেকটাই দূরে সরে এসেছে তাঁর দেশ। স্বভাবতই ব্যাপারটি একদমই ভালো লাগছে না ফুটবলের এই জীবন্ত কিংবদন্তির।বিশ্বকাপ শুরুর পর থেকেই দলগুলোর ‘ফলনির্ভর’ খেলা পছন্দ করতে পারেননি ক্রুইফ। তিনি বারবারই বলেছেন, যে খেলা দেখে দর্শকেরা আনন্দ পায় না, তা খেলে দর্শকদের বিরক্তির জন্ম দিচ্ছে দলগুলো। তিনি নিজ দেশ হল্যান্ডের খেলাতেও ছিলেন যারপরনাই বিরক্ত। ফাইনালে স্পেনের বিপক্ষে হল্যান্ড রাফ অ্যান্ড টাফ ফুটবল উপহার দেওয়ার পর তিনি স্পষ্ট ভাষাতেই বলেছেন, হল্যান্ড যে খেলাটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, তাকে ‘নোংরা’ ফুটবল ছাড়া আর কিছুই বলা যাবে না। ফাইনালে স্পেনের কাছে হেরে তৃতীয়বারের মতো হল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হওয়ার ব্যাপারটিতে তাঁর মনে কোনো দুঃখবোধ নেই বলে জানিয়েছেন তিনি। ক্রুইফ মনে করেন, ‘হল্যান্ড যদি বিশ্বকাপ জিতে যেত, তাতে ফুটবলেরই ক্ষতি হতো। সুন্দর ফুটবল পৃথিবী থেকে উঠে যেত।’বিশ্বকাপের ফাইনাল খেলাটি দেখে ক্রুইফ মনে অসম্ভব দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন। ম্যারাডোনা, পেলের পর যাকে ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচনা করা হয়, সেই ক্রুইফ বলেছেন, ‘ফাইনালে হল্যান্ডের খেলা আমাকে যথেষ্ট আঘাত দিয়েছে। আমি ভাবতেও পারিনি যে আমার উত্তরসূরিরা বিশ্বকাপ জয়ের জন্য এত নোংরা কৌশল অবলম্বন করবে। এটাকে ফুটবল না বলে মারামারি বলাটাই শ্রেয়। খেলায় কয়েকটি ট্যাকল ছিল ভয়ঙ্কর। আমার মতে, কোনো ফুটবলারের পক্ষে এমন ট্যাকল সম্ভব নয়। খেলার শুরুর দিকেই হল্যান্ডের অন্তত দুজন খেলোয়াড়ের লালকার্ড পাওয়া উচিত ছিল।’ফাইনালে হল্যান্ড ফুটবল খেলারই কোনো চেষ্টা করেনি বলে অভিযোগ করেন সর্বকালের অন্যতম সেরা এই ডাচ তারকা। তিনি বলেন, ‘হল্যান্ড যা করেছে, সেটা হলো স্পেনের খেলা নষ্ট করার চেষ্টা। এভাবে জেতা যায় না।’