হল্যান্ডই গ্রুপ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলা জার্সি গায়ে প্রথম গোল। সেটাও বিশ্বকাপে বদলি হিসেবে প্রথম মাঠে নামার ৯০ সেকেন্ডের মধ্যেই। আর তাতেই হল্যান্ডের প্রথম এগিয়ে যাওয়া। ​ডাচ মিডফিল্ডার লেরয় ফেরের (মাঝে) তাই এমন বাঁধভাঙা উচ্ছ্বাস l ছবি: রয়টার্স
কমলা জার্সি গায়ে প্রথম গোল। সেটাও বিশ্বকাপে বদলি হিসেবে প্রথম মাঠে নামার ৯০ সেকেন্ডের মধ্যেই। আর তাতেই হল্যান্ডের প্রথম এগিয়ে যাওয়া। ​ডাচ মিডফিল্ডার লেরয় ফেরের (মাঝে) তাই এমন বাঁধভাঙা উচ্ছ্বাস l ছবি: রয়টার্স

গোল ব্যবধানে এগিয়ে। সুতরাং বেশি কিছু দরকার ছিল না হল্যান্ডের। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, তাতেই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে এড়ানোর অনেকটা নিশ্চয়তা। কিন্তু যে দল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে, তাদের কি শেষ ম্যাচে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া মানায়, হোক না প্রতিপক্ষ চমক জাগানো চিলি!
স্পেনের বিপক্ষে দুর্দান্ত সেই জয়টা যে যোগ্য দল হিসেবে পেয়েছিল, সেটাই যেন আরও একবার প্রমাণ করল ডাচরা। দারুণ ফর্মে থাকা চিলিকে ২-০ গোলে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন লুই ফন গালের দল। ‘এ’ গ্রুপে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ায় দ্বিতীয় রাউন্ডে তাদের সঙ্গে দেখা হচ্ছে ‘বি’ গ্রুপের রানার্সআপ চিলির।
গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দলই খেলেছিল দুর্দান্ত। হল্যান্ড-চিলির মুখোমুখি লড়াইটা তাই দারুণ উপভোগ্য হবে বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু সাও পাওলোতে কাল ঘণ্টা খানেক পেরিয়ে যাওয়ার পরেও যখন গোলের দেখা নেই, মনে হচ্ছিল নিষ্প্রাণ ড্র-ই ম্যাচের নিয়তি। সেই মনে হওয়াটা হঠাৎ​ করেই ভুল প্রমাণ করলেন লেরয় ফের। ৭৫ মিনিটে ওয়েসলি স্নাইডারের বদলি হিসেবে নেমেছিলেন। দুই মিনিট পরেই কর্নার থেকে পাওয়া ডেরিল ইয়ানমাটের ক্রসে তাঁর দুর্দান্ত এক হেড। এগিয়ে গেল ডাচরা।সুযোগটা অবশ্য প্রথমার্ধেই পেয়েছিল হল্যান্ড। ৩৯ মিনিটে নিজেদের সীমানায় বল পেয়ে দুর্দান্ত গতি আর ড্রিবলিংয়ে আরিয়েন রোবেন ঢুকে পড়েন চিলির ডি-বক্সে। কিন্তু তাঁর বাঁ পায়ের শটটা একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৭৬ মিনিটে বদলি নামা মেম্ফিস ডিপাইয়ের দারুণ একটা শট কর্নারের বিনিময়ে ঠেকান চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো। পরে সেই কর্নার থেকে পাওয়া ক্রসেই গোল করেন লেরয় ফের।

নিজে গোল না পাওয়ার এই আক্ষেপটা অবশ্য পরে আর থাকেনি ডিপাইয়ের। ম্যাচের যোগ হওয়া সময়ে আরিয়েন রোবেনের পাস থেকে ডান পায়ের দুর্দান্ত শটে চিলির জালে বল পাঠান ডিপাই। এ নিয়ে পরপর দুই ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করলেন পিএসভি আইন্দহোফেনের লেফট উইঙ্গার।