রবিনহোর গোলটা এখনো চোখে লেগে আছে আমার। হল্যান্ড ডিফেন্সের হূদয় চিঁড়ে মেলোর সেই বাড়িয়ে দেওয়া পাস, দুর্দান্ত শটে রবিনহোর জালে পাঠানো। অন্য কোনো দল হলে ওই গোলের পরই ধরাশায়ী হয়ে যেত। এত নিখুঁতভাবে গোলটি হয়েছে, হল্যান্ডও এই ভেবে চমকাতে বাধ্য: এমন একটা গোল ব্রাজিল যেহেতু একবার করতে পেরেছে, নিশ্চয়ই তারা আবারও করবে! ডাচদের আত্মবিশ্বাসও নেতিয়ে পড়তে পারত। কিন্তু তেমনটা মোটেও হয়নি।উল্টো হল্যান্ড যেন আরও শক্তি পেল। খুঁজে নিল তাদের আত্মবিশ্বাস। নতুন করে সাজিয়ে নিল রণকৌশল। প্রতিটা ম্যাচেই মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত আসে। যে মুহূর্ত হুট করে ম্যাচের গতিপথই পাল্টে দেয়। হল্যান্ডের জন্য সেই মুহূর্তটা এল দ্বিতীয়ার্ধের দশ মিনিটে। একটা গোল হজম করে ফিরল সমতায়। যে গোলের জন্য দায়ী আসলে ব্রাজিলের জট পাকানো রক্ষণ। বল ক্লিয়ার করার জন্য লাফিয়ে উঠেছিল ওদের গোলরক্ষক হুলিও সিজার। উল্টো তাঁর সঙ্গে ঠোকাঠুকি হলো ফেলিপে মেলোর। মেলোর মাথা ছুঁয়ে বল ঢুকে গেল জালে। সঙ্গে সঙ্গেই ব্রাজিলীয় রক্ষণ ঘিরে যে আভা, সেটি উবে গেল। গোলরক্ষক সিজার, দুঙ্গা যাকে গর্বের সঙ্গে বিশ্বের সেরা বলে পরিচয় করিয়ে দেন, সেই সিজার যেন হুট করে লুটিয়ে গেল ধুলায়। পাল্লা দিয়ে বেড়ে চলল হল্যান্ডের আত্মবিশ্বাস। ম্যাচের লাগাম তারা পুরে ফেলল মুঠোয়। ১৫ মিনিট পর সেটারই ফায়দা তুলল স্নাইডার। ব্রাজিলের নড়বড়ে রক্ষণ আর স্থাণু সিজারের রক্ষণ ছিন্ন করে হেড দিয়ে বল ঢুকিয়ে দিল জালে। এক গোলে পিছিয়ে পড়া ব্রাজিলের হাতে ছিল ২০ মিনিট। কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যে আত্মবিশ্বাসের দরকার ছিল, সেটি যে ততক্ষণে হারিয়ে ফেলেছে তারা। রোবেন বল নিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে ব্রাজিলকে অত্যাচারই করেছে। এবং তার এই ‘অত্যাচারে’ তিতিবিরক্ত হয়ে ব্রাজিল একসময় ফাউল করতে শুরু করল। মেলোর লাল কার্ড সেটারই ফসল। ম্যাচের জয়-পরাজয় যেন তখনই নির্ধারিত হলো। ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই আর থাকল না।হল্যান্ড একটা সাজানো ছিমছাম রণকৌশল নিয়ে খেলেছে। ওদের কোনো কিছুই যখন ঠিকমতো হচ্ছিল না, তার পরও কিন্তু ওরা রণকৌশল মেনেই এগিয়েছে। তারা নিজেদের নিয়ন্ত্রণ করেছে, সুশৃঙ্খল থেকেছে, ধৈর্য হারায়নি। আর ব্রাজিল ছিল ঠিক উল্টো। ওদের জন্য পরিস্থিতি কঠিন হতেই ওরা ধৈর্য হারাল, ভেঙে পড়ল মানসিকভাবে। আর এখানেই নির্ধারণ হয়ে গেল ফলাফল।আগামীকাল সেই হল্যান্ডের মুখোমুখি উরুগুয়ে। যে ম্যাচে ডাচরা সুনির্দিষ্টভাবেই ফেবারিট। তাদের একমাত্র শত্রু আত্মতৃপ্তি আর অতিরিক্ত আত্মবিশ্বাস।উরুগুয়ে সেমিফাইনালে উঠেছে অনেক কাঠখড় পুড়িয়ে। অতিরিক্ত সময় লেগেছে, লেগেছে সুয়ারেজের ‘হ্যান্ড অব গড’, একটা পেনাল্টি মিস এবং পেনাল্টি শ্যুট-আউটে জয়। ঘানা ম্যাচটি জিততে পারেনি। এ ছাড়া আর কিছু করারও ছিল না তাদের। প্রথমার্ধে সুলে মুনতারির দূরপাল্লার সেই দুর্দান্ত, বহুদিন চোখে লেগে থাকার মতো গোলে ওরা এগিয়ে গেল। ডিয়েগো ফোরলান সমতা ফেরাল ফ্রি-কিক থেকে আরও একটি মুগ্ধতা ছড়ানো গোল করে। ঘানা অবশ্য শেষ পর্যন্ত প্রাণবাজি রেখে জয়সূচক গোলটির জন্য চেষ্টা করে গেছে। এর পরই অতিরিক্ত সময়ের সেই নাটক। গোললাইনে দাঁড়িয়ে থেকে সুয়ারেজের গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া। ঘানার পেনাল্টি পেয়ে যাওয়া। এবং জিয়ানের পেনাল্টি মিস।ঘানা দুঃখ করতেই পারে। সুয়ারেজ ওভাবে গোলটি দুহাতে না ঠেকালে সেমিফাইনালে দেখা যেত তাদেরই। সুয়ারেজও শাস্তি পাচ্ছে। সেমিফাইনালে ও খেলতে পারবে না। টুর্নামেন্টে তিন গোল করা একজন স্ট্রাইকারকে না পাওয়া উরুগুয়ের জন্য ক্ষতির কারণ অবশ্যই। এর চেয়ে বড় কথা, ফোরলানের সঙ্গে দারুণ সমঝোতা গড়ে উঠেছিল তার। ফোরলান আর সুয়ারেজ যেন একে অন্যের পরিপূরক। তাই সুয়ারেজ না থাকায় ফোরলান কতটা কী করতে পারে, তা-ই দেখার। নিয়মিত অধিনায়ক লুগানোকেও পাচ্ছে না ওরা। অবশ্য উরুগুয়ে এই ভেবে স্বস্তি পেতে পারে, সবচেয়ে বেশি জরুরি যেটা, সেই ভাগ্যই তো পাশে আছে ওদের!তা ছাড়া ফোরলান এমন এক খেলোয়াড় যেকোনো মুহূর্তে একাই ম্যাচের রং পাল্টে দিতে পারে যে। তবে হল্যান্ডের আছে তারকাভরা একটা দল। স্নাইডার, রোবেন, ফন পার্সি, ফন বোমেল। দুর্দান্ত একটা মাঝমাঠ, রক্ষণ। ওদের গোলরক্ষক স্টেকেলেনবার্গ কাকার শট ঠেকিয়ে বুঝিয়ে দিয়েছে, গোলপোস্টের নিচের জায়গাটিও সুরক্ষিত।ম্যাচটা হল্যান্ডই জিতবে। কিন্তু ওই যে ভাগ্য, সেটি যদি আবারও উরুগুয়ের পক্ষেই থাকে, তাহলে হয়তো কাঁদতে হবে হল্যান্ডকেই।