হল্যান্ডকে এবার অন্য রকম দেখাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড-মেক্সিকো একটা জমাট ম্যাচই অপেক্ষা করছে। মেক্সিকো দুর্দান্ত লড়াই দেবে। তবে শেষ পর্যন্ত হল্যান্ডই জয় নিয়ে বেরোবে বলে আমার বিশ্বাস।
হল্যান্ডকে এগিয়ে রাখার বড় কারণ দলীয় সামর্থ্য। গ্রুপের তিনটি ম্যাচেই সেই প্রমাণ মিলেছে। ম্যাচ জেতার মতো খেলোয়াড় হল্যান্ডের হাতে বেশি। বিশেষ করে রোবেন, ফন পার্সিদের যেকোনো একজনই শেষ করে দিতে পারেন প্রতিপক্ষকে। ডাচদের মাঝমাঠ এবং রক্ষণ সংগঠন এবার বেশ ভালো। এ দুটি জায়গা জমাট রাখার ওপর বাড়তি জোর দিচ্ছেন কোচ ফন গাল, যা আগে এতটা দেখা যায়নি।
সময়ের সঙ্গে খেলার ধরন পাল্টাবে, এটা স্বাভাবিকই। ১৯৭৪-এর বিশ্বকাপ ফাইনাল সরাসরি টিিভতে দেখে যে হল্যান্ড এত দিন চোখে ভেসেছে, সেই দলটি এখন আর একসঙ্গে ওঠানামা কমই করে। টোটাল ফুটবলের মূল থিমই, একসঙ্গে ওঠানামা। অন্য দলগুলোও সেটা অনুসরণ করে এসেছে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে দেখিছ, হল্যান্ড দলটা একসঙ্গে ওঠানামার চেয়ে দ্রুতলয়ের আক্রমণই বেছে নিচ্ছে বেশি। দুই উইং থেকে যেভাবে বল সামনে বাড়ানো হচ্ছে, সবই কার্যকর। বাতাসে এবং মাটিতে সমানভাবে বল দেওয়া-নেওয়ায় পারদর্শিতা দেখাচ্ছে ডাচরা। সবচেয়ে বেশি প্রশংসনীয়, যেখানে যা করণীয় ঠিক সেটাই করছেন রোবেন-পার্সিরা।
গতিও েবড়েছে হল্যান্ডের খেলায়। একই সঙ্গে চিন্তাশক্তির ঊর্ধ্বগতি লক্ষণীয়। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, পরিস্থিতি বুঝে হঠাৎ খেলার মোড় ঘোরানো, এই ব্যাপারগুলো আগের চেয়ে মাঠে বেশি প্রয়োগ করতে পারছেন ডাচ ফুটবলাররা। হল্যান্ড এখন লম্বা বলে যাচ্ছে এবং তার ফলও পেয়েছে গ্রুপপর্বে। প্রতিপক্ষের বক্সে সার্ভিসগুলো নিখুঁতই হচ্ছে, এর সঙ্গে দারুণ ফিনিশিং। যেটা ঠিকঠাক না হওয়ায় ব্যর্থ হলেন রোনালদো। অন্যদিকে রোবেন, ফন পার্সিরা দুর্দান্ত সব গোল করে চোখ কেড়ে দলকে এগিয়ে নিচ্ছেন।
এই হল্যান্ড প্রতিপক্ষকে সামনে টেনে আনছে। এটা আগে এতটা ছিল না। ফলে সামনে জায়গা বের হচ্ছে অনেক। বোবেন, ফন পার্সিরা তা কাজে লাগাচ্ছেন ভালোভাবে। তার পরও হল্যান্ডের জন্য আজ মেক্সিকো একটা বড় বাধা। হেসেখেলে জেতার চিন্তা নিশ্চয়ই ডাচরাও করছে না।
তবে খেলার গোড়াতেই গোটা দুয়েক গোল পেয়ে গেলে ভিন্ন কথা। আমি অবশ্য অতটা ভাবছি না। তীব্র প্রিতদ্বন্দ্বিতায় ভরা একটা ম্যাচই অনুমান করছি। এখন তো আসলে পয়েন্টের খেলা নয়। হারলেই বিদায় ধরে নিয়ে মরণকামড় দেবে সবাই। ফলে গ্রুপপর্বে ফাঁকফোকর সেভাবে উন্মুক্ত না হলেও নকআউটে তা বের হবেই। প্রতিপক্ষ সেটা কাজে লাগাবে বলাই যায়। একই সঙ্গে টেকনিক্যাল দিকটাও গুরুত্বপূর্ণ। বুদ্ধি, বিচক্ষণতাও ম্যাচের ফল িনর্ধারণে বড় নিয়ামক। এটাই আসলে ব্যবধান গড়ছে।
গ্রুপপর্বটা যে ছন্দ নিয়ে পেরিয়েছে হল্যান্ড তাতে দ্বিতীয় রাউন্ডেও তাদের জেতা উচিত। শুধু তা-ই নয়, আমি বলব এবার বিশ্বকাপ জেতার বড় দাবিদার ডাচরা। তিন-তিনবার ফাইনালে খেলেও বিশ্বকাপ ঘরে তোলা হয়নি ডাচদের। গতবার স্পেনের বিপক্ষে ফাইনালে হার। স্পেন যে খুব দুর্দান্ত খেলে জিতেছে তা নয়। আসলে বিশ্বকাপ বরাবরই বঞ্চিত করেছে হল্যান্ডকে। এবার কাপটা ডাচদের দিকে চোখ মেলে হাসতেই পারে। চ্যাম্পিয়নের মতোই খেলছে হল্যান্ড।
মেক্সিকো বেশ ভালো দল। ওরা চিলির মতোই গতিসম্পন্ন, লড়াকু। ব্রাজিলের মতো ফেবারিটের সঙ্গে সমানে টক্কর দিয়েছে। প্রতিপক্ষের ওপর আগ্রাসী মনোভাব দেখাতে পারে। গোলরক্ষক গিলের্মো ব্রাজিলের সঙ্গে দুর্দান্ত খেলার আত্মবিশ্বাসটা এ ম্যাচেও কাজে লাগাবেন। আমার ধারণা, ব্রাজিলের কন্ডিশন মেক্সিকোর পক্ষে। সেটা কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারে, মেক্সিকোর জন্য হবে বাড়তি শক্তি। বেকেনবাওয়ারের মতো লোকও বললেন, কন্ডিশনের ওপর দোষ চাপিয়ে লাভ নেই ইউরোপিয়ানদের। আমিও তাঁর কথার সঙ্গে একমত।
কোস্টারিকা-গ্রিস ম্যাচে কোস্টারিকাই আমার ফেবারিট। গ্রিসের আক্রমণ গড়ার ধরনটা একটু ধীরগতির। কোস্টারিকা গতির ওপর খেলে। বল পজেশন, মাঠে ইতিবাচক চিন্তা, সবকিছু মিিলয়ে কোস্টারিকারই জেতা উচিত আজকের দ্বিতীয় ম্যাচে। গ্রিসকে কোনো সুযোগ দেবে না কোস্টারিকা, এটাই আমার ধারণা।