হল্যান্ডকে হারাল বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হারের ক্ষতটা ঠিকমতো শুকানোরও সময় পাওয়া গেল না, তার আগেই মাঠে নামতে হলো বায়ার্ন মিউনিখকে। চেলসির বিপক্ষে হারের ৭২ ঘণ্টা যেতে না-যেতেই পরশু হল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে হলো সেই আলিয়াঞ্জ অ্যারেনাতেই। তবে এবার প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই ইউরো ২০১২-এর অন্যতম ফেবারিট হল্যান্ডের জাতীয় দলকে ৩-২ গোলে হারিয়ে দিল বায়ার্ন।২০১০ বিশ্বকাপে হল্যান্ডের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন আরিয়েন রোবেন। পরের মৌসুমে কয়েক মাস খেলতে পারেননি বায়ার্নের হয়ে। সেটিরই ক্ষতিপূরণ হিসেবে আয়োজন করা হয়েছিল এই ম্যাচের। রোবেন নিজেও খেলেছেন এই ম্যাচ, নিজ ক্লাবের বিপক্ষে দেশের হয়ে মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। ৩৩ হাজার দর্শকের সামনে ১৭ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন টনি ক্রুস। দুই মিনিটের মধ্যে আরও দুটি গোল, এবার অবশ্য ডাচদের পক্ষে গোল দুটি করেন ক্লাস-ইয়ান হান্টেলার ও লুসিয়ানো নরসিং। ২৮ মিনিটে বায়ার্নের নিলস পিটারসেন সমতা আনার পর ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও গোমেজ। এদিনই বায়ার্নের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন গোলরক্ষক জর্জ বাট, ডিফেন্ডোর ব্রেনো ও স্ট্রাইকার ইভিকা ওলিচ। রয়টার্স, ওয়েবসাইট।