ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হলো খুব হতাশাজনক। একটা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম আমরা। সেখানে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারিনি। দক্ষিণ আফ্রিকা তাদের কৌশল দিয়ে আমাদের চমকে দিয়েছে। ঐতিহ্যগতভাবে ওরা ওদের পেসারদের ওপরই নির্ভর করে। কিন্তু ওরা আমাদের বিপক্ষে নামল তিনজন স্পিনার নিয়ে। ভাবছিলাম, ওরা হয়তো স্পিন দিয়ে বোলিং শুরু করতে পারে। হলোও তাই। ওরা সুযোগটা নিল এবং কাজেও লাগল। আমাদের জন্য এটি ছিল একটা বাজে দিন। আমরা অবশ্যই এর চেয়ে ভালো করতে পারতাম। এখন অবশ্য দ্রুত ঘুরে দাঁড়াতে চাই। হল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এই পরাজয়ের হতাশা ভোলার জন্য বড় সুযোগ। আমি নিজের প্রথম ওভারে আউট হয়ে যাওয়া নিয়ে খুব বেশি হতাশ নই। এমন ঘটনা ঘটতেই পারে। তবে এটা নিশ্চিত করতে হবে, এর পুনরাবৃত্তি যেন না হয়। এই ম্যাচেরও অনেক ইতিবাচক দিক আছে এবং টুর্নামেন্টের পরের অংশে সেগুলো কাজে লাগাতে হবে। ড্যারেন ব্রাভোর ইনিংসটা এবং ডেমন স্মিথের সঙ্গে ওর জুটিটা অবশ্যই প্রশংসনীয়। বিশেষ করে প্রথম বিশ্বকাপ খেলতে আসা একজনের জন্য তো এটা দারুণ ব্যাপার। দুঃসংবাদ হচ্ছে, হাঁটুর চোটের কারণে আমরা আরেক ব্রাভো—ডোয়াইনকে হারিয়েছি। এটা একটা ভূতুড়ে চোট এবং ওকে খুব মিস করব। ওর জায়গায় যে-ই আসুক, এটা তার জন্য দারুণ এক সুযোগ।জানি অধিনায়ক ড্যারেন স্যামি ও কাইরন পোলার্ডের ভূমিকা নিয়ে কথা চলছে। বিশেষ করে ওরা দুজনেই অনেক নিচের দিকে ব্যাটিং করেছে। এটা সত্য, এই দুজন প্রথম সারির বোলার নয়। তবে ওদের সামর্থ্য সম্পর্কে আমাদের ভাবনা ইতিবাচক। আমি নিশ্চিত, ওরা যেকোনো সময় প্রতিপক্ষের বড় ক্ষতির কারণ হতে পারে। ওই জায়গায় ওদের কিছু ভালো ওভার আমাদের জন্য ভালো হতেই পারে। দুজনের প্রতিই দলের আস্থা আছে এবং আমাদের আত্মবিশ্বাস আছে ওদের কাজ ওরা করবে।এই ম্যাচে হল্যান্ডকে আমরা হালকাভাবে নিয়ে ভুল করছি না। এই ম্যাচটা আমাদের জন্য দক্ষিণ আফ্রিকার চেয়েও বড় চ্যালেঞ্জ। আমরা জানি, কী পাব এবং ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামছি। এই ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন। কারণ এই দলের বিপক্ষে হার আমাদের শক্তিশালী কোনো দলের বিপক্ষে হেরে যাওয়ার চেয়ে বেশি কষ্ট দেবে।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তারা প্রায় বেরই করে নিয়ে যাচ্ছিল, সুতরাং হল্যান্ডকে বাড়তি সমীহ করতেই হচ্ছে। ওই ম্যাচটা পুরো দেখতে পারিনি। তবে ডেসকাট দুর্দান্ত খেলেছে। আমরা ওর ব্যাপারে নজর রাখব, আসলে নজরে রাখব ওদের দলের সবার ওপরই। ম্যাচটি আমাদের অবশ্যই জিততে হবে এবং আশা করছি এটা আমাদের জন্য ভালো যাবে। পরিকল্পনা হচ্ছে সঠিক সমন্বয় খুঁজে বের করা এবং গতি পাওয়া। আমার বিশ্বাস, এটাই আমাদের ট্র্যাকে ফেরাবে।