হল্যান্ডেই শেষ কোস্টারিকান রূপকথা?

আয়াক্স ও হল্যান্ড দলে টোটাল ফুটবলের প্রাণ প্রতিষ্ঠাকারী রাইনাস মিশেলস তখন ছিলেন জার্মান ক্লাব এফসি কোলনের কোচ। কোলনের ক্লাবটিতেও এই ফুটবল-দর্শনের কিছুটা ছাপ রাখেন। অনেকেই মুগ্ধ ছিলেন কোলনের ওই ফুটবলে। মুগ্ধ দর্শকদের মধ্যে কোলন বিশ্ববিদ্যালয়ের এক তরুণ কলম্বিয়ান ছাত্রও ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হলেই সেই তরুণ ছুটে যান এফসি কোলনের অনুশীলন দেখতে। তাঁর চোখেও যে একজন ফুটবল কোচ হওয়ার স্বপ্ন। অনুশীলন দেখতে দেখতেই পরিচয়ও হয়ে গেল মিশেলসের সঙ্গে। সহজ হয়ে গেল শেখার কাজটা। কলম্বিয়ান সেই তরুণের জন্য নিজের জ্ঞানভান্ডার খুলে দিলেন মিশেলস। এটা গত শতাব্দীর আশির দশকের শুরুর দিকের কথা।
বছর তিরিশেক পর সেদিনের সেই কলম্বিয়ান তরুণ একটা বিশ্বকাপে সাড়া জাগানো দল কোস্টারিকার কোচ। হোর্হে লুইস পিন্টো! সালভাদরের আরেনা ফন্তে নোভায় আজ যাঁর দলের প্রতিপক্ষ রাইনাস মিশেলসের দেশ হল্যান্ড! গুরুর শিক্ষাটা এত দিন পর গুরুরই দেশের বিপক্ষে কাজে লাগানোর সুযোগ পেলেন পিন্টো।
না, এই হল্যান্ড টোটাল ফুটবলের ধারেকাছেও নেই। টোটাল ফুটবল খেলে তারা সারা বিশ্বকে মুগ্ধ করেছে ঠিকই, সাফল্যের ভান্ডারে বেশি কিছু যোগ করতে পারেনি। বড় শিরোপা বলতে ১৯৮৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, সেটাও ওই মিশেলসের হাত ধরেই। তার আগে-পরে মিলিয়ে তিনবার বিশ্বকাপের ফাইনালে মরীচিকা হয়ে মিলিয়ে গেছে স্বপ্ন। হল্যান্ড নিজেদের ফুটবল-দর্শন তাই বদলে ফেলেছে অনেক আগেই। এখন মন ভরানো নয়, সাফল্যের ঝুলি ভরানোই তাদের লক্ষ্য। আর সে জন্য ফলনির্ভর কোনো কৌশলেই আপত্তি নেই ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারের, ‘আমরা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হই, যেটা হতে পারব বলে আমাদের বিশ্বাসও আছে, তাহলে কেউ মনে রাখবে না আমরা কুৎসিত ফুটবল খেলেছি কি না। সুন্দর ফুটবল খেলে সাফল্য পাওয়ার চেষ্টা আমরা করেছি। ২০০৮ ইউরোতে ইতালি আর ফ্রান্সের বিপক্ষে খুব সুন্দর খেলেছিলাম। কিন্তু রাশিয়ার বিপক্ষে পরের ম্যাচেও সেই চেষ্টা করতে গিয়ে হেরে বাড়ি ফিরতে হয়েছিল।’
বোঝাই যাচ্ছে, যে হল্যান্ডের খেলা দেখে একসময় মুগ্ধ হয়েছিলেন পিন্টো, আজ প্রতিপক্ষ হিসেবে সেই হল্যান্ডকে তিনি পাবেন না। এই হল্যান্ডকে বরং ভালোভাবে চেনেন তাঁর ছাত্র ব্রায়ান রুইজ। কোস্টারিকান মিডফিল্ডার ডাচ ক্লাব এফসি টোয়েন্টিতে খেলেছেন বেশ কিছুদিন। ২০১১ সালে ইংলিশ ক্লাব ফুলহামে যোগ দেওয়ার পর এ বছর আবার ধারে খেলতে এসেছেন পিএসভি আইন্দহোফেনে। শুধু ডাচদের এখনকার খেলার ধরনই নয়, মেম্ফিস ডিপাই আর জর্জিনিয়ো ভাইনালডমদেরও ক্লাব ফুটবলের সুবাদে ভালোভাবে চেনেন রুইজ। ডাচদের সঙ্গে লড়াইয়ে নামার আগে তাই কোচ পিন্টোও নাকি তাঁর পরামর্শ নিয়েছেন, ‘কোচ আমাকে ডাচ ফুটবল নিয়ে কিছু কথা জিজ্ঞেস করেছিলেন। আমি যতটুকু পারি তাঁকে সাহায্য করেছি।’
ছাত্র-শিক্ষকের এই মিলিত চেষ্টা আজ মাঠে কি সত্যি কাজে দেবে? গ্রুপপর্ব ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি কোস্টারিকা। এ বিশ্বকাপে তাঁদের পথচলাটা যেন রূপকথা! দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর উরুগুয়েকে হারিয়েছে তারা, ড্র করেছে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে। গ্রিসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে নাটকীয় জয়ের পর আত্মবিশ্বাসও তুঙ্গে। শুধু একটাই দুশ্চিন্তা পিন্টোর, গোলরক্ষক কেইলর নাভাস আর ডিফেন্ডার রয় মিলারের চোট। তবে আশা করা হচ্ছে দুজনেই আজ মাঠে নামতে পারবেন। একেবারে বাধ্য না হলে দুর্দান্ত ছন্দে থাকা এই দলে মনে হয় না বদল আনবেন কোস্টারিকার কোচ।
লুই ফল গাল অবশ্য বাধ্যই হচ্ছেন। মেক্সিকোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাঠে নামার মাত্র ৯ মিনিটের মধ্যে চোটের কারণে উঠে যেতে হয়েছে নাইজেল ডি ইয়ংকে। শুধু আজ নয়, এই বিশ্বকাপেই আর তাঁর খেলা হবে না সম্ভবত। তবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব পুষিয়ে দেওয়ার জন্য ফন গালের মস্তিষ্ক রয়েছে। মাঠের মধ্যেই খেলার কৌশল বদলে ফল বের করে আনছেন ডাচ কোচ। বিশ্বকাপ শুরুর আগে তাঁর দলটাকে নিয়ে মাতামাতি ছিল না খুব একটা। কিন্তু চার ম্যাচ পরে অনেক হিসাব উল্টে দিয়ে ফন গালের সেই হল্যান্ডই এখন শিরোপার অন্যতম দাবিদার।
কোস্টারিকান রূপকথার শেষটাও কি আজ সেই হল্যান্ডই লিখবে?