তিক্ততায় ভরা রাজনৈতিক ইতিহাস। ফুটবল মাঠেও আছে ধ্রুপদি সব লড়াইয়ের ইতিহাস। হল্যান্ড-জার্মানি এমনিতেই বিশ্ব ফুটবলের সবচেয়ে ঝাঁঝালো ম্যাচগুলোর মধ্যে থাকে। এবার সেই উত্তেজনায় বাড়তি রং ছড়াচ্ছে বর্তমান বাস্তবতা। এমনিতেই গ্রুপটা মৃত্যুকূপ। সমীকরণটা আরও জটিল করে দিয়েছে প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে হল্যান্ডের অপ্রত্যাশিত হার। ডাচদের জন্য আজকের ম্যাচ তাই বাঁচা-মরার লড়াই, হারলেই বিদায় প্রায় নিশ্চিত।জার্মানির ব্যাপারটা উল্টো। প্রথম ম্যাচে পর্তুগালকে হারানোয় আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে এক পা, হারলেও থাকবে সুযোগ। তবে শেষ ম্যাচের অনিশ্চয়তায় কেন নিজেদের ঠেলে দিতে চাইবে জার্মানরা! আর পরিস্থিতি যা-ই হোক, ডাচদের বিপক্ষে কোনো লড়াইয়েরই গুরুত্ব জার্মানদের কাছে কখনো কম নয়। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে জার্মানি (১৪-১০), এগিয়ে আছে বড় টুর্নামেন্টে লড়াইয়েও (৩-২)। তবে হল্যান্ডের প্রতিভাবান এই দলটির প্রতি শ্রদ্ধার শেষ নেই জোয়াকিম লোর। প্রথম ম্যাচে পর্তুগালকে হারানোর পরও জার্মান কোচের প্রতিক্রিয়াজুড়ে ছিল পরের ম্যাচ। প্রথম ম্যাচে হেরে হল্যান্ড জার্মানির বিপক্ষে আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়তে চাইবে ভেবেই লো বলেছিলেন, ‘হল্যান্ডের হার আমাদের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বইয়ে দিয়েছে।’বড় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটা এমনিতেই সাম্প্রতিক সময়ে জার্মানির বড় এক রহস্য হয়ে দাঁড়িয়েছে। ২০০৮ ইউরো থেকে শুরু। প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হার। গত বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার দ্বিতীয় ম্যাচে বিস্ময়করভাবে সার্বিয়ার কাছে পরাজয়। এবার দ্বিতীয় ম্যাচে বাধা তো আরও বড়।জার্মান ম্যানেজার ও ১৯৯৬ ইউরো জয়ের নায়ক অলিভার বিয়েরহফের বিশ্বাস, দ্বিতীয় ম্যাচ হারের ‘হ্যাটট্রিক’ হবে না জার্মানি, ‘আশা করি, এবার দ্বিতীয় ম্যাচে অন্য রকম কিছু হবে এবং আমরা জিতব।’ তবে শুধু বিশ্বাস নয়, নিজেদের জয় নিয়ে একরকম নিশ্চিত ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন, ‘জার্মানি বিশ্বকাপে তৃতীয় হওয়া দল। এখনো দলটা তরুণ, তরতাজা ও দারুণ ফিট। জার্মানরা এমনিতেই শারীরিক-মানসিকভাবে দারুণ শক্তিশালী। সঙ্গে এই দলটা সৃষ্টিশীলও। তবে আমরাও আত্মবিশ্বাসী। আমরা জিততে পারি, আমাদেরই জেতা উচিত ও আমরাই জিতব।’শক্তি-সামর্থ্যে দুই দলই কাছাকাছি। তবে ডাচদের ভোগাতে শুরু করেছে সেই চিরায়ত সমস্যাটাই। শোনা যাচ্ছে দলে অন্তর্কলহের গুঞ্জন। বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা ক্লাস-ইয়ান হান্টেলারকে প্রথম ম্যাচের প্রথম একাদশে না রাখা থেকেই না সমস্যার উদ্ভব। ওয়েসলি স্নাইডারের কথায় কিছুটা ইঙ্গিতও মিলছে এর, ‘দলের আবহটা ২০১০ বিশ্বকাপের মতো নয়। অনেক খেলোয়াড়েরই ইগো একটু বেশি। তবে সেটা হতেই পারে। ফন পার্সি ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার, হান্টেলার বুন্দেসলিগার। ডি ইয়াং ম্যান সিটির হয়ে ইপিএল জিতেছে। আর একসঙ্গে খেলা ও ম্যাচ জয়ের জন্য তো সবাই বন্ধু হওয়াটা খুব জরুরি কিছু নয়।’সব গুঞ্জন থামিয়ে দিতে পারে মাঠের সাফল্য। ডাচদের অনুপ্রেরণা জোগাতে পারে একটা ইতিহাস। সর্বশেষ যেবার ইউরোর প্রথম ম্যাচ হেরেছিল হল্যান্ড (১৯৮৮), সেবার কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল তারাই। এবারও কী হবে এমন কিছু? উত্তর মিলতে শুরু করবে আজকের ম্যাচ থেকেই। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।